আন্তর্জাতিক ডেস্ক।।
এনভিডিয়ার সাবেক প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) জেনসেন হুয়াংয়ের সঙ্গে কোম্পানির আরেক নারী কর্মীর ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। এ বিষয়ে জানাশোনা আছে, এমন দুটি সূত্রের বরাতে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
বৃহস্পতিবার (১৩ নভেম্বর) পদত্যাগের আগে হুয়াংয়ের বিবাহবহির্ভূত দুটি সম্পর্কের খবর প্রকাশিত হয়েছিল। তাদের একজন অ্যালিস হুয়াং, যাকে চীনের গুপ্তচর বলে সন্দেহ করছে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থাগুলো। অন্যজন এনভিডিয়ার স্বাস্থ্যসেবা বিভাগের ভাইস প্রেসিডেন্ট কিম্বারলি পাওয়েল।
রয়টার্স ওই দ্বিতীয় নারী কর্মীর নাম প্রকাশ করেনি। তার সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও সফল হয়নি সংবাদমাধ্যমটি। এ বিষয়ে মন্তব্য করতে রাজি হয়নি এনভিডিয়া। জেনসেন হুয়াং, কিম্বারলি পাওয়েল এবং এনভিডিয়ার পরিচালনা পর্ষদের একজন প্রতিনিধির কাছ থেকেও মন্তব্য পাওয়া যায়নি। অ্যালিস হুয়াংয়ের সঙ্গেও যোগাযোগ করা সম্ভব হয়নি।
গত ৮ নভেম্বর এক বিবৃতিতে বিবাহবহির্ভূত সম্পর্কের কথা স্বীকার করেছিলেন জেনসেন হুয়াং। তবে ওই বিবৃতিতে তিনি অ্যালিস হুয়াংয়ের নাম উল্লেখ করেননি।
৬৩ বছর বয়সী হুয়াংয়ের পদত্যাগের সিদ্ধান্ত কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) শিল্পে প্রভাব ফেলতে পারে। এ খাতের বিকাশে এনভিডিয়া গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। কোম্পানিটি নিজেদের আর্থিক সক্ষমতা কাজে লাগিয়ে চিপ কেনার সুবিধার্থে বিভিন্ন আর্থিক ব্যবস্থার মাধ্যমে এআই খাতের বিস্তারে সহায়তা করেছে। পাশাপাশি ক্লাউড কম্পিউটিং প্রতিষ্ঠান ও এআই গবেষণাগারগুলোতেও বিনিয়োগ করেছে।
অ্যালিস হুয়াংয়ের সঙ্গে সম্পর্কের খবর প্রকাশের পর জেনসেন হুয়াংয়ের পদত্যাগের চাপ বাড়তে থাকে। তার পদত্যাগের পর এনভিডিয়ার পরিচালনা পর্ষদ অর্থ বিভাগের প্রধান কোলেট ক্রেসকে অন্তর্বর্তীকালীন সিইও নিয়োগ দিয়েছে। নতুন প্রধান নির্বাহী খুঁজতে অভ্যন্তরীণ ও বাইরের প্রার্থীদের বিবেচনা করছে পর্ষদ।
এর আগে চলতি মাসের শুরুতে জেনসেন হুয়াং বিদেশি কোনো গোয়েন্দা তৎপরতার লক্ষ্যবস্তু হয়েছিলেন কি না, তা খতিয়ে দেখতে স্বাধীন পরিচালকদের নেতৃত্বে এবং বাইরের আইনজীবীদের সহায়তায় তদন্ত শুরু করে এনভিডিয়ার পর্ষদ। তখন পর্ষদ তার প্রতি আস্থাও প্রকাশ করেছিল।
বৃহস্পতিবার সক্রিয় লেনদেনে এনভিডিয়ার শেয়ারের দাম ৫ দশমিক ৫ শতাংশ কমেছে। অক্টোবরের শুরুর দিকের সর্বোচ্চ দামের তুলনায় কোম্পানিটির শেয়ারের মূল্য ৩০ শতাংশের বেশি কমেছে।
সূএতথ্য : রয়টার্স











































