খুলনাঞ্চল রিপোর্ট।।
খুলনা, সাতক্ষীরা ও বাগেরহাটের উপকূলীয় এলাকায় বেড়িবাঁধের ভাঙন ও ঝুঁকি বাড়ছে। কোথাও নদীর প্রবল স্রোতে ধসে পড়ছে বাঁধ, কোথাও দেখা দিয়েছে বড় বড় ফাটল। তিন জেলায় ৪০টির বেশি পয়েন্টে শতাধিক কিলোমিটার বেড়িবাঁধ রয়েছে ঝুঁকিতে।
বিশেষ করে খুলনার দাকোপ, পাইকগাছা ও কয়রা, বাগেরহাটের শরণখোলা এবং সাতক্ষীরার আশাশুনির বিভিন্ন এলাকার বাসিন্দাদের মধ্যে দেখা দিয়েছে নতুন করে প্লাবিত হওয়ার আতঙ্ক। স্থানীয়দের অভিযোগ, প্রতিবছর বাঁধ মেরামত করা হলেও স্থায়ী সমাধান হচ্ছে না। তবে পানি উন্নয়ন বোর্ড বলছে, জরুরি সংস্কারের পাশাপাশি ঝুঁকিপূর্ণ এলাকায় টেকসই বাঁধ নির্মাণে নেওয়া হয়েছে একাধিক প্রকল্প।
খুলনার দাকোপ উপজেলার পানখালি গ্রাম। গত সপ্তাহে হঠাৎ করেই নদীর প্রবল স্রোতে ভেঙে যায় প্রায় ৫০ মিটার বেড়িবাঁধ। এতে আতঙ্ক ছড়িয়ে পড়ে পুরো এলাকায়। ভাঙনস্থলের আশপাশেও দেখা দিয়েছে ফাটল। নদীর পানি বাড়লে কিংবা জোয়ারের চাপ বাড়লে নতুন করে বাঁধ ভেঙে লোকালয়ে পানি ঢোকার আশঙ্কা করছেন বাসিন্দারা।
পানখালি ১ নম্বর ওয়ার্ডের স্থানীয় বাসিন্দা রফিকুল ইসলাম বলেন, বাঁধ ভেঙে গেলে শুধু বসতবাড়ি নয়, তলিয়ে যাবে ফসলি জমি, মাছের ঘেরসহ জীবিকার নানা উৎস। প্রতিবছরই বাঁধ নিয়ে এমন অনিশ্চয়তার মধ্যে থাকতে হয়। দ্রুত স্থায়ীভাবে বাঁধ নির্মাণ না হলে বড় ধরনের ক্ষতির আশঙ্কা রয়েছে।
শুধু পানখালি নয়, দাকোপের জাবেরের খেয়াঘাট, লক্ষ্মীখোলা, বটবুনিয়া ও নলডাঙ্গাসহ অন্তত ১০টি পয়েন্টে দেখা দিয়েছে ভাঙন ও ফাটল। কোথাও নদীর পাড় ধসে বাঁধ সরু হয়ে গেছে, কোথাও আবার বাঁধের মাটিতে তৈরি হয়েছে গভীর ফাটল। এসব স্থানে দ্রুত সংস্কার না হলে যেকোনো সময় বড় ধরনের বিপর্যয় ঘটতে পারে বলে আশঙ্কা স্থানীয়দের।
দাকোপের বাইরেও একই পরিস্থিতি পাইকগাছার দেলুটি, কয়রার মহেশ্বরীপুর, বাগেরহাটের শরণখোলা এবং সাতক্ষীরার আশাশুনীর বিভিন্ন এলাকায়। সব মিলিয়ে তিন জেলায় অর্ধশতাধিক পয়েন্টে বেড়িবাঁধ ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। কোথাও ভাঙন ঠেকাতে বালুর বস্তা ফেলা হচ্ছে, কোথাও চলছে অস্থায়ী মেরামত। কিন্তু এসব উদ্যোগে সাময়িকভাবে পরিস্থিতি সামাল দেওয়া গেলেও দীর্ঘমেয়াদি সুরক্ষা নিশ্চিত হচ্ছে না বলে অভিযোগ উপকূলবাসীর।
স্থানীয় বাসিন্দা লক্ষী রানী বলেন, নদীর পানি বাড়লেই আমাদের দুশ্চিন্তা শুরু হয়। বাঁধের কোথাও ফাটল দেখা দিলে কখন সেটি ভেঙে যাবে, সেই আতঙ্কে থাকতে হয়। একবার বাঁধ ভেঙে গেলে ঘরবাড়ি, জমি ও মাছের ঘের সবকিছুই পানিতে তলিয়ে যাওয়ার ঝুঁকি থাকে। তাই বারবার জোড়াতালি না দিয়ে স্থায়ী ও মজবুত বাঁধ নির্মাণ চান তারা।
দাকোপ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. বোরহান উদ্দিন মিঠু বলেন, উপজেলার বিভিন্ন এলাকায় বেড়িবাঁধের ঝুঁকিপূর্ণ স্থানগুলো নজরদারিতে রাখা হচ্ছে। ভাঙন প্রতিরোধে পানি উন্নয়ন বোর্ডের সঙ্গে সমন্বয় করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। তবে উপকূলীয় এলাকার দীর্ঘমেয়াদি সুরক্ষায় টেকসই বেড়িবাঁধ নির্মাণ জরুরি।
এদিকে পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা বলছেন, ঝুঁকিপূর্ণ স্থানগুলো চিহ্নিত করে জরুরি ভিত্তিতে সংস্কারকাজ চালানো হচ্ছে। পাশাপাশি নদীভাঙন প্রতিরোধ ও উপকূলীয় জনপদ রক্ষায় দীর্ঘমেয়াদি পরিকল্পনার আওতায় একাধিক প্রকল্প নেওয়া হয়েছে। এসব প্রকল্প বাস্তবায়িত হলে ঝুঁকিপূর্ণ এলাকার মানুষের নিরাপত্তা বাড়বে বলে আশা করছেন তারা।
পানি উন্নয়ন বোর্ডের অতিরিক্ত প্রধান প্রকৌশলী ড. মো. আবুল বাশার বলেন, ঝুঁকিপূর্ণ বাঁধগুলোতে জরুরি মেরামতের পাশাপাশি স্থায়ী সমাধানের বিষয়টি গুরুত্ব দেওয়া হচ্ছে। যেসব এলাকায় নদীভাঙনের আশঙ্কা বেশি, সেসব স্থানে প্রয়োজন অনুযায়ী সংস্কার ও টেকসই বাঁধ নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে।
পানি উন্নয়ন বোর্ডের আওতায় খুলনা, বাগেরহাট ও সাতক্ষীরা জেলায় রয়েছে প্রায় দুই হাজার কিলোমিটার বেড়িবাঁধ। এসব বাঁধের ওপর নির্ভরশীল লাখ লাখ উপকূলবাসীর জীবন-জীবিকা। ফলে অস্থায়ী মেরামতের পাশাপাশি ঝুঁকিপূর্ণ বাঁধগুলোর স্থায়ী ও টেকসই সংস্কার নিশ্চিত করা এখন উপকূলীয় জনপদের অন্যতম বড় দাবি।











































