Home খেলাধুলা এবার পর্তুগালেই স্থায়ী ঠিকানা গড়ছেন রোনালদো

এবার পর্তুগালেই স্থায়ী ঠিকানা গড়ছেন রোনালদো

0

স্পোর্টস ডেস্ক।।

ফুটবল মাঠে একের পর এক ইতিহাস গড়েছেন ক্রিস্টিয়ানো রোনালদো। তবে এবার মাঠের বাইরের একটি সিদ্ধান্ত ঘিরে শুরু হয়েছে নতুন আলোচনা।

সৌদি আরব ছেড়ে পরিবার নিয়ে নিজ দেশ পর্তুগালে স্থায়ী হওয়ার প্রস্তুতি নিচ্ছেন রোনালদো। তাহলে কি ফুটবল ক্যারিয়ারের শেষ অধ্যায়ের দিকে এগোচ্ছেন ৪১ বছর বয়সী মহাতারকা?

পর্তুগিজ সাময়িকী টিভি সেভেন দিয়াসের প্রতিবেদন অনুযায়ী, স্ত্রী জর্জিনা রদ্রিগেজ ও পাঁচ সন্তানকে নিয়ে পর্তুগালের কাসকাইসে নিজেদের বিলাসবহুল প্রাসাদে স্থায়ীভাবে বসবাসের প্রস্তুতি নিচ্ছেন রোনালদো। ২০২৭ সালের জুলাইয়ে এই স্থানান্তর হতে পারে। সন্তানদের পড়াশোনা ও অন্যান্য কার্যক্রম নিয়েও চলছে প্রস্তুতি।

কাসকাইসের মনোরম উপকূলে অবস্থিত রোনালদোর এই প্রাসাদ তৈরি করতে প্রায় তিন বছর লেগেছে। বাড়িটির মূল্য প্রায় ৩ কোটি ৫০ লাখ ইউরো, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৪৮৩ কোটি টাকা। আট শয়নকক্ষের এই বিলাসবহুল বাড়ির প্রতিটি কক্ষেই রয়েছে ব্যক্তিগত গোসলখানা। এ ছাড়া ঘরের ভেতরে ও বাইরে দুটি সুইমিংপুল, আধুনিক ব্যায়ামাগার, ব্যক্তিগত সিনেমা হল এবং সমুদ্রসৈকতে যাওয়ার নিজস্ব পথ রয়েছে।

এখানেই শেষ নয়, পুরো বাড়িতে ব্যবহার করা হয়েছে ইতালীয় মার্বেল পাথর। রয়েছে মাটির নিচে তৈরি গোপন সুড়ঙ্গ এবং লুই ভিতোঁর নকশায় অনুপ্রাণিত বিশেষ দেয়ালচিত্র।

হাইপার এফএম ও এক্সক্লুসিভোর প্রতিবেদনেও রোনালদোর পর্তুগালে ফেরার সম্ভাবনা নিয়ে আলোচনা হয়েছে। পেশাদার ফুটবল থেকে অবসরের পর এই বাড়িই হতে পারে তার পরিবারের স্থায়ী ঠিকানা।

গত ৫ নভেম্বর আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দিয়েছেন রোনালদো।

তবে আল নাসরের হয়ে এখনো ক্লাব ফুটবল খেলে যাচ্ছেন। এখন তার পর্তুগালে ফেরার পরিকল্পনার খবর সব ধরনের ফুটবল থেকে বিদায়ের ইঙ্গিত বলে ধারণা করা হচ্ছে।