মিলি রহমান।।
অনেকেই পেয়ারা খাওয়ার সময় বীজগুলি ফেলে দেন। কেউ কেউ আবার বীজসহ পেয়ারা খান। যেহেতু পেয়ারা বীজগুলি বেশ শক্ত তাই পেটে গেলে হজমের কোনও সমস্যা হয় কিনা-তা নিয়ে অনেকেরই প্রশ্ন আছে।
বিশেষজ্ঞদের মতে, যেকোন সুস্থ মানুষের জন্য অল্প পরিমাণে পেয়ারা ও এর বীজ খাওয়া নিরাপদ। তাই পেয়ারা খাওয়ার সময় প্রতিটি বীজ আলাদা করে ফেলে দেওয়ার প্রয়োজন নেই।
পেয়ারার বীজ পেটে গেলে কী হয়?
পেয়ারার বীজ বেশ শক্ত হওয়ায় পেয়ারা খাওয়ার পর বীজ পাকস্থলীতে পৌঁছলেও সেটি পুরোপুরি হজম হয় না। পাচনতন্ত্র পেয়ারা থেকে বিভিন্ন পুষ্টি উপাদান শোষণ করে নেয়, কিন্তু শক্ত বীজের বাইরের অংশ পুরোপুরি ভেঙে নাও যেতে পারে।
এরপর বীজ ছোট অন্ত্র ও বৃহদান্ত্রের মধ্য দিয়ে এগিয়ে যায়। শেষ পর্যন্ত সাধারণত মলের সঙ্গেই শরীর থেকে বেরিয়ে যায়। অর্থাৎ, বীজ গিলে ফেললে তা পেটে আটকে থাকে না বা পেটের ভিতরে কোনও গাছ জন্মায় না।
বীজে কি কোনও পুষ্টিগুণ আছে?
পেয়ারার বীজে কিছু ফাইবার ও অন্যান্য উদ্ভিজ্জ উপাদান থাকে। এ কারণে গোটা পেয়ারা খেলে ফলের পাশাপাশি এর বীজও খাবারের অংশ হয়ে যায়। তবে শুধু বীজ আলাদা করে খেলে, বিশেষ কোনও অতিরিক্ত স্বাস্থ্য উপকার পাওয়া যায়—এমন কোনো প্রমাণ নেই। পেয়ারার মূল পুষ্টিগুণ পেতে গোটা ফল খাওয়াই উচিত।
বেশি বীজ খেলে কি সমস্যা হতে পারে?
সাধারণ পরিমাণে পেয়ারা খেলে সাধারণত সমস্যা হয় না। তবে একসঙ্গে অনেকটা পেয়ারা খেলে, এর ফাইবারের কারণে কারও কারও গ্যাস, পেট ফাঁপা বা পেটের অস্বস্তি হতে পারে। বিশেষ করে যাদের হজমের সমস্যা রয়েছে, তাদের অতিরিক্ত পেয়ারা না খাওয়াই ভালো। বীজ চিবিয়ে খাওয়ার ক্ষেত্রেও খুব বেশি পরিমাণে খাওয়ার কোনও প্রয়োজন নেই। সূত্র: টিভিনাইন











































