Home আঞ্চলিক ১৩ মাসের শিশুকে বিক্রির অভিযোগ, ইউএনওর হস্তক্ষেপে উদ্ধার

১৩ মাসের শিশুকে বিক্রির অভিযোগ, ইউএনওর হস্তক্ষেপে উদ্ধার

0

বাগেরহাট প্রতিনিধি।।

দারিদ্র্য ও স্বামীর অবহেলায় বাগেরহাটের মোরেলগঞ্জে ১৩ মাস বয়সি ছেলেকে ৩০ হাজার টাকায় বিক্রি করে দিয়েছেন এক মা। বুধবার সন্ধ্যায় উপজেলার বারইখালী গ্রামে আল আমিন নামে ওই শিশুকে বিক্রির ঘটনা ঘটে।

খবর পেয়ে দুই দিন পর শুক্রবার (১৩ নভেম্বর) দুপুরে শিশুটিকে উদ্ধার করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. হাবিবুল্লাহ। পরে আর্থিক সহায়তা দিয়ে শিশুটিকে তার মা অনিকা আক্তারের জিম্মায় দেওয়া হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, মোরেলগঞ্জ উপজেলার বারইখালী গ্রামের হতদরিদ্র পলাশ শেখের মেয়ে অনিকা আক্তার দুই বছর আগে কাজের সুবাদে চট্টগ্রামে থাকাকালে একই এলাকার হাসান চৌধুরী নামে এক যুবককে বিয়ে করেন। ১৩ মাস আগে অনিকা একটি পুত্রসন্তানের জন্ম দেন, যার নাম রাখা হয় আল আমিন।

শিশুটির মা অনিকা আক্তার বলেন, সন্তান জন্মের আগে থেকেই স্বামী হাসান চৌধুরী তার ও সন্তানের কোনো খোঁজখবর রাখেন না। এতে সংসারে চরম আর্থিক সংকট দেখা দেওয়ার পাশাপাশি তিনি নিজেও অসুস্থ হয়ে পড়েন। এ অসহায়ত্বের কারণে সন্তান যাতে খেয়েপরে ভালো থাকতে পারে, সেই আশায় বুধবার সন্ধ্যায় ৩০ হাজার টাকার বিনিময়ে শিশুটিকে মোংলা উপজেলার শহিদুলের স্ত্রী নুরজাহান বেগমের হাতে তুলে দেন।

মোরেলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. হাবিবুল্লা বলেন, শিশুটিকে বিক্রির খবর পেয়ে শুক্রবার দুপুরে উদ্ধার করা হয়েছে। আইনগতভাবে এভাবে শিশু বিক্রি করার কোনো সুযোগ নেই। আপাতত আর্থিক সহযোগিতা করে শিশুটিকে তার মায়ের জিম্মায় দেওয়া হয়েছে। পরবর্তীতে আইনগত প্রক্রিয়ায় কেউ শিশুটিকে দত্তক নিতে চাইলে তাদের আবেদন যাচাই করে ব্যবস্থা নেওয়া হবে।