Home আলোচিত সংবাদ ১১ বছরের সংগ্রাম, অগণিত ভালোবাসা-আমাদের খুলনাঞ্চল

১১ বছরের সংগ্রাম, অগণিত ভালোবাসা-আমাদের খুলনাঞ্চল

2

মিজানুর রহমান মিলটন।।

আজ ১৩ নভেম্বর। দৈনিক খুলনাঞ্চল’র জন্য এক বিশেষ দিন, আবেগ ও গৌরবের দিন। ২০১৫ সালের এই দিনে নানা স্বপ্ন, প্রত্যাশা, সাহস ও দৃঢ় প্রত্যয় ও মুক্ত প্রকাশ-মুক্ত বিকাশ স্লোগান নিয়ে যাত্রা শুরু করেছিল খুলনা থেকে প্রকাশিত দৈনিক খুলনাঞ্চল। দেখতে দেখতে পেরিয়ে গেছে ১১টি বছর। আজ ১২তম বছরে পদার্পণের মধ্য দিয়ে একযুগের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে পত্রিকাটি। সময়ের হিসাবে ১১ বছর হয়তো খুব দীর্ঘ নয়, কিন্তু একটি সংবাদপত্রের জন্য এই পথচলা মোটেও সহজ ছিল না। এর প্রতিটি দিন, প্রতিটি সংখ্যা, প্রতিটি সংবাদ আর প্রতিটি অর্জনের পেছনে রয়েছে শ্রম, ত্যাগ, সংগ্রাম এবং অগণিত মানুষের ভালোবাসা।

শুরুর দিনগুলোতে ছিল নানা সীমাবদ্ধতা। ছিল আর্থিক সংকট, প্রতিকূলতা, অনিশ্চয়তা এবং সংবাদপত্র পরিচালনার বহুমুখী চ্যালেঞ্জ। তবুও থেমে থাকেনি পথচলা। কারণ, আমাদের বিশ্বাস ছিল-একটি সংবাদপত্র শুধু সংবাদ প্রকাশের মাধ্যম নয়; এটি সমাজের দর্পণ, মানুষের কথা বলার জায়গা এবং অন্যায়-অনিয়মের বিরুদ্ধে প্রতিবাদের শক্তিশালী হাতিয়ার। সেই বিশ্বাস থেকেই দৈনিক খুলনাঞ্চল সত্য, বস্তুনিষ্ঠতা ও জনস্বার্থকে গুরুত্ব দিয়ে এগিয়ে যাওয়ার চেষ্টা করেছে।

এই দীর্ঘ সময়ে খুলনা ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মানুষের সুখ-দুঃখ, সমস্যা-সম্ভাবনা, উন্নয়ন-সংকট, রাজনীতি, অর্থনীতি, শিক্ষা, স্বাস্থ্য, সংস্কৃতি ও জনজীবনের নানা বিষয় তুলে ধরেছে খুলনাঞ্চল। নগরীর জলাবদ্ধতা, সড়ক ও যোগাযোগব্যবস্থার দুরবস্থা, শিল্পকারখানা বন্ধ হয়ে যাওয়া, কর্মসংস্থানের সংকট, নাগরিক দুর্ভোগ কিংবা সাধারণ মানুষের অধিকারবঞ্চনার মতো বিষয়গুলোকে গুরুত্ব দিয়ে প্রকাশের চেষ্টা করেছে। একই সঙ্গে খুলনার সম্ভাবনা, ঐতিহ্য, অর্জন ও উন্নয়নের স্বপ্নকেও তুলে ধরেছে পাঠকের সামনে।

আমরা জানি, সাংবাদিকতা কেবল ক্ষমতাবানদের বক্তব্য প্রকাশের নাম নয়; বরং যাদের কথা বলার কেউ নেই, তাদের কথাও তুলে ধরার দায়িত্ব সংবাদমাধ্যমের। একজন অসহায় মানুষের কান্না, একজন শ্রমজীবী মানুষের সংগ্রাম, একজন কৃষকের প্রত্যাশা কিংবা একজন সাধারণ নাগরিকের ন্যায্য দাবিও আমাদের কাছে সমান গুরুত্বপূর্ণ। কারণ, সংবাদপত্রের প্রকৃত শক্তি তার পাঠকের আস্থায়, মানুষের ভালোবাসায় এবং সত্য প্রকাশের সাহসে।

