বাগেরহাট প্রতিনিধি।।
প্রলয়ংকরী ঘূর্ণিঝড় সিডরের ১৯ বছর পেরিয়ে গেছে। কিন্তু বাগেরহাটের উপকূলীয় মানুষের জীবন থেকে কাটেনি সেই দুর্যোগের আতঙ্ক। মোংলা উপজেলার চাঁদপাই ইউনিয়নের পশুর নদীতীরবর্তী কানাইনগর গ্রামের পাঁচ শতাধিক জেলে পরিবারের কাছে নদীভাঙন আর জোয়ারের পানি এখনো নিত্যদিনের দুশ্চিন্তা। প্রতিনিয়ত নদীগর্ভে বিলীন হচ্ছে বসতভিটা ও ফসলিজমি। জোয়ারে ডুবে যায় চলাচলের পথ। দেখা দিয়েছে সুপেয় পানির সংকট। ঘরবাড়ি হারানোর শঙ্কায় দিন কাটছে তাদের। অন্যদিকে, সিডরের ক্ষত বয়ে বেড়ানো শরণখোলার বলেশ্বর নদপাড়ের বাসিন্দারাও নতুন করে বেড়িবাঁধ ভাঙনের আতঙ্কে রয়েছেন। দুই এলাকার মানুষেরই দাবি, নদীভাঙন ঠেকাতে দ্রুত টেকসই বেড়িবাঁধ নির্মাণ করতে হবে।
২০০৭ সালের ১৫ নভেম্বর। সেদিন রাতে সুপার সাইক্লোন সিডরের তাণ্ডবে লন্ডভন্ড হয়ে যায় দেশের দক্ষিণ-পশ্চিম উপকূল। ঘণ্টায় প্রায় ২৪০ কিলোমিটার বেগে বয়ে যাওয়া ঝড় ও জলোচ্ছ্বাসে বিধ্বস্ত হয় বেড়িবাঁধ, ঘরবাড়ি, ফসলিজমি ও বিভিন্ন অবকাঠামো। সরকারি হিসাবে, উপকূলীয় অঞ্চলে প্রাণ হারান প্রায় তিন হাজার মানুষ। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় সুন্দরবনসংলগ্ন বাগেরহাটের শরণখোলা উপজেলা। সরকারি হিসাবে, শুধু শরণখোলাতেই মারা যান ৯০৮ জন। দুবলার চরের শুঁটকিপল্লিতে নিখোঁজ জেলেদের হিসাব যুক্ত করে বেসরকারি হিসাবে বাগেরহাটে প্রাণহানির সংখ্যা প্রায় দুই হাজার। ক্ষতিগ্রস্ত হয় সুন্দরবনের বিস্তীর্ণ অংশও। সেই কালরাতের স্মৃতি আজও তাড়া করে বেড়ায় উপকূলের মানুষকে।
কানাইনগর গ্রামের বাসিন্দাদের কাছে সিডরের স্মৃতি এখনো দুঃস্বপ্নের মতো। সেদিন ঝড়ে ঘরবাড়ি ভেঙে যায়, জলোচ্ছ্বাসে ভেসে যায় বসতভিটা। কেউ আশ্রয়কেন্দ্রে ঠাঁই পাননি, কেউ স্বজনদের খোঁজে ছুটেছেন নদী ও চরে। ১৯ বছর পরও তাদের সেই দুর্ভোগের অবসান হয়নি। বরং পশুর নদীর অব্যাহত ভাঙনে ক্রমেই ছোট হয়ে আসছে গ্রামটি। হারিয়ে যাচ্ছে বসতভিটা ও ফসলিজমি। আশ্রয়ণ প্রকল্প ও সরকারি ব্যারাকে আশ্রয় নিয়েও অনেক পরিবারের নিরাপত্তা নিশ্চিত হয়নি।
স্থানীয় বাসিন্দা তাসলিমা বেগম বললেন, ‘সিডরের সময় আমরা আশ্রয়কেন্দ্রে গিয়েছিলাম। ফিরে এসে দেখি ঘরবাড়ি ভেঙে চুরমার হয়ে গেছে। পরে সেই জায়গা ঠিক করে আবার বসবাস শুরু করি। যাওয়ার মতো আমাদের কোনো জায়গা নেই। আমরা গরিব মানুষ, এখানেই থাকতে হয়। বন্যার সঙ্গে যুদ্ধ করে বেঁচে আছি। বেড়িবাঁধটা ভালোভাবে করে দিলে এবং আমাদের দিকে একটু নজর দিলে ভালোভাবে থাকতে পারতাম।’
