ক্রীড়া প্রতিবেদক।।
দেশের মাটিতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজ জিততে পারেনি বাংলাদেশ। মিরপুরে হারের পর সিলেট টেস্ট ড্র করেছে তারা। এতে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলার স্বপ্ন ফিকে হয়ে গেছে তাদের। তবে উইন্ডিজ সিরিজের ব্যর্থতা ভুলে এখন দক্ষিণ আফ্রিকায় চোখ টাইগারদের। আজ থেকে জোহানেসবার্গে শুরু হচ্ছে বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকা সিরিজের প্রথম টেস্ট। আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ এটি। ভিন্ন কন্ডিশনে ভালো করার ব্যাপারে আত্মবিশ^াসী নাজমুল হোসেন শান্ত। এজন্য ব্যাটারদের কাছে দায়িত্বশীল ইনিংস প্রত্যাশা তার। গতকাল সংবাদ সম্মেলনে আরও বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেছেন বাংলাদেশ অধিনায়ক। বিস্তারিত-
এখানকার কন্ডিশনের সঙ্গে আপনারা কতটা মানিয়ে নিতে পেরেছেন?
শান্ত: সত্যি বলতে আমরা এই কন্ডিশনে অনুশীলনের জন্য পর্যাপ্ত সময় পায়নি। তবে পেশাদার ক্রিকেটার হিসেবে যে কোনো কন্ডিশনের সঙ্গে আপনাকে মানিয়ে নিতে হবে। অবশ্যই এখানকার কন্ডিশন কঠিন। তবে দলের কিছু খেলোয়াড়ের এখানে খেলার অভিজ্ঞতা আছে। তারা তরুণদের সঙ্গে তাদের অভিজ্ঞতা ভাগাভাগি করেছেন। এটা দলের সবাইকে সাহায্য করবে।
বোলিং কম্বিনেশন কেমন হতে পারে?
শান্ত: এই ফরম্যাটে বাংলাদেশ ক্রিকেটে বিশাল পরিবর্তন এসেছে। এখানকার কন্ডিশনের জন্য দলে বেশ কয়েকজন ভালো মানের পেস বোলার আছে। হাসান-তাসকিন সবাই। তারা দলের জন্য খুব ভালো করছে। তিন পেসার অবশ্যই থাকবে। সঙ্গে একটা স্পিনার অবশ্যই থাকা উচিত। কারণ স্পিনাররাও ভালো অবদান রাখছে, বিশেষ করে অস্ট্রেলিয়াতে যেভাবে বল করেছে, বিশেষ করে মিরাজ। আশা করি, তারা এখানে ভালো করবে। তবে সকালে এসে আরও একবার উইকেট দেখে আমরা সিদ্ধান্ত নেব।
অনুশীলনে তাওহিদ হৃদয়, মুমিনুল হককে দিয়ে বোলিং করানোর কারণ কী?
শান্ত: মুমিনুল ভাইকে গত কয়েক বছর আগেই ম্যাসেজ দেওয়া আছে যে, উনি যেন নেটে বোলিং করেন। উনি সেটা করছেন। এর আগে যেখানে খেলেছিলাম, তার সঙ্গে এখানকার ভেন্যু একটু আলাদা। একটু ডিফারেন্ট বোলিং, এটাক নিয়ে আমরা যাব। আমরা ঠিক করেছি, ব্যাটসম্যানরা যেন নেটে বোলিং করি। যদি ম্যাচে কাজে লাগে, কেননা…।
তানজিদের কাছে প্রত্যাশা কী থাকবে?
