স্পোর্টস ডেস্ক।।
সম্প্রতি ভালো ক্রিকেট খেলছে না বাংলাদেশ। জেতা ম্যাচ ড্র করেছে আফগানিস্তানের সঙ্গে। দেশের মাটিতে সিরিজ হেরেছে ওয়েস্ট ইন্ডিজের কাছে। তাই দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের আগে প্রেরণা খোঁজাটাই কঠিন হয়ে পড়েছে নাজমুল হোসেন শান্তদের। তারা ভুলে যেতে চাইছেন শেষ চারটি টেস্ট ম্যাচ।
শান্তরা প্রেরণা পেতে স্মৃতি হাতড়াচ্ছেন ডারউইন টেস্টে। জাতীয় দলের অন্তর্বর্তীকালীন ব্যাটিং কোচ ডেল বেনকেনস্টেইন বলেন, ‘তারা অস্ট্রেলিয়া সফর নিয়ে অনেক কথা বলছে; আমার মনে হয়, সেখান থেকেই আত্মবিশ্বাস পাচ্ছে তারা। এটি আসলে বিশ্বাসের ব্যাপার। আপনাকে বিশ্বাস রাখতে হবে যে পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিতে পারবেন এবং দক্ষিণ আফ্রিকার সঙ্গে পাল্লা দিতে পারবেন। আমার দৃঢ় বিশ্বাস, তাদের ভেতরে সেই আত্মবিশ্বাসটুকু আছে।’
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজ শেষ হওয়ার পরের দিনই দক্ষিণ আফ্রিকা সফরের বিমান ধরতে হয়েছে তাইজুল ইসলামদের। ১০ ও ১১ নভেম্বর ঢাকা ছাড়েন ক্রিকেটাররা। জোহানেসবার্গে পৌঁছে অনুশীলনও করেছেন দুই ভাগে। দ্বিতীয় দিনের অনুশীলন শেষে ব্যাটিং কোচ এক ভিডিও বার্তায় বলেন, ‘তাদের জন্য সময়টা খুবই কম, তবে ভালো দিক হলো তারা সরাসরি টেস্ট ক্রিকেট খেলে এসেছে। এই পরিস্থিতির সঙ্গে মানিয়ে নেওয়াটা আসল চ্যালেঞ্জ। এখন পর্যন্ত যা দেখেছি, তাতে মনে হয়েছে এটি অত্যন্ত প্রতিভাবান একটি ব্যাটিং গ্রুপ, যারা টেকনিক্যালি বেশ দক্ষ। তবে আগেই বলেছি, আসল পরীক্ষা হবে আমরা এই পরিস্থিতির সঙ্গে কতটা দ্রুত মানিয়ে নিতে পারি।’
বেনকেনস্টেইন মনে করেন, অস্ট্রেলিয়ার কন্ডিশনের সঙ্গে দক্ষিণ আফ্রিকার কন্ডিশনের মিল থাকায় ভালো করার সম্ভবনা আছে টাইগার ব্যাটারদের। তাঁর মতে, ‘আমরা সবাই জানি, বিশ্বের এক নম্বর দলের বিপক্ষে খেলা সহজ হবে না, তবে আমার মনে হয় টাইগাররা এই চ্যালেঞ্জ নিতে প্রস্তুত। আমি নিজেও এর অপেক্ষায় আছি। কারণ অস্ট্রেলিয়া সফরটি তাদের জন্য দারুণ ছিল, আর সেখানকার কন্ডিশন দক্ষিণ আফ্রিকার মতোই। তাই তাদের মধ্যে এই বিশ্বাস আছে যে, তারা মানিয়ে নিতে পারবে।’
বেনকেনস্টেইন জানান, দক্ষিণ আফ্রিকার বোলিংয়ের শক্তির জায়গা গতি ও বাউন্সে। অনুশীলনে ব্যাটারদের জন্য সে রকম পরিস্থিতি তৈরি করা হয়েছিল বলে জানান তিনি, ‘ব্যাটিংয়ে ভিন্ন ধরনের বাউন্সের সঙ্গে মানিয়ে নেওয়ার ওপর জোর দিয়েছি আমরা। দক্ষিণ আফ্রিকার বোলারদের মূল শক্তি হলো তাদের গতি ও বাউন্স। তবে গত কয়েক মাসে স্টার্ক ও হ্যাজলউডের মতো বোলারদের মুখোমুখি হওয়ার ফলে আমাদের ব্যাটারদের আত্মবিশ্বাস অনেক বেড়েছে।
ওয়েস্ট ইন্ডিজ দলেও বেশ কয়েকজন দ্রুতগতির বোলার আছেন। যদিও বাংলাদেশের কন্ডিশন কিছুটা ভিন্ন, তবুও তাদের মধ্যে এই বিশ্বাস আছে যে তারা এই বোলারদের সামলাতে পারবে। তাই প্রথম দুই দিনে আমাদের মূল লক্ষ্য ছিল টেস্ট ম্যাচের আবহ ও পরিস্থিতির সঙ্গে পুরোপুরি মানিয়ে নেওয়া।’ এবার খুব কম প্রস্তুতি নিয়ে প্রোটিয়াদের বিপক্ষে টেস্ট ম্যাচ খেলতে হবে বাংলাদেশকে।











































