Home বিনোদন নতুন শাড়ি নয়, মায়ের শাড়িতেই স্বচ্ছন্দ প্রভা !

নতুন শাড়ি নয়, মায়ের শাড়িতেই স্বচ্ছন্দ প্রভা !

0

বিনোদন ডেস্ক।।

শাড়ির সঙ্গে জড়িয়ে থাকে মেয়েদের আবেগ, স্মৃতি ও ভালোবাসা। আর সেটি যদি হয় মায়ের শাড়ি, তাহলে তার আবেদন যেন আরও একটু বেশি।

মায়ের আলমারিতে যত্নে রাখা শাড়ি পরার মধ্যে যেমন রয়েছে অন্য রকম ভালো লাগা, তেমনি নতুন শাড়ি কেনার খরচ বাঁচানোর সুযোগও।
অভিনেত্রী সাদিয়া জাহান প্রভার জামদানি-প্রীতির গল্পেও উঠে এসেছে এমনই এক মজার অভ্যাস।

জামদানি পরার ইচ্ছা হলেই নিজের জন্য নতুন শাড়ি কেনেন না প্রভা। বরং মায়ের শাড়ির সংগ্রহ থেকেই পছন্দমতো একটি বেছে নেন।

এতে একদিকে যেমন নতুন শাড়ি কেনার খরচ বেঁচে যায়, অন্যদিকে মায়ের শাড়ি পরার মধ্য দিয়ে পাওয়া যায় বিশেষ এক আনন্দ।
সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ সক্রিয় প্রভা।

নিয়মিতই নিজের ভাবনা, পছন্দ ও দৈনন্দিন জীবনের নানা মুহূর্ত অনুসারীদের সঙ্গে ভাগ করে নেন তিনি। সম্প্রতি জামদানি পরার অভ্যাস এবং মায়ের শাড়ির প্রতি ভালো লাগার বিষয়টিও তুলে ধরেছেন এই অভিনেত্রী।

এ প্রসঙ্গে প্রভা বলেন, ‘শাড়িটা সুন্দর, তাই না? আমারও বেশ পছন্দ। তবে দুর্ভাগ্যজনকভাবে এটি আমার নয়, আম্মুর। আমি জামদানি পরতে চাইলে সাধারণত নিজের জন্য শাড়ি কিনি না। আম্মুর শাড়ির সংগ্রহ থেকেই পছন্দমতো একটি বেছে নিই।’

শুধু আবেগ কিংবা ভালো লাগা নয়, এর পেছনে রয়েছে খরচ বাঁচানোর বিষয়টিও। নিজের উপার্জনের সঙ্গে মায়ের উপার্জনের তুলনা টেনে প্রভা বলেন, ‘এতে নিজের শাড়ি কেনার খরচটাও বেঁচে যায়। কারণ, আম্মুর মতো তো আর আয় করি না! তাই জামদানি পরার ইচ্ছা হলে আম্মুর সংগ্রহ থেকেই একটি শাড়ি নিয়ে পরি।’

মায়ের শাড়ি পরার এই অভ্যাসে তাই একসঙ্গে মিশে আছে ভালোবাসা, পছন্দ আর বাস্তবতাবোধ। নতুন শাড়ি না কিনেও মায়ের সংগ্রহ থেকে পছন্দের জামদানি পরে নিজের শখ পূরণ করছেন প্রভা।