শান্ত: নির্দিষ্ট কোনো খেলোয়াড়ের কথা বলব না। এ ধরনের কন্ডিশনে পুরো ব্যাটিং ইউনিটের পারফর্ম করাটা গুরুত্বপূর্ণ। বিশেষ করে যারা সেট হবেন উইকেটে তাদের লম্বা ইনিংস খেলাটা গুরুত্বপূর্ণ। সেটা তামিম হোক বা অন্য কেউ। এখানে ব্যাটিংটা চ্যালেঞ্জিং। প্রথম ইনিংসে আমরা যদি একটা বড় টোটাল দিতে পারি, তাহলে আমাদের যে বোলিং অ্যাটাক আছে, আমরা খুব ভালোভাবে প্রতিদ্বন্দ্বিতা করতে পারব।
ডারউইনে ঐতিহাসিক টেস্ট ম্যাচ জয়ের পর দল আর ভালো করতে পারছে না…
শান্ত: মানসিকভাবে সবাই ভালো অবস্থানে আছে। আমাদের গত ২-৩টি ম্যাচ ভালো যায়নি। এটি সত্যি। ওইটা নিয়ে খুব বেশি চিন্তা না করে আমরা সামনে কীভাবে ভালো করতে পারি এটা গুরুত্বপূর্ণ। কোন কোন জায়গায় ভুল করেছি, কোন কোন জায়গায় একটু ভালো করতে পারতাম- এগুলো নিয়ে আলোচনা ছিল। যদিও এটা ভিন্ন কন্ডিশন। এই কন্ডিশনে আমরা ব্যাটসম্যান এবং বোলাররা কীভাবে ভালো করতে পারি তা গুরুত্বপূর্ণ। আমরা যদি আমাদের সেরা খেলাটা খেলতে পারি, পরিকল্পনা বাস্তবায়ন করতে পারি, এখানে আমরা ভালোভাবে ম্যাচটা খেলতে পারব।
কন্ডিশন কেমন হতে পারে?
শান্ত: কন্ডিশনটা এখনো দেখার সুযোগ হয়নি। এখানে অবশ্যই পেস বোলারদের একটু হেল্প থাকবেই। ওইটাই আশা করছি। আমাদের যে স্পিনাররা আছেন, তারা অভিজ্ঞ; এই ধরনের কন্ডিশনে বোলিং করে। পেস বোলারদের দায়িত্বটা একটু বেশি থাকবে। পাশাপাশি স্পিনাররা যদি ওই সাপোর্টটা করতে পারে, তাহলে ভালো হবে। এছাড়া এর আগে সাউথ আফ্রিকায় এসে (২০২২ সফরে ২-১) আমরা ওয়ানডে সিরিজ জিতেছি। এটা একটা আত্মবিশ^াস দেবে। একটা এভিডেন্স দেবে, এখানে এসে ভালো খেলা সম্ভব এবং ম্যাচ জেতা সম্ভব। দিনশেষে আমাদের সেরা ক্রিকেটটা খেলতে হবে এবং আমরা যে পরিকল্পনা করেছি, মাঠে তা বাস্তবায়ন করতে হবে।
টেস্ট জয়ের ব্যাপারে আপনি কতটা আত্মবিশ^াসী?
শান্ত: আমার তো অনেক বেশি আত্মবিশ^াস। বিশ^াস না থাকলে কোনো কিছুই করা সম্ভব না। পুরো টিম বিশ^াস করে আমরা এখানে ভালো ক্রিকেট খেলতে পারব।
কম্বিনেশন বিবেচনায় মাহফিজুলকে দলে নেওয়া হয়েছে। তার খেলার সম্ভাবনা কতটা?
শান্ত: রবিন যে শুধু ডানহাতি বলেই টিমে এসেছে এমন কিছু না। পরিকল্পনার অংশ ছিল, পাশাপাশি ও যেভাবে ফাস্ট ক্লাস ক্রিকেটে পারফর্ম করেছে, ও ডিজার্ভ করে এই দলে আসা। নাঈম শেখও আসছে। ও ফাস্ট ক্লাসে গত কয়েক বছর ধরে ভালো করছে। দুজনই ভালো ফর্মে আছে। এই জায়গাটা আমি বলতে চাচ্ছি না। দুজন খুব ভালো টাচে আছে। আমরা জানি, কাকে খেলাব। এটা আমাদের মধ্যেই থাক।











































