Home Lead খুলনায় গুপ্ত নাশকতার নেপথ্যে ‘হোয়াইট-কলার’ চক্র, নজরদারিতে মুখোশধারীরা

খুলনায় গুপ্ত নাশকতার নেপথ্যে ‘হোয়াইট-কলার’ চক্র, নজরদারিতে মুখোশধারীরা

25


শামিম শিকদার।।
খুলনা মহানগরী ও জেলাজুড়ে হঠাৎ করেই ককটেল নিক্ষেপ, অগ্নিসংযোগ ও গুপ্ত নাশকতার প্রবণতা বেড়ে গেছে। গত কয়েকদিনের ব্যবধানে রাজনৈতিক কার্যালয়, ট্রেনের বগি, পরিবেশ রক্ষায় রোপণ করা গাছ এবং জুলাই স্মৃতিস্তম্ভে একের পর এক হামলার ঘটনা ঘটছে। তবে মাঠপর্যায়ে ভাড়াটে দুর্বৃত্তরা এসব নাশকতা ঘটালেও, এর নেপথ্যে কলকাঠি নাড়ছেন সমাজের একশ্রেণির ভদ্রবেশী ‘হোয়াইট-কলার ক্রিমিনাল’ এমন চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে আইনপ্রয়োগকারী সংস্থার অনুসন্ধানে। ইতোমধ্যে নাশকতার অর্থদাতা ও মদদদাতা হিসেবে সাংবাদিক, ব্যবসায়ী ও আইনজীবীসহ বেশ কয়েকজন পেশাজীবীর নাম গোয়েন্দাদের হাতে এসেছে এবং তাদের কঠোর নজরদারিতে রাখা হয়েছে।


অনুসন্ধানে ও আইনপ্রয়োগকারী সংস্থার একাধিক সূত্রের বরাতে জানা গেছে, খুলনায় অস্থিতিশীল পরিস্থিতি ও রাজনৈতিক অস্থিরতা সৃষ্টির গভীর নীলনকশা চলছে। আর এই নাশকতামূলক কর্মকাণ্ডে সরাসরি অর্থ ও রসদের জোগান দিচ্ছেন বিভিন্ন ব্যবসায়ী, পেশাজীবী ও সামাজিক সংগঠনের আড়ালে লুকিয়ে থাকা কতিপয় প্রভাবশালী গডফাদার। দিনের আলোয় ভদ্রলোকের মুখোশ পরে বিভিন্ন সামাজিক ও পেশাজীবী কর্মকাণ্ডে সক্রিয় থাকলেও, রাতের আঁধারে তারাই দুর্বৃত্তদের হাতে পেট্রোল বোমা, ককটেল ও নগদ অর্থ তুলে দিয়ে শহরকে অশান্ত করার মিশনে নেমেছেন।

গোয়েন্দা সূত্র আরও জানায়, আগামী ডিসেম্বরকে ঘিরে রাজনৈতিক কর্মসূচি এবং শেখ হাসিনার দেশে ফেরার সম্ভাব্য সময়কে কেন্দ্র করে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের পলাতক নেতাকর্মীদের তৎপরতা বাড়ার আশঙ্কা করা হচ্ছে। মাঠপর্যায়ের এসব পলাতক কর্মীদের সক্রিয় রাখতে ওই সব ‘হোয়াইট-কলার’ অর্থদাতারা গোপনে নিরাপদ আশ্রয় ও আর্থিক জোগান দিয়ে যাচ্ছেন। আইনপ্রয়োগকারী সংস্থার দায়িত্বশীল সূত্র নিশ্চিত করেছে, নাশকতার নেপথ্যে গডফাদারের ভূমিকা পালনকারী সাংবাদিক, ব্যবসায়ী ও আইনজীবীসহ সংশ্লিষ্ট হোয়াইট-কলার ক্রিমিনালদের একটি তালিকা ইতোমধ্যে তৈরি করা হয়েছে। তাদের গতিবিধি সার্বক্ষণিক নজরদারিতে রাখা হয়েছে এবং তথ্য-প্রমাণ সাপেক্ষে যেকোনো মুহূর্তে তাদের আইনের মুখোমুখি করা হবে।


গত কয়েকদিনের ধারাবাহিক নাশকতার চিত্র বিশ্লেষণে দেখা যায়, বুধবার (১১ নভেম্বর) ভোররাতে মোটরসাইকেলে আসা তিন যুবক নগরীর শিববাড়ী মোড়ে জুলাই স্মৃতিস্তম্ভে আগুন দেওয়ার চেষ্টা করে। এ সময় স্থানীয়দের সহায়তায় শেখপাড়ার হাসান উদ্দিনের ছেলে ফাহাদ হোসেনকে (২৪) পেট্রোল ভর্তি বোতল ও পটকাজাতীয় বস্তুসহ আটক করে সোনাডাঙ্গা থানা পুলিশ। এর আগে মঙ্গলবার (১০ নভেম্বর) রাত সাড়ে ১২টার দিকে দাকোপের পোদ্দারগঞ্জ খেয়াঘাট সংলগ্ন ওয়ার্ড বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগ ও ককটেল নিক্ষেপ করা হয় এবং পুলিশ ঘটনাস্থল থেকে ভাঙা কাচের বোতল ও পেট্রোল উদ্ধার করে। একই দিন ভোরে বটিয়াঘাটার দারোগার ভিটায় উপজেলা বিএনপির কার্যালয়ের ব্যানারে আগুন দেয় মুখোশধারী দুই মোটরসাইকেল আরোহী।

তার আগের দিন সোমবার (৯ নভেম্বর) রাত ৮টার দিকে দৌলতপুরের সেভ অ্যান্ড সেভের সামনে কৃষক দলের ঘরোয়া সভা লক্ষ্য করে ককটেলসদৃশ বস্তু নিক্ষেপ করে দুর্বৃত্তরা, তবে সেটি বিস্ফোরিত না হওয়ায় বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়। একই রাতে মনা মার্কেট এলাকা থেকেও একটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করে পুলিশ।

এছাড়া মঙ্গলবার রাতে নগরীর ময়ূর আবাসিক এলাকায় খুলনা উন্নয়ন কর্তৃপক্ষের (কেডিএ) রোপণ করা পরিবেশবান্ধব গাছগুলোতে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা, যে ঘটনাকে কেডিএ চেয়ারম্যান অ্যাডভোকেট এস এম শফিকুল আলম মনা ন্যক্কারজনক উল্লেখ করে জড়িতদের আইনের আওতায় আনার কথা জানিয়েছেন। একই দিন রাতে খুলনা রেলস্টেশনে দাঁড়িয়ে থাকা নকশীকাঁথা ট্রেনের একটি বগিতেও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ধারাবাহিক এসব গুপ্ত হামলার ঘটনায় নগরবাসীর মধ্যে তীব্র উদ্বেগ ও আতঙ্ক বিরাজ করছে।


এ ব্যাপারে কেএমপি ডেপুটি পুলিশ কমিশনার (ডিবি) মোহাম্মদ আহাদুজ্জামান মিয়া জানায়, পেশাজীবী ও সামাজিক সংগঠনের আড়ালে থাকা ‘হোয়াইট-কলার ক্রিমিনাল’ পেছন থেকে অর্থ ও মদদ দিচ্ছেন তাদের কললিস্ট বিশ্লেষণের মাধ্যমে দ্রুত তাদের মুখোশ উন্মোচন করা হবে।