Home খেলাধুলা রোনালদোকে শ্রদ্ধা জানাতে পর্তুগালের যত বিশেষ আয়োজন

রোনালদোকে শ্রদ্ধা জানাতে পর্তুগালের যত বিশেষ আয়োজন

0

স্পোর্টস ডেস্ক।।

একটি নম্বর, একটি জার্সি, একটি দীর্ঘ ইতিহাস। পর্তুগালের ফুটবল মানচিত্রে ৭ নম্বর মানেই ক্রিস্টিয়ানো রোনালদো।

দুই দশকেরও বেশি সময় ধরে এই নম্বর গায়ে জড়িয়ে দেশকে উপহার দিয়েছেন অসংখ্য স্মরণীয় মুহূর্ত। আন্তর্জাতিক ফুটবল থেকে বিদায় নেওয়া সেই কিংবদন্তিকে এবার ব্যতিক্রমীভাবে সম্মান জানাতে যাচ্ছে পর্তুগাল। ডেনমার্কের বিপক্ষে ম্যাচে মাঠে নামার আগে পুরো দলই গায়ে জড়াবে রোনালদোর বিখ্যাত ৭ নম্বর জার্সি।

আজ (শনিবার) ব্রাগার এস্তাদিও মিউনিসিপালে উয়েফা নেশনস লিগের ম্যাচে মুখোমুখি হবে পর্তুগাল-ডেনমার্ক।

ম্যাচের আগে বিশেষ এই আয়োজনের পরিকল্পনা করেছে পর্তুগিজ ফুটবল ফেডারেশন (এফপিএফ)। ম্যাচের স্কোয়াডে থাকা প্রত্যেক খেলোয়াড় ৭ নম্বর জার্সি পরে মাঠে প্রবেশ করবেন। ২০০৩ সালের আগস্টে যে যাত্রা শুরু করেছিলেন রোনালদো, ৫ বারের ব্যালন ডি’অর জয়ীর বিদায়ে সেই অধ্যায়ের প্রতি শ্রদ্ধা জানাতেই এই আয়োজন।

পর্তুগিজ সংবাদমাধ্যম ‘আ বোলা’র প্রতিবেদন অনুযায়ী, ফেডারেশন সভাপতি পেদ্রো প্রোয়েঙ্কা, কোচ জর্জ জেসুস ও দলের সিনিয়র খেলোয়াড়দের আলোচনায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।

আলোচনায় ছিলেন অধিনায়ক ব্রুনো ফার্নান্দেজ, বের্নার্দো সিলভা ও রুবেন দিয়াসরা। শুধু জার্সিতেই নয়, গ্যালারিতেও থাকবে আবেগের ছোঁয়া। ম্যাচের সপ্তম মিনিটে করতালির মধ্যে দিয়ে রোনালদোকে দাঁড়িয়ে সম্মান জানাবেন সমর্থকরা। এমন আয়োজনের জন্য উয়েফার অনুমতিও নিয়েছে পর্তুগাল।

শ্রদ্ধা জানানোর আয়োজন শুধু মাঠেই থেমে থাকছে না। পর্তুগালের অনুশীলনকেন্দ্র সিদাদে দো ফুটবলেও রাখা হচ্ছে বিশেষ ব্যবস্থা। জাতীয় দলের খেলোয়াড়দের আবাসিক ভবনে রোনালদোর ব্যবহৃত কক্ষটি খালি রাখা হবে। আন্তর্জাতিক ফুটবল থেকে তার বিদায়ের পর প্রথম বিরতিতে এই প্রতীকী উদ্যোগ নিয়েছে ফেডারেশন।

এভাবেই মাঠে ও মাঠের বাইরে রোনালদোর অবদান স্মরণ করতে চায় পর্তুগাল। তার অনুপস্থিতিতে নতুন পথচলা শুরু হলেও দেশের ফুটবল ইতিহাসে ৭ নম্বর জার্সির সেই অধ্যায় অমলিনই থাকবে।