Home জাতীয় গ্রীষ্মের আগেই জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে ৪ হাজার মেগাওয়াট বিদ্যুৎ

গ্রীষ্মের আগেই জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে ৪ হাজার মেগাওয়াট বিদ্যুৎ

0

ঢাকা অফিস।।

আগামী গ্রীষ্মের আগে জাতীয় গ্রিডে অতিরিক্ত প্রায় ৪ হাজার মেগাওয়াট বিদ্যুৎ যুক্ত করার চেষ্টা চলছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। তিনি বলেন, আন্তর্জাতিক সরবরাহে বিঘ্ন এবং দেশের একটি ভাসমান এলএনজি টার্মিনালে অগ্নিকাণ্ডের কারণে গ্যাস সরবরাহ কমে গিয়েছিল।

স্পট মার্কেট থেকে উচ্চমূল্যে এলএনজি কিনে পরিস্থিতি সামাল দেওয়া হয়েছে। আগামী ডিসেম্বর পর্যন্ত জ্বালানি সরবরাহের পরিকল্পনা রয়েছে।
শনিবার (১৪ নভেম্বর) রাজধানীর একটি হোটেলে আয়োজিত ‘পঞ্চম বাংলাদেশ অর্থনৈতিক সম্মেলন ২০২৬’-এ তিনি এসব কথা বলেন।

সম্মেলনের আলোচনায় উঠে আসে বিনিয়োগের পরিবেশ উন্নয়ন, ব্যাংকঋণের সুষম বণ্টন, আর্থিক খাতে সুশাসন এবং জ্বালানির দক্ষ ব্যবহার—সব ক্ষেত্রেই সমন্বিত উদ্যোগ প্রয়োজন। দীর্ঘমেয়াদি অর্থনৈতিক প্রবৃদ্ধির জন্য এসব সংস্কার এখন জরুরি।

সম্মেলনে সাউথইস্ট ব্যাংকের চেয়ারম্যান এম এ কাশেম বলেন, বর্তমান অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবেলায় বিদেশি বিনিয়োগ আকর্ষণ জরুরি। তাই ১৯৮৬ সালের অভিজ্ঞতার আলোকে দ্রুত একটি আন্তর্জাতিক ইনভেস্টরস ফোরাম আয়োজন করা যেতে পারে। তাইওয়ানসহ বিভিন্ন দেশের বিনিয়োগকারীদের বাংলাদেশে আনার সুযোগ রয়েছে বলেও মনে করেন তিনি।

বিনিয়োগের পাশাপাশি ব্যাংকঋণের কাঠামো পরিবর্তনের ওপর গুরুত্ব দেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমান। তার প্রস্তাব, ব্যাংকগুলোর বিতরণ করা ঋণের অন্তত ২০ শতাংশ খুচরা খাতে এবং ৩৫ শতাংশ ক্ষুদ্র ও মাঝারি শিল্পে (এসএমই) দিতে হবে। অন্যদিকে করপোরেট ঋণের অংশ ৪৫ শতাংশে নামিয়ে আনার পরামর্শ দেন তিনি। বড় শিল্পপ্রতিষ্ঠানগুলোকে পুঁজিবাজার থেকে অর্থ সংগ্রহে উৎসাহিত করার কথাও বলেন গভর্নর।

বন্ডের মেয়াদসীমা তুলে দেওয়ার উদ্যোগের কথাও জানান তিনি। বর্তমানে তিন ধরনের বন্ডে ৬০৬ মিলিয়ন ডলার রয়েছে। ১৫ বছরের মেয়াদসীমা তুলে দিতে পারলে বৈদেশিক মুদ্রার রিজার্ভ বাড়ানোর সুযোগ তৈরি হবে বলে আশা তার।

ব্যাংক খাতে আস্থা ফেরার লক্ষণ দেখছেন সিটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মাশরুর আরেফিন। তিনি বলেন, সংস্কারের ফলে বৈদেশিক খাতে উন্নতি হয়েছে। তবে মূল্যস্ফীতি, বেসরকারি বিনিয়োগের ধীরগতি ও খেলাপি ঋণ এখনো বড় চ্যালেঞ্জ। তার মতে, ব্যাংকিং খাতের বাইরে থাকা প্রায় ১ লাখ ৮৭ হাজার কোটি টাকা আনুষ্ঠানিক ব্যবস্থায় আনা গেলে অর্থনীতিতে গতি বাড়বে। খেলাপি ঋণ ব্যবস্থাপনায় অ্যাসেট রিকভারি কোম্পানি গঠনেরও প্রস্তাব দেন তিনি।

শুধু উৎপাদন বাড়িয়ে বিদ্যুৎ সংকটের সমাধান সম্ভব নয় বলে মনে করেন ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশের উপাচার্য ও জ্বালানি বিশেষজ্ঞ অধ্যাপক ম. তামিম। তার হিসাব, বাসাবাড়িতে ইনভার্টার এসি, ফ্রিজ ও শক্তি-সাশ্রয়ী ফ্যানের ব্যবহার বাড়ানো গেলে অন্তত ৩ হাজার মেগাওয়াট বিদ্যুৎ সাশ্রয় সম্ভব। এ জন্য অদক্ষ যন্ত্রপাতির ওপর শুল্ক বাড়ানো এবং দক্ষ যন্ত্রপাতির কর কমানোর পরামর্শ দেন তিনি।