Home আঞ্চলিক জলবায়ু ক্ষতির দায় ধনী দেশগুলোর, উপকূলের মানুষের হাতে খালি কলস

জলবায়ু ক্ষতির দায় ধনী দেশগুলোর, উপকূলের মানুষের হাতে খালি কলস

2


স্টাফ রিপোর্টার।।

বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের জন্য বাংলাদেশ দায়ী না হলেও উষ্ণায়ন ও কার্বন নিঃসরণের ভয়াবহ মূল্য দিতে হচ্ছে দেশের উপকূলীয় জনগোষ্ঠীকে। একদিকে লবণাক্ততায় কৃষিজমি ও সুপেয় পানির উৎস নষ্ট হচ্ছে, অন্যদিকে নদীভাঙন, ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাস কেড়ে নিচ্ছে মানুষের ঘরবাড়ি ও জীবিকা। অথচ জলবায়ু ক্ষয়ক্ষতি মোকাবিলায় প্রয়োজনীয় অর্থায়ন ও কার্যকর সহায়তা এখনো নিশ্চিত হয়নি। এই বৈষম্যের প্রতিবাদে খুলনায় নৌকায় মানববন্ধন ও খালি মাটির কলস প্রদর্শন করে জলবায়ু ন্যায্যতা এবং ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠীর অধিকার প্রতিষ্ঠার দাবি জানিয়েছেন নাগরিক সমাজের প্রতিনিধিরা।

আজ রবিবার (১৫ নভেম্বর) দুপুরে নগরীর ভৈরব নদের জেলখানা ফেরিঘাটে ক্লাইমেট অ্যাকশন ফোরাম খুলনা জেলা কমিটির উদ্যোগে এ ব্যতিক্রমী প্রতীকী কর্মসূচি পালিত হয়। তুরস্কের আনতালিয়ায় অনুষ্ঠিত জাতিসংঘের জলবায়ু সম্মেলন কপ-৩১ উপলক্ষে বেসরকারি সংস্থা লোকাল এনভায়রনমেন্ট ডেভেলপমেন্ট অ্যান্ড অ্যাগ্রিকালচারাল রিসার্চ সোসাইটির (লিডার্স) সহযোগিতায় এ আয়োজন করা হয়।

কর্মসূচিতে বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের অভিঘাতে দক্ষিণ-পশ্চিম উপকূলীয় অঞ্চলের মানুষের জীবন ক