আন্তর্জাতিক ডেস্ক।।
২৬ বছর পর হাম নির্মূলের স্বীকৃতি হারিয়েছে যুক্তরাষ্ট্র। দেশটিতে টানা এক বছর ধরে একই ধরনের হাম ভাইরাসের সংক্রমণ ছড়িয়ে পড়ায় এ সিদ্ধান্ত নিয়েছে প্যান আমেরিকান হেলথ অর্গানাইজেশনের (পিএএইচও) পরিচালককে পরামর্শ দেওয়া বিশেষজ্ঞদের একটি স্বাধীন কমিশন। ২০০০ সালে যুক্তরাষ্ট্রে হামকে নির্মূল ঘোষণা করা হয়েছিল।
শুক্রবার (১৩ নভেম্বর) মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। এর আগে বিষয়টি নিয়ে প্রতিবেদন প্রকাশ করে দ্য ওয়াল স্ট্রিট জার্নাল।
বিশেষজ্ঞদের মতে, কয়েক বছর ধরে টিকাদানের হার কমে যাওয়া এবং হামের সংক্রমণ বেড়ে যাওয়ার পর এ সিদ্ধান্ত অনেকটাই প্রত্যাশিত ছিল। আন্তর্জাতিক বিশেষজ্ঞ কমিটির নিয়ম অনুযায়ী, কোনো দেশে একই ধরনের ভাইরাসের মাধ্যমে অন্তত এক বছর ধরে ব্যক্তি থেকে ব্যক্তিতে সংক্রমণ চলতে থাকলে সেটিকে স্থানীয়ভাবে স্থায়ী সংক্রমণ বা এন্ডেমিক হিসেবে বিবেচনা করা হয়।
ভাইরাসের জিনগত বৈশিষ্ট্য বিশ্লেষণ করে সংক্রমণের ধারাবাহিকতা নির্ধারণ করেন বিশেষজ্ঞরা। যুক্তরাষ্ট্রের উটাহ অঙ্গরাজ্যের জনস্বাস্থ্য গবেষণাগারের বিজ্ঞানীরা গত আগস্টে প্রকাশিত এক গবেষণায় জানান, সেখানে একই ধরনের হাম ভাইরাস এক বছরের বেশি সময় ধরে ছড়িয়েছে। ২০২৫ সালের জুন থেকে ২০২৬ সালের জুন পর্যন্ত এই সংক্রমণে ৬০০ জনের বেশি আক্রান্ত হন। এ সময় অঙ্গরাজ্যটির দক্ষিণ-পশ্চিমাঞ্চল থেকে মধ্যাঞ্চল পর্যন্ত ভাইরাসটি ছড়িয়ে পড়ে।
এ ছাড়া সাউথ ক্যারোলাইনা, পেনসিলভানিয়া, উইসকনসিন ও নিউইয়র্কসহ কয়েকটি অঙ্গরাজ্যে দীর্ঘস্থায়ী হাম সংক্রমণের ঘটনা ঘটেছে।
কানাডার ইউনিভার্সিটি অব সাসকাচোয়ানের ভাইরোলজিস্ট ও সাময়িকী ভ্যাকসিনের প্রধান সম্পাদক অ্যাঞ্জেলা রাসমুসেন বলেন, উটাহর গবেষণার তথ্যই যুক্তরাষ্ট্রের হাম নির্মূলের স্বীকৃতি হারানোর বিষয়টি প্রমাণের জন্য যথেষ্ট ছিল।
সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে, চলতি বছর যুক্তরাষ্ট্রে ৫ হাজার ৪০০-এর বেশি হামে আক্রান্ত হওয়ার ঘটনা শনাক্ত হয়েছে। ১৯৯১ সালের পর এটি সর্বোচ্চ। চলতি বছর দেশটিতে ৪৩টি নতুন সংক্রমণের প্রাদুর্ভাব দেখা দিয়েছে। এর বাইরে গত বছর শুরু হওয়া সংক্রমণের সঙ্গে যুক্ত রয়েছে আরও এক হাজারের বেশি রোগী।
আক্রান্ত ব্যক্তিদের প্রায় সবাই হাম, মাম্পস ও রুবেলা প্রতিরোধী এমএমআর টিকা নেননি অথবা তাদের টিকা নেওয়ার তথ্য জানা যায়নি। যুক্তরাষ্ট্রের রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্রের (সিডিসি) তথ্য অনুযায়ী, চলতি বছর শনাক্ত রোগীদের প্রতি ৯ জনের একজনকে হাসপাতালে ভর্তি হতে হয়েছে। অঙ্গরাজ্যগুলোর দেওয়া তথ্য অনুযায়ী, হামে আক্রান্ত হয়ে অন্তত ১০ জনের মৃত্যু হয়েছে।
