Home খেলাধুলা বিয়ার্ডম্যানের বিধ্বংসী বোলিংয়ে ইংল্যান্ডকে উড়িয়ে অস্ট্রেলিয়ার জয়

বিয়ার্ডম্যানের বিধ্বংসী বোলিংয়ে ইংল্যান্ডকে উড়িয়ে অস্ট্রেলিয়ার জয়

0

স্পোর্টস ডেস্ক।।

অভিষেক ম্যাচেই বল হাতে ঝড় তুললেন মাহলি বিয়ার্ডম্যান। ২১ বছর বয়সী এই পেসারের ছয় উইকেটের তোপে মাত্র ১৩১ রানেই গুটিয়ে গেল ইংল্যান্ড। সহজ লক্ষ্য তাড়া করে ৭ উইকেটের জয় তুলে নিয়েছে অস্ট্রেলিয়া। তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল স্বাগতিকেরা।

পার্থে টস জিতে আগে বোলিংয়ের সিদ্ধান্ত নেন অস্ট্রেলিয়ার অধিনায়ক মিচেল মার্শ। তার সিদ্ধান্তকে যথার্থ প্রমাণ করেন অভিষিক্ত বিয়ার্ডম্যান। ৭.৪ ওভারে মাত্র ২৪ রান দিয়ে ছয় উইকেট নেন তিনি। স্পেন্সার জনসন পান তিন উইকেট, জাভিয়ের বার্টলেটের শিকার একটি।

ইংল্যান্ডের হয়ে সর্বোচ্চ ২৯ রান করেন গাস অ্যাটকিনসন। উইল জ্যাকস করেন ২৫ এবং টম ব্যান্টনের ব্যাট থেকে আসে ২৫ রান। বাকি ব্যাটাররা কেউই বড় ইনিংস খেলতে পারেননি। ৩৩.৪ ওভারে ১৩১ রানেই শেষ হয় ইংলিশদের ইনিংস।

জবাবে শুরুতেই ট্রাভিস হেডকে হারালেও অধিনায়ক মার্শ ও কুপার কনোলি দ্রুত ম্যাচের নিয়ন্ত্রণ নেন। দ্বিতীয় উইকেটে ৪৪ বলে ৬১ রান যোগ করেন তাঁরা। ৩০ বলে চারটি করে চার ও ছক্কায় ৫০ রান করে ফেরেন মার্শ। কনোলি করেন ২৭ রান।

এরপর জশ ইংলিশ ও ম্যাট রেনশর অবিচ্ছিন্ন ৪৩ রানের জুটিতে ২৩.৩ ওভারেই জয়ের বন্দরে পৌঁছে যায় অস্ট্রেলিয়া। ইংলিশ ২৩ এবং রেনশ ২৬ রানে অপরাজিত থাকেন।