বাগেরহাট প্রতিনিধি।।
২০০৭ সালের ১৫ নভেম্বর। উপকূলজুড়ে সেদিন সুপার সাইক্লোন সিডরের ভয়াবহ তাণ্ডব। চারদিকে ধ্বংসযজ্ঞ, প্রাণ বাঁচাতে মানুষ ছুটছে আশ্রয়কেন্দ্রে।
ভয়াল সেই রাতে বাগেরহাটের মোংলায় আশ্রয়কেন্দ্রেই জন্ম হয়েছিল এক শিশুর। ঘূর্ণিঝড়ের নামের সঙ্গে মিল রেখে শিশুটির নাম রাখা হয় সিডর সরকার। জন্মের পর দেশ-বিদেশের গণমাধ্যমে ব্যাপক আলোচনায় আসে শিশুটি।
অনেকেই তার পাশে দাঁড়ানোর আশ্বাস দিয়েছিলেন। আশ্বাস ছিল পরিবারের দায়িত্ব নেওয়ারও, কিন্তু সময়ের ব্যবধানে সেসব প্রতিশ্রুতির অধিকাংশই বাস্তবায়িত হয়নি।
দেখতে দেখতে ১৮ বছর পেরিয়ে ১৯ বছরে পা রেখেছেন সেই সিডর। দারিদ্র্য আর নানা প্রতিকূলতার মধ্যে বেড়ে ওঠা সিডরের এখন একটাই স্বপ্ন,পরিবারের অভাব ঘুচিয়ে একটু ভালোভাবে বাঁচা।

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, সুপার সাইক্লোন সিডর যখন উপকূলজুড়ে তাণ্ডব চালাচ্ছিল, তখন নিজের ও অনাগত সন্তানের জীবন বাঁচাতে মোংলার চিলা গ্রামের একটি আশ্রয়কেন্দ্রে আশ্রয় নেন সন্তানসম্ভবা গৃহবধূ সাথী সরকার। সে রাতেই আশ্রয়কেন্দ্রে তিনি জন্ম দেন একটি ছেলেসন্তানের। পরে ঘূর্ণিঝড়ের নাম অনুসারে শিশুটির নাম রাখা হয় সিডর সরকার।
এদিকে জন্মের মাত্র তিন বছর পর সিডর ও তার বাবাকে রেখে অন্যত্র বিয়ে করেন মা সাথী সরকার। এরপর থেকে বাবার পরিবারেই বেড়ে ওঠেন সিডর।
সিডরের প্রতিবেশী জোহন সরদার বলেন, ছোটবেলা থেকেই সিডর পড়াশোনার পাশাপাশি খেলাধুলায় বেশ ভালো ছিল। বিশেষ করে ফুটবল খেলায় তার আগ্রহ ও দক্ষতা ছিল, কিন্তু আর্থিক অনটনের কারণে পড়াশোনা চালিয়ে যেতে পারেননি। একই কারণে এগিয়ে যাওয়ার সুযোগ হয়নি খেলাধুলায়ও।
জোহন সরদারের ভাষ্য অনুযায়ী, এসএসসি পরীক্ষার সময় ফরম পূরণের টাকা জোগাড় করতে না পারায় পরীক্ষায় অংশ নেওয়া সম্ভব হয়নি সিডরের। ফলে সেখানেই থেমে যায় পড়াশোনা। বর্তমানে পরিবারের আর্থিক সংকটের কারণে মাছ ধরা কিংবা জেলে পেশায় যুক্ত হওয়া ছাড়া সামনে তার তেমন কোনো পথ খোলা নেই।
একই এলাকার প্রতিবেশী বিজলী সরদার বলেন, সিডরের জন্মের পর বিভিন্ন পত্র-পত্রিকায় সংবাদ প্রকাশিত হলে অনেক এনজিও তার পাশে দাঁড়ানোর প্রতিশ্রুতি দিয়েছিল। অনেকে তার পড়াশোনার দায়িত্ব নেওয়ার আশ্বাসও দিয়েছিলেন, কিন্তু শেষ পর্যন্ত কারো কাছ থেকেই তেমন সহযোগিতা মেলেনি।
বিজলী সরদার জানান, সিডরের বাবা জর্জি সরকারের এক হাত ভাঙা। তার পরও জীবিকার তাগিদে সাগরে মাছ ধরতে যেতে হয় তাকে। বর্তমানে তিনি সুন্দরবনের দুবলার চরে শুঁটকি আহরণ মতো মৌসুমী কাজে রয়েছেন।
তিনি বলেন, আমরা চাই, সিডর তার পরিবার নিয়ে ভালো থাকুক। সরকার যদি তার জন্য একটি কাজের ব্যবস্থা করে দিত, তাহলে পরিবারটির অনেক উপকার হতো।
সিডরের সৎমা অনিতা সরকার বলেন, ‘তিন বছর বয়স থেকেই আমি সিডরকে দেখাশোনা করছি। আমার কোনো সন্তান নেই। নিজের সন্তানের মতোই তাকে (সিডর) লালন-পালন করেছি। পরিবারের অভাব ঘোচাতে আমি মোংলা ইপিজেডের একটি কারখানায় কাজ করি। তার বাবাও সাগরে মাছ ধরতে যান।
অনিতার ভাষ্য, ‘আমরা চাই, ছেলেটা জীবনে ভালো কিছু করুক। সে বিদেশে যেতে চায়। সেখানে গিয়ে উপার্জন করে পরিবারের অভাব-অনটন দূর করতে চায়। সরকার যদি এ বিষয়ে আমাদের একটু সহযোগিতা করতো, তাহলে আমরা কিছুটা ভালোভাবে চলতে পারতাম।’
সিডরের দাদি রিভা সরকার জানান, জন্মের পর সিডরের পড়াশোনার দায়িত্ব নেওয়া, জমি কিনে বাড়ি করে দেওয়াসহ নানা সহযোগিতার আশ্বাস দিয়েছিলেন অনেকে। এমনকি একটি জাতীয় দৈনিক পত্রিকার পক্ষ থেকেও তার লেখাপড়ার দায়িত্ব নেওয়া এবং পরিবারকে জমি কিনে বাড়ি করে দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল।
রিভা সরকারের দাবি, সিডরের ছবি দিয়ে ছাপানো হয়েছিল পত্রিকার ক্যালেন্ডারও। সে সময় তাদের দোকানের জন্য কিছু মালামাল দেওয়া হলেও পরে আর কোনো সহযোগিতা মেলেনি বলে অভিযোগ করেন তিনি।
আক্ষেপ করে রিভা সরকার বলেন, আজ সিডরের জন্মদিন। এই দিনেও ওর মুখে একটু ভালো খাবার তুলে দিতে পারব কি না, জানি না।
সিডর সরকার বলেন, টাকার অভাবে এসএসসি পরীক্ষার ফরম পূরণ করতে পারিনি। এ কারণে পরীক্ষায়ও বসা হয়নি। অভাবের কারণে মোংলা ইপিজেডের একটি কারখানায় সাত মাস কাজ করেছি। এখন সেই চাকরিটিও নেই। আমাদের এলাকার অধিকাংশ মানুষ জেলে পেশায় নিয়োজিত। কিন্তু আমি জেলে হতে চাই না। আমার স্বপ্ন বিদেশে গিয়ে উপার্জন করে পরিবারের সচ্ছলতা ফিরিয়ে আনা।











































