Home আঞ্চলিক চলন্ত মোটরসাইকেলে ভিডিও ধারণ করতে গিয়ে প্রাণ গেল তরুণের

চলন্ত মোটরসাইকেলে ভিডিও ধারণ করতে গিয়ে প্রাণ গেল তরুণের

0


সাতক্ষীরা প্রতিনিধি।।


সাতক্ষীরার আশাশুনিতে চলন্ত মোটরসাইকেলে মোবাইলফোনে ভিডিও ধারণ করার সময় নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা খেয়ে মো. মোস্তাকিম (২২) নামের এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন মোটরসাইকেলের অপর আরোহী।

শনিবার (১৪ নভেম্বর) দুপুর দেড়টার দিকে আশাশুনি উপজেলার চম্পাফুল-পারুলিয়া সড়কের বালিয়াপুর তালতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মোস্তাকিম সাতক্ষীরা সদর উপজেলার লাবসা ইউনিয়নের দেবনগর গ্রামের মো. মোমিন আলী সরদারের ছেলে। আহত যুবকের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।


স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, সাতক্ষীরা থেকে দুই যুবক মোটরসাইকেলে করে ওই এলাকায় ঘুরতে আসেন। তারা চম্পাফুল-পারুলিয়া সড়ক দিয়ে দ্রুতগতিতে যাওয়ার সময় চালক মোস্তাকিম মোবাইলে ভিডিও ধারণ করছিলেন। দুপুর সাড়ে ১২টার দিকে বালিয়াপুর তালতলা এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এ সময় মোটরসাইকেলটি রাস্তার পাশে একটি গাছের সঙ্গে ধাক্কা খেয়ে উল্টে যায়।

দুর্ঘটনায় মাথায় গুরুতর আঘাত পেয়ে ঘটনাস্থলেই মারা যান চালক মোস্তাকিম। স্থানীয়রা গুরুতর আহত অপর আরোহীকে উদ্ধার করে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে আশাশুনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহিদুর রহমান জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।