একটি সংবাদপত্রের পথচলায় ভুলত্রুটি থাকতে পারে। সীমাবদ্ধতাও থাকতে পারে। দৈনিক খুলনাঞ্চলও এর বাইরে নয়। তবে প্রতিটি অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে আরও দায়িত্বশীল, পরিশীলিত ও পাঠকবান্ধব সংবাদমাধ্যম হয়ে ওঠাই আমাদের প্রত্যাশা। সংবাদ প্রকাশে কারও প্রতি বিদ্বেষ নয়, কারও প্রতি অন্ধ আনুগত্য নয়; বরং তথ্যের সত্যতা, ন্যায়সংগত অবস্থান এবং জনস্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়াই হোক আমাদের মূলনীতি। সমালোচনা থাকবে, প্রশ্ন থাকবে, মতের ভিন্নতা থাকবে-কিন্তু সত্য ও বস্তুনিষ্ঠতার প্রশ্নে কোনো আপস নয়।

এই ১১ বছরের পথচলায় যাঁরা আমাদের পাশে ছিলেন, তাঁদের প্রতি জানাই গভীর কৃতজ্ঞতা। সম্মানিত পাঠক, শুভানুধ্যায়ী, সংবাদকর্মী, প্রতিনিধি, লেখক, বিজ্ঞাপনদাতা, ব্যবসায়ী, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ এবং সকল সহযোগীর আন্তরিক সমর্থন আমাদের এগিয়ে যাওয়ার সাহস জুগিয়েছে। বিশেষ করে প্রতিদিন পত্রিকার অপেক্ষায় থাকা পাঠকদের ভালোবাসাই আমাদের সবচেয়ে বড় প্রাপ্তি। তাঁদের আস্থা আমাদের দায়িত্ব বাড়িয়েছে, তাঁদের প্রত্যাশা আমাদের সামনে এগিয়ে যাওয়ার প্রেরণা হয়ে আছে।

সময়ের সঙ্গে সংবাদমাধ্যমের জগৎ বদলে যাচ্ছে। ছাপা পত্রিকার পাশাপাশি অনলাইন সংবাদমাধ্যম, সামাজিক যোগাযোগমাধ্যম ও ডিজিটাল প্রযুক্তি সংবাদ পরিবেশনের নতুন দিগন্ত খুলে দিয়েছে। এই পরিবর্তনের সঙ্গে তাল মিলিয়ে দৈনিক খুলনাঞ্চলও পাঠকের কাছে আরও দ্রুত, নির্ভুল ও গ্রহণযোগ্য সংবাদ পৌঁছে দিতে কাজ করতে চায়। তবে প্রযুক্তির পরিবর্তন হলেও সাংবাদিকতার মৌলিক আদর্শ-সত্যনিষ্ঠা, নিরপেক্ষতা, মানবিকতা ও দায়িত্বশীলতা-কখনো বদলাতে পারে না।

একযুগে পদার্পণের এই আনন্দঘন মুহূর্তে আমাদের অঙ্গীকার, দৈনিক খুলনাঞ্চল মানুষের কথা বলবে, মানুষের পাশে থাকবে এবং খুলনার উন্নয়ন ও অগ্রযাত্রায় দায়িত্বশীল ভূমিকা রাখবে। অন্যায়, দুর্নীতি, অনিয়ম ও বৈষম্যের বিরুদ্ধে কলম চলবে; পাশাপাশি সম্ভাবনা ও ইতিবাচক উদ্যোগের কথাও তুলে ধরা হবে। আমরা চাই, দৈনিক খুলনাঞ্চল হয়ে উঠুক নতুন প্রজন্মের চিন্তা, সৃজনশীলতা, মুক্তবুদ্ধি ও গণতান্ত্রিক মূল্যবোধের নির্ভরযোগ্য প্রকাশমাধ্যম।

একটি পত্রিকার সবচেয়ে বড় পরিচয় তার প্রচারসংখ্যা কিংবা প্রকাশনার বয়স নয়; মানুষের হৃদয়ে তার অবস্থান। সেই অবস্থান অর্জন করতে হলে প্রতিদিন নতুন করে আস্থা অর্জন করতে হয়। তাই ১১ বছরের অর্জনে আত্মতৃপ্ত না হয়ে আগামী দিনের দায়িত্বকে আরও বড় করে দেখতে চাই আমরা।

একযুগের এই পথচলায় আমাদের প্রত্যয়-সত্যের পক্ষে, মানুষের পাশে, খুলনার স্বার্থে। দৈনিক খুলনাঞ্চল এগিয়ে যাবে সাহস, সততা ও দায়িত্বশীলতার সঙ্গে। পাঠকের ভালোবাসা ও আস্থাকে সঙ্গী করে আমাদের এই যাত্রা অব্যাহত থাকুক আগামী বহু বছর। সকল পাঠক, শুভানুধ্যায়ী ও সহযোগীকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও কৃতজ্ঞতা। দৈনিক খুলনাঞ্চলের একযুগে পদার্পণের এই আনন্দ সবার।