Home খেলাধুলা স্যান্ডপেপারগেট কেলেঙ্কারি : প্যাট কামিন্সের দাবি নিয়ে প্রশ্ন তুললেন ওয়াসিম আকরাম

স্যান্ডপেপারগেট কেলেঙ্কারি : প্যাট কামিন্সের দাবি নিয়ে প্রশ্ন তুললেন ওয়াসিম আকরাম

0

স্পোর্টস ডেস্ক।।

অস্ট্রেলিয়ার বহুল আলোচিত ২০১৮ সালের ‘স্যান্ডপেপারগেট’ (বল টেম্পারিং) কেলেঙ্কারি নিয়ে নতুন করে শুরু হয়েছে বিতর্ক। এই বিতর্কে এবার মুখ খুললেন পাকিস্তানের কিংবদন্তি ফাস্ট বোলার ওয়াসিম আকরাম।

অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্সের দাবি—কেপটাউন টেস্টে বল বিকৃতির বিষয়ে তিনি কিছুই জানতেন না—এমন বক্তব্যের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলেছেন সর্বকালের অন্যতম সেরা এই রিভার্স-সুইং জাদুকর।

শনিবার (১৪ নভেম্বর) মেলবোর্ন থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করা এক ভিডিও বার্তায় আকরাম জানিয়েছেন, মাঠে স্বাভাবিক কারণে বলের ক্ষয় হওয়া এবং শিরিশকাগজ (স্যান্ডপেপার) দিয়ে ঘষে বল বিকৃত করার মধ্যে স্পষ্ট পার্থক্য রয়েছে, যা যেকোনো অভিজ্ঞ বোলারই মুহূর্তের মধ্যে ধরে ফেলতে পারেন।

কী বলেছেন ওয়াসিম আকরাম?

কামিন্সকে ‘খুব কাছের বন্ধু’ হিসেবে উল্লেখ করে আকরাম আরো বলেন, ‌‘আমি এই বিতর্কে কোনো পক্ষ নিচ্ছি না।’

তবে আমি একজন বোলার হিসেবে—বিশেষ করে অভিজ্ঞ বোলার হলে—আমি বলের দিকে তাকালেই সরাসরি বুঝে যাব যে কিছু একটা ঠিক নেই।

সে (কামিন্স) বলেছে যে সে জানত না। কিন্তু একজন বোলার হিসেবে বল যখন আমার হাতে আসবে, আমি অবশ্যই বুঝতে পারব বলে যোগ করেন এই কিংবদন্তি পেস বোলার।

বিষয়টি পরিষ্কার করতে ক্রিকেটপ্রেমীদের একটি সহজ পরীক্ষার পরামর্শও দিয়েছেন আকরাম। তিনি বলেন, ‘একজন ক্রিকেটপ্রেমী হিসেবে আপনি যদি যাচাই করতে চান, তবে একটি আধা-নতুন ক্রিকেট বল ও একটি শিরিশকাগজ নিয়ে ঘষে দেখুন; আপনি নিজেই বুঝতে পারবেন এর আঁচড়গুলো সম্পূর্ণ আলাদা। ’

সেই সঙ্গে অস্ট্রেলীয়দের মাঠের লড়াকু মানসিকতা ও সততার প্রশংসাও করেন তিনি।

এই বিতর্ক অস্ট্রেলিয়ার সততা ও ক্রীড়াসুলভ মনোভাবের সুনাম নিয়েও ব্যাপক প্রশ্ন তুলে আকরাম আরো বলেন, ‘অস্ট্রেলিয়ানরা তাদের স্পষ্টবাদিতা, মাঠে ও মাঠের বাইরে কঠোরতা এবং সবচেয়ে গুরুত্বপূর্ণভাবে সততার জন্য বিখ্যাত। আমার মনে হয়, এ কারণেই গোটা দল কিছুটা চাপের মধ্যে রয়েছে।’

আমি আশা করি বিষয়গুলোর সমাধান হয়ে যাবে, কিন্তু এটাই আমার মতামত বলে যোগ করেন তিনি।

বিতর্কের সূত্রপাত যেভাবে

সম্প্রতি অবসর নেওয়া অস্ট্রেলীয় ব্যাটার উসমান খাজা তার আসন্ন আত্মজীবনী ‘সবর’-এ বিস্ফোরক দাবি করে বলেন, ২০১৮ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে কেপটাউন টেস্টে বল টেম্পারিংয়ের পরিকল্পনার কথা অস্ট্রেলিয়া দলের ‘সবাই’ জানত।

এই ঘটনায় নিষিদ্ধ হওয়া ডেভিড ওয়ার্নার খাজার দাবিকে সমর্থন জানালেও, শুক্রবার এক দীর্ঘ সংবাদ সম্মেলনে প্যাট কামিন্স একে ‘সম্পূর্ণ অর্থহীন’ বলে উড়িয়ে দেন এবং ঘটনার বিষয়ে সম্পূর্ণ অজ্ঞ থাকার দাবি করেন।

এর পরদিনই কামিন্সের সেই বক্তব্য নিয়ে পাল্টা প্রশ্ন ছুড়ে দিলেন ওয়াসিম আকরাম। ওয়াসিমের এই হস্তক্ষেপ অস্ট্রেলিয়ান ক্রিকেটের অন্যতম ক্ষতিকর একটি অধ্যায়ের সময় খেলোয়াড়রা কী জানতেন, তা নিয়ে চলমান বিতর্কে আরও ইন্ধন জুগিয়েছে।