রিজিয়া বেগমের স্মৃতিতে সিডরের সেই রাত এখনো ভয়াবহ। তিনি স্মরণ করলেন, ‘সিডরের সময় আমার স্বামীসহ এলাকার অনেক জেলে সাগরে ছিলেন। আমরা কান্নাকাটি করে নদীতে নৌকা নিয়ে তাদের খুঁজেছি। পরে জানতে পারি, আল্লাহর রহমতে আমার স্বামীসহ কয়েকজন সুস্থ আছেন। তবে অনেক জেলে মারা গেছেন। তাদের মরদেহ নৌকা, ট্রলার ও অন্যান্য জলযানে করে নদী থেকে নিয়ে আসা হয়েছিল। সেদিন ঝড়ের মধ্যে ঘর ভেঙে পড়লে আমরা খাটের নিচে আশ্রয় নিয়েছিলাম। এখনো সেই স্মৃতি মনে পড়লে আতঙ্ক লাগে।’
নদীভাঙনে বসতভিটা হারানো লিমনের আক্ষেপ, ‘এই জায়গায় আমাদের ঘরবাড়ি ছিল। নদীতে ভেঙে যাওয়ার পর যার যার মতো চলে গেছি। অন্যের বাড়িতে জায়গা চেয়ে নিয়ে এখন ফুটপাতে থাকি। আমাদের কোনো জায়গাজমি নেই। আমরা ভূমিহীন।’
গ্রামের বাসিন্দা দাউদ হায়দার জানালেন, তাদের চলাচলের রাস্তাটিও বেহাল। জোয়ার এলে পানিতে নেমে কাপড় উঁচু করে চলাচল করতে হয়। মাঝেমধ্যে ভেকু দিয়ে মাটি ফেলা হলেও তা ঠিকমতো চাপ দিয়ে শক্ত করা হয় না। ফলে জোয়ারের পানিতে সেই মাটি আবার ভেঙে নদীতে চলে যায়। জোয়ারে ঘরবাড়ি ডুবে যায়, স্বাভাবিক জীবনযাপন কঠিন হয়ে পড়ে। নিরাপদ খাবার পানিরও সংকট রয়েছে। ফিটকিরি দিয়ে পানি পরিষ্কার করে খেতে হয়। ২০০ লিটারের একটি ড্রামে পানি জমিয়ে রাখলে তলায় অনেক ময়লা পড়ে থাকে। তার দাবি, টেকসই বেড়িবাঁধ নির্মাণ করা হলে বসতভিটা ও পুকুরের পানিও রক্ষা পাবে।
জোছনা বেগম বললেন, ‘সিডরের সময় ঝড়-বৃষ্টিতে আমাদের ঘরবাড়ি ভেঙে গিয়েছিল। থাকার মতো কোনো জায়গা ছিল না। এলাকার মানুষ আশ্রয়কেন্দ্রে গেলেও সেখানে জায়গা পাওয়া যায়নি। এখনো জোয়ারের সময় পানি উঠে চলাচল বন্ধ হয়ে যায়। সামান্য ঝড়-বন্যা হলেই ঘরবাড়ি নিয়ে আতঙ্কে থাকতে হয়। ঘর ভেঙে গেলে নিজেরাই আবার মাটি দিয়ে ঠিক করে বসবাস করি।’
একই দুর্ভোগের কথা জানিয়ে দেলোয়ার রহমান উল্লেখ করলেন, নদীর এক পাশে ভাঙন চলছে, অন্য পাশেও নতুন করে ভাঙন দেখা দিয়েছে। জোয়ারের পানি উঠলে চলাচলের পথ থাকে না। বন্যায় এলাকা ডুবে গেলে কোথাও যাওয়ার জায়গা থাকে না। বাধ্য হয়ে ঘরে বসেই দুর্ভোগ পোহাতে হয়।
হেলেনা বেগমের অভিজ্ঞতাও একই রকম। তিনি জানালেন, ‘সিডরের সময় আমাদের ঘরবাড়ি ভেঙে পানিতে ভরে গিয়েছিল। আশ্রয়কেন্দ্র অনেক দূরে হওয়ায় সেখানে যেতে পারিনি। ঘরেই ঝুঁকি নিয়ে ছিলাম। পরে পানি কমলে নিজেরাই মাটি ভরাট করে আবার বসবাস শুরু করি। এখনো একই ঝুঁকির মধ্যে আছি। জোয়ারের পানি বাড়লে ঘরের মধ্যে পানি ওঠে। রান্না ও খাওয়াদাওয়াও করতে হয় পানির মধ্যে। ঘর ভেঙে গেলে নিজেরা কিংবা অন্যদের ডেকে এনে মাটি ভরাট করে আবার থাকার ব্যবস্থা করি।’