জনস হপকিনস ব্লুমবার্গ স্কুল অব পাবলিক হেলথের অধ্যাপক ও হাম বিশেষজ্ঞ উইলিয়াম মস বলেন, হাম থেকে সেরে ওঠার পরও এর দীর্ঘমেয়াদি প্রভাব থাকতে পারে। এই ভাইরাস শরীরের রোগ প্রতিরোধব্যবস্থার স্মৃতিশক্তি নষ্ট করতে পারে। ফলে আগে যেসব সংক্রমণের বিরুদ্ধে শরীরের প্রতিরোধক্ষমতা তৈরি হয়েছিল, সেগুলোর বিরুদ্ধেও সুরক্ষা কমে যায়। এতে নিউমোনিয়া ও ডায়রিয়ার মতো রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি বাড়ে।
এ ছাড়া গর্ভবতী নারী হামে আক্রান্ত হলে গর্ভের শিশুও সংক্রমিত হতে পারে। বিরল ক্ষেত্রে হাম থেকে কয়েক বছর পর গুরুতর স্নায়বিক জটিলতাও দেখা দিতে পারে, যা প্রাণঘাতী হতে পারে।
তবে টিকার মাধ্যমে এসব জটিলতা প্রতিরোধ করা সম্ভব। সিডিসির তথ্য অনুযায়ী, এমএমআর টিকার দুটি ডোজ নিলে হামে আক্রান্ত হওয়ার ঝুঁকি ৯৭ শতাংশ কমে যায়।
যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পসহ তার প্রশাসনের কয়েকজন সদস্য হাম প্রতিরোধী টিকার নিরাপত্তা ও কার্যকারিতা নিয়ে সংশয় প্রকাশ করেছেন। এদিকে দেশটিতে শিশুদের টিকাদানের হারও কমছে।
কলাম্বিয়া ইউনিভার্সিটির আরভিং মেডিকেল সেন্টারের সংক্রামক রোগবিষয়ক মহামারিবিদ নুয়ান গুনাওয়ার্ধানা বলেন, যুক্তরাষ্ট্রের হাম নির্মূলের স্বীকৃতি হারানো দেশটির জনস্বাস্থ্য খাতে কয়েক দশকের অগ্রগতিকে পেছনে ঠেলে দেওয়ার ইঙ্গিত দেয়।
তবে আবারও হাম নির্মূলের স্বীকৃতি ফিরে পাওয়া সম্ভব বলে মনে করেন বিশেষজ্ঞরা। তাদের মতে, এ জন্য টিকাদানের হার বাড়ানো এবং টিকার প্রতি মানুষের আস্থা ফিরিয়ে আনা জরুরি। জনস হপকিনস বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক উইলিয়াম মস বলেন, টিকা নিয়ে মানুষের আস্থার সংকট, স্কুলে টিকা না নেওয়ার ক্ষেত্রে ছাড়ের সংখ্যা বৃদ্ধি এবং শিশুদের মধ্যে এমএমআর টিকাদানের হার কমে যাওয়ায় যুক্তরাষ্ট্রের জন্য স্বীকৃতি ফিরে পাওয়া সহজ হবে না।
উল্লেখ্য, ২০১৬ সালে প্যান আমেরিকান হেলথ অর্গানাইজেশন ও বিশ্ব স্বাস্থ্য সংস্থা আমেরিকা অঞ্চলের ৩৫টি দেশকে হাম নির্মূলের স্বীকৃতি দিয়েছিল। তবে দীর্ঘস্থায়ী সংক্রমণের কারণে গত বছর কানাডা সেই স্বীকৃতি হারায়। মেক্সিকোও বড় ধরনের হাম সংক্রমণের কারণে একই ঝুঁকিতে রয়েছে।











































