Home স্বাস্থ্য নিয়মিত ডিম খেলে লিভার, হৃদযন্ত্র ও অন্ত্রে কী প্রভাব পড়ে?

নিয়মিত ডিম খেলে লিভার, হৃদযন্ত্র ও অন্ত্রে কী প্রভাব পড়ে?

2

মিলি রহমান।।

ডিম উচ্চমানের প্রোটিনের সহজলভ্য ও সাশ্রয়ী উৎস। এতে রয়েছে শরীরের জন্য প্রয়োজনীয় বিভিন্ন ভিটামিন ও খনিজ উপাদান। এসব পুষ্টি উপাদান শরীর সুস্থ রাখতে এবং গুরুত্বপূর্ণ শারীরবৃত্তীয় কার্যক্রমে সহায়তা করে।

তবে ডিম কি শরীরের সব অঙ্গের জন্যই উপকারী? নিয়মিত ডিম খাওয়ার কোনো স্বাস্থ্যঝুঁকি আছে কি? সম্প্রতি এসব প্রশ্নের উত্তর দিয়েছেন গ্যাস্ট্রোএন্টেরোলজিস্ট সৌরভ শেঠি। ডিমের পুষ্টিগুণ ও শরীরের বিভিন্ন অঙ্গের ওপর এর প্রভাব তুলে ধরার পাশাপাশি কিছু বিষয়ে সতর্ক থাকার পরামর্শও দিয়েছেন তিনি।

ইনস্টাগ্রামে দেওয়া এক পোস্টে চিকিৎসক সৌরভ শেঠি জানান, ডিম মস্তিষ্ক, চোখ, হাড় ও হৃদযন্ত্রের জন্য উপকারী। এতে থাকা উচ্চমাত্রার প্রোটিন পেশি গঠনে সহায়তা করে এবং দীর্ঘ সময় পেট ভরা রাখে। ফলে ওজন কমানোর ক্ষেত্রেও ডিম খাওয়া উপকারী হতে পারে।

ডায়াবেটিসে আক্রান্ত ব্যক্তিরাও খাদ্যতালিকায় ডিম রাখতে পারেন। তবে হৃদযন্ত্রের সুস্থতার কথা বিবেচনায় রেখে পরিমিত পরিমাণে ডিম খাওয়ার পরামর্শ দিয়েছেন তিনি।

সৌরভ শেঠি আরও জানান, ডিম সরাসরি অন্ত্রের উপকারী ব্যাকটেরিয়া বাড়ায়—এমন সুস্পষ্ট প্রমাণ নেই। ডিমে ফাইবার বা আঁশ থাকে না। তবে সাধারণত এটি কোষ্ঠকাঠিন্য কিংবা পেট ফাঁপার কারণ হয় না।

ডিমের রং নিয়েও প্রচলিত ধারণা সম্পর্কে সতর্ক করেছেন এই চিকিৎসক। তার মতে, বাদামি ডিম সাদা ডিমের চেয়ে বেশি স্বাস্থ্যকর নয়। কারণ, দুই ধরনের ডিমেই প্রায় একই রকম পুষ্টি উপাদান থাকে।

কাঁচা ডিম খাওয়ার বিষয়ে সতর্ক করে তিনি বলেন, এতে ক্ষতিকর সালমোনেলা ব্যাকটেরিয়া থাকতে পারে। তবে পাস্তুরিত কাঁচা ডিম তুলনামূলক নিরাপদ বিকল্প। চিকিৎসক সৌরভ শেঠির মতে, অধিকাংশ সুস্থ প্রাপ্তবয়স্ক মানুষ প্রতিদিন একটি বা দুটি ডিম খেতে পারেন।

এর আগে নিয়মিত ১৪ দিন ডিম খেলে শরীরে কী ধরনের উপকার হতে পারে, তা নিয়েও কথা বলেছিলেন সৌরভ শেঠি। তিনি জানান, ডিমে রয়েছে কোলিন নামের একটি পুষ্টি উপাদান, যা মস্তিষ্কের স্বাভাবিক কার্যক্রমে সহায়তা করে। এটি স্মৃতিশক্তি, মনোযোগ ও চিন্তাভাবনার স্বচ্ছতা বাড়াতে ভূমিকা রাখতে পারে।

এ ছাড়া ডিম ভালো কোলেস্টেরল হিসেবে পরিচিত এইচডিএলের মাত্রা বাড়াতে সহায়তা করে। পরিমিত পরিমাণে ডিম খেলে তা হৃদযন্ত্রের সুস্থতার জন্য উপকারী হতে পারে।

ডিমের কুসুমে লুটেইন ও জিয়াজ্যানথিন নামের দুটি অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে। এগুলো ক্ষতিকর আলো থেকে চোখকে সুরক্ষা দেয় এবং বয়স বাড়ার সঙ্গে সঙ্গে চোখের স্বাস্থ্য ভালো রাখতে সহায়তা করে।

এ ছাড়া ডিমে থাকা বিভিন্ন পুষ্টি উপাদান শরীরকে কেরাটিন তৈরি করতে সহায়তা করে। কেরাটিন এমন এক ধরনের প্রোটিন, যা চুল, ত্বক ও নখ সুস্থ রাখতে প্রয়োজনীয়।