Home আঞ্চলিক চাঁদা দাবি ও হুমকির ১৭ দিন পর পুলিশ প্রহরায় চয়নিকা ফার্মেসী খুলেছে

চাঁদা দাবি ও হুমকির ১৭ দিন পর পুলিশ প্রহরায় চয়নিকা ফার্মেসী খুলেছে

1


স্টাফ রিপোর্টার।।


চাঁদা দাবি ও প্রাণনাশের হুমকির মুখে নিরাপত্তা শঙ্কায় টানা ১৭ দিন বন্ধ থাকার পর অবশেষে পুলিশি প্রহরায় খুলনার নগরীর টুটপাড়া মোড়ের ‘চয়নিকা ফার্মেসী’ পুনরায় খোলা হয়েছে। শনিবার (১৪ নভেম্বর) সন্ধ্যা থেকে দোকানটি খুললে ব্যবসায়ী ও স্থানীয় মহলে কিছুটা স্বস্তি ফিরে আসে।


জানা গেছে, খুলনার বিভিন্ন এলাকায় ফার্মেসি ব্যবসায়ীদের কাছে কুখ্যাত সন্ত্রাসী ও চাঁদাবাজদের পক্ষ থেকে বিশাল অঙ্কের চাঁদা দাবি এবং প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছিল। এর প্রতিবাদে এবং নিরাপত্তার দাবিতে চয়নিকা ফার্মেসী ও মল্লিক ব্রাদার্সসহ বেশ কিছু ওষুধের দোকান বন্ধ রেখেছিল ব্যবসায়ীরা। এ ঘটনায় সন্ত্রাসীদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতি জেলা প্রশাসক ও কেএমপি কমিশনার বরাবর স্মারকলিপি দিয়ে ৭২ ঘণ্টার (৩ দিনের) আল্টিমেটাম দিয়েছিল।


অবশেষে প্রশাসনের পক্ষ থেকে যথাযথ নিরাপত্তা ও পুলিশ প্রহরার ব্যবস্থা নিশ্চিত করার পর শনিবার সন্ধ্যায় চয়নিকা ফার্মেসী তাদের কার্যক্রম পুনরায় শুরু করে। ব্যবসায়ীদের পক্ষ থেকে আশা প্রকাশ করা হয়েছে যে, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দ্রুত প্রকৃত অপরাধীদের আইনের আওতায় আনবে, যাতে ভীতিকর পরিবেশ কেটে গিয়ে ব্যবসায়ীরা নিরাপদে ব্যবসা পরিচালনা করতে পারেন।