অনলাইন ডেস্ক।।
বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে, যা আগামী ২৪ ঘণ্টার মধ্যে ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে। ভারতের আবহাওয়া অধিদপ্তর (আইএমডি) তথ্যমতে, দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপটি ক্রমেই শক্তিশালী হয়ে আগামী ১৮ নভেম্বরের মধ্যে একটি প্রবল ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে।
হিন্দুস্তান টাইমসের খবরে বলা হয়েছে, বর্তমানে দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে এটি একটি সুস্পষ্ট লঘুচাপ হিসেবে অবস্থান করছে। এটি উত্তর-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে ধীরে ধীরে আরো শক্তিশালী হতে পারে। আগামী ২৪ ঘণ্টার মধ্যে একই এলাকায় এটি ঘনীভূত হয়ে নিম্নচাপে পরিণত হতে পারে। লঘুচাপটি ঘূর্ণিঝড়ে রূপ নিলে এর নাম হবে ‘আকভান’।
১৬ নভেম্বর সন্ধ্যার মধ্যে দক্ষিণ-মধ্যাঞ্চলীয় বঙ্গোপসাগরে এটি ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। সাগরের ওপর অবস্থানকালে এটি আরো ঘনীভূত হয়ে ১৮ নভেম্বরের মধ্যে প্রবল ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে।
এদিকে ঘূর্ণিঝড়টির সম্ভাব্য গতিপথের একটি পূর্বাভাস প্রকাশ করেছে আইএমডি। তবে শেষ পর্যন্ত এটি সুনির্দিষ্টভাবে কোন উপকূলের দিকে অগ্রসর হবে, তা এখনো স্পষ্ট নয়।
তবে সম্ভাব্য এই ঘূর্ণিঝড়টি কোন উপকূলে আঘাত হানতে পারে, সে বিষয়ে আইএমডি এখনো নিশ্চিতভাবে কিছু জানায়নি। এটি আরো বিকশিত হওয়ার সঙ্গে সঙ্গে এর গতিপথ এবং সম্ভাব্য ক্ষয়ক্ষতির বিষয়টি স্পষ্ট হয়ে উঠবে।











































