বিনোদন ডেস্ক।।
বলিউড অভিনেত্রী কারিনা কাপুর খানের দীপাবলির সাজে পবিত্র কোরআনের আয়াত খোদাই করা পান্নার লকেট ঘিরে বিতর্কের রেশ কাটতে না কাটতেই আলোচনায় উঠে এসেছেন দীপিকা পাড়ুকোন। ২০২২ সালের কান চলচ্চিত্র উৎসবে তার পরা একটি নেকলেসের ছবি নতুন করে ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে।
গয়নাটির একটি পাথরে আরবি ভাষায় খোদাই করা ছিল ‘ফি আমানিল্লাহ’ শব্দবন্ধ। যার অর্থ ‘আল্লাহর নিরাপত্তায়’। কারিনাকে ঘিরে সাম্প্রতিক বিতর্কের পর দীপিকার পুরোনো এই গয়নাও নতুন করে কৌতূহল তৈরি করেছে। ২০২২ সালে কান চলচ্চিত্র উৎসবে বিচারকের দায়িত্ব পালন করেছিলেন দীপিকা।
সে সময় ভারতীয় খ্যাতনামা ফ্যাশন ডিজাইনার সব্যসাচী মুখার্জির নকশা করা একটি বিশেষ নেকলেসে দেখা গিয়েছিল তাকে। ‘ট্রপিক অব ক্যালকাটা’ সংগ্রহের অংশ ছিল গয়নাটি। ‘লখনউ রোজ’ নামের নেকলেসটিতে ভারতীয় ঐতিহ্য ও আধুনিক নকশার মেলবন্ধন ঘটিয়েছিলেন ডিজাইনার।
রত্নপাথর ও অপরিশোধিত হীরা দিয়ে তৈরি নেকলেসটিতে ছিল মহারানি নেকলেসের আদল।
পশ্চিমা পোশাকের সঙ্গে গয়নাটি পরেছিলেন অভিনেত্রী। তবে এত দিন পর আলোচনায় এসেছে নেকলেসটির একটি বিশেষ দিক। এর একটি পাথরে আরবি ভাষায় খোদাই করা ‘ফি আমানিল্লাহ’ শব্দবন্ধ। সামাজিক যোগাযোগ মাধ্যমে পুরনো ছবিগুলো ছড়িয়ে পড়তেই বিষয়টি নিয়ে শুরু হয়েছে নানা আলোচনা।
এর আগে ২০২৬ সালের দীপাবলিতে কারিনা কাপুর খানের গলার একটি পান্নার লকেট ঘিরে বিতর্কের সূত্রপাত হয়।
উৎসবের সাজে অভিনেত্রীর গলায় দেখা গিয়েছিল ৩০ ক্যারেটের পান্নার একটি লকেট। দাবি করা হয়, এতে খোদাই করা ছিল পবিত্র কোরআনের আয়াতুল কুরসি।
ডিজাইনার পুনিত বালানার তৈরি রুপালি গোটাপট্টির পোশাক, বেইজ রঙের পাগড়ি এবং প্রাচীন নকশার পান্নার লকেটে সেদিন নজর কেড়েছিলেন কারিনা। তার সাজের প্রশংসা হলেও লকেটের নকশা ও ধর্মীয় অনুষঙ্গ নিয়ে শুরু হয় বিতর্ক। এ বিষয়ে কারিনার স্টাইলিস্ট রিয়া কাপুর জানিয়েছিলেন, গয়নাটি ভোপালের রাজপরিবারের।
বিতর্ক নতুন মাত্রা পায় গত ১১ নভেম্বর। কারিনা ও তার স্টাইলিস্ট রিয়া কাপুরকে আইনি নোটিশ পাঠান মধ্যপ্রদেশ কংগ্রেসের মুখপাত্র আব্বাস হাফিজ। তার আইনজীবীর মাধ্যমে পাঠানো নোটিশের বিষয়টি বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত হয়। তবে আব্বাস হাফিজ জানিয়েছেন, কংগ্রেসের প্রতিনিধি হিসেবে নয়, মুসলিম সম্প্রদায়ের একজন সদস্য হিসেবে ব্যক্তিগত অবস্থান থেকেই তিনি এই পদক্ষেপ নিয়েছেন।











