শুধু মোংলার কানাইনগর নয়, সিডরের ক্ষত এখনো বয়ে বেড়াচ্ছেন শরণখোলার বলেশ্বর নদপাড়ের বাসিন্দারাও। সিডরে স্বজন ও সহায়-সম্বল হারানো বগী গ্রামের সোলায়মান খাঁন, সাউথখালী গ্রামের মালেকা বেগম ও গাবতলা গ্রামের শাহ আলমসহ স্থানীয় বাসিন্দারা জানালেন, প্রতিবছর নভেম্বর এলেই তাদের মনে পড়ে সেই কালরাতের কথা। তাদের মতে, সেদিন উঁচু ও টেকসই বেড়িবাঁধ থাকলে এত বড় ক্ষয়ক্ষতি হতো না, প্রাণ হারাতে হতো না শত শত মানুষকে।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, সিডরের পর উঁচু বেড়িবাঁধ নির্মাণ করা হলেও তা টেকসই হয়নি। নদীশাসনের কার্যকর ব্যবস্থা না নিয়ে বাঁধ নির্মাণ করায় বলেশ্বর নদের প্রবল ঢেউ ও স্রোতে বিভিন্ন স্থানে ভাঙন দেখা দিয়েছে। কোথাও কোথাও বাঁধের মাটি সরে গিয়ে ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। বাঁধের বর্তমান অবস্থা দেখলেই তাদের মনে ফিরে আসে সিডরের আতঙ্ক। সামান্য ঝড়ের পূর্বাভাস পেলেই বসতভিটা ও জীবন হারানোর আশঙ্কায় দিন কাটে।
সিডরের পর শরণখোলা ও মোরেলগঞ্জের ঝুঁকিপূর্ণ এলাকা রক্ষায় প্রায় ৩০০ কোটি টাকা ব্যয়ে ৬২ কিলোমিটার উঁচু বেড়িবাঁধ নির্মাণ করা হয়। এর মধ্যে শরণখোলার বগী থেকে মোরেলগঞ্জের ফাঁসিয়াতলা পর্যন্ত বলেশ্বর নদের তীরবর্তী এলাকায় নির্মাণ করা হয় প্রায় ২০ কিলোমিটার বাঁধ। তবে হস্তান্তরের তিন বছরের মধ্যেই বিভিন্ন স্থানে ভাঙন দেখা দেয়। বলেশ্বর নদের তীর রক্ষাবাঁধের প্রায় ২৫ কিলোমিটারের মধ্যে ১৩ কিলোমিটার এলাকায় মূল বাঁধেও ভয়াবহ ভাঙন দেখা দিয়েছে। ফলে সামান্য ঝড়ের পূর্বাভাস পেলেই বলেশ্বরপাড়ের বাসিন্দাদের মধ্যে ফিরে আসে সিডরের বিভীষিকা।
এ বিষয়ে পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) বাগেরহাটের নির্বাহী প্রকৌশলী জয়ন্ত পাল বললেন, ২০০৭ সালের সিডরে ক্ষতিগ্রস্ত শরণখোলার জন্য একটি প্রকল্প জমা দেওয়া হয়েছে। তবে মোংলা এলাকায় এই মুহূর্তে তাদের কোনো প্রকল্প জমা দেওয়া নেই, চলমান প্রকল্পও নেই। কানাইনগর জেলেপল্লিতে চলতি অর্থবছরের মধ্যে কিছু তীর সংরক্ষণমূলক কাজ করে নদীভাঙন প্রতিরোধের চেষ্টা করা হবে।
জয়ন্ত পাল আরও বললেন, বলেশ্বর নদের তীরের অধিক ঝুঁকিপূর্ণ এলাকা চিহ্নিত করে প্রাথমিক কাজ শুরু হয়েছে। শরণখোলার বগী এলাকায় প্রায় ৫০০ মিটার অংশে বালুভর্তি জিও ব্যাগ ও ব্লক ফেলার কাজ চলছে। তবে নদীতীরের আরও অনেক এলাকা ঝুঁকিতে রয়েছে। স্থায়ীভাবে বাঁধের ভাঙন ঠেকাতে প্রায় ৫০০ কোটি টাকা প্রয়োজন। এ জন্য প্রকল্প তৈরি করে সংশ্লিষ্ট দপ্তরে প্রস্তাব পাঠানো হচ্ছে।
নদীভাঙন, জোয়ারের পানি ও সুপেয় পানির সংকটের মধ্যে দিন কাটছে কানাইনগরের পাঁচ শতাধিক জেলে পরিবারের। অন্যদিকে, শরণখোলার বলেশ্বরপাড়ের মানুষও অপেক্ষায় রয়েছেন স্থায়ী ও টেকসই বেড়িবাঁধের। তাদের দাবি, শুধু আশ্বাস নয়, নদীশাসনের কার্যকর ব্যবস্থা নিয়ে টেকসই বেড়িবাঁধ নির্মাণ, নদীতীর সংরক্ষণ ও নিরাপদ পানির ব্যবস্থা নিশ্চিত করতে হবে। রক্ষা করতে হবে উপকূলের মানুষের বসতভিটা, জীবন ও জীবিকা।











































