স্পোর্টস ডেস্ক।।
সাফ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে স্বাগতিক বাংলাদেশ দলকে হারিয়ে ফাইনালে পাকিস্তান। প্রথম সেমিফাইনালে ভুটানকে হারিয়ে ফাইনাল নিশ্চিত করে ভারত। আগামী মঙ্গলবার (১৭ নভেম্বর) ফাইনালে মুখোমুখি হবে দুই প্রতিবেশী দেশ ভারত-পাকিস্তান।
আজ দ্বিতীয় সেমিফাইনালের মতো গুরুত্বপূর্ণ ম্যাচে একিবারে শেষ মুহূর্তে গোল খেয়ে পিছিয়ে পড়ে বাংলাদেশ। পাকিস্তানের আব্দুল সামাদের শট ঠেকাতে পারেননি গোলকিপার মেহেদী হাসান শ্রাবন।
খেলার ৮৫ মিনিটে গোল খেয়ে বিপদে পড়ে যায় লাল-সবুজের দল। গোল খেয়ে পিছিয়ে পড়ার পর জাতীয় স্টেডিয়ামে পিনপতন নীরবতা। বিদায়ঘণ্টা তখনই বাজে। এরপর চেষ্টা করেও গোল পরিশোধ করতে পারেনি বাংলাদেশ।
২০০৫ সালে সর্বশেষ সাফের ফাইনাল খেলেছিল বাংলাদেশ। সেবারও ঘরের মাঠে শিরোপা লড়াই পর্যন্ত যেতে পারেনি স্বাগতিকরা।
শনিবার (১৪ নভেম্বর) খেলার শুরু থেকে দুই দলের লড়াইটাই ছিল সমানে সমান। বাংলাদেশের পায়েই বল ছিল প্রায় ৬৪ শতাংশ। কয়েকটি শট লক্ষ্যেও ছিল। কিন্তু কাঙ্ক্ষিত গোল পায়নি লাল সবুজের দল।
ম্যাচের প্রথমার্ধে একাধিক গোলের সুযোগ তৈরি করলেও জালে দেখা পায়নি কোনো দল। গোল না পেলেও ম্যাচে আধিপত্য ছিল বাংলাদেশের। বলের দখল কিংবা আক্রমণ সব জায়গায় এগিয়ে ছিল স্বাগতিকরা।
বাংলাদেশ ও পাকিস্তান, দুই দলের শটই পোস্টে লেগেছে। বাংলাদেশের আক্রমণগুলো পাকিস্তানের বক্সের সামনে গিয়ে থেমে যাচ্ছে। পাকিস্তানও কয়েকবার ভয় ধরিয়েছে তবে গোল পায়নি।
অল্পের জন্য গোল পায়নি বাংলাদেশ। শমিত সোমের হেড থেকে পাওয়া বলে দুর্দান্ত একটা শট নিয়েছিলেন রাকিব। কিন্তু তার সেই জোরাল শট প্রথমে ঠেকিয়ে দেন পাকিস্তানের গোলকিপার, পরে তার হাত থেকে ছুটে গিয়ে বল লেগেছে পোস্টে। গোলবঞ্চিত হয় বাংলাদেশ।
খেলার ৩০ মিনিটে পাকিস্তান তারিক কাজী ফাঁকায় বল পেয়েও শটে গোল নিশ্চিত করতে পারেননি। বল পোস্টে লাগায় গোল বঞ্চিত থাকে পাকিস্তান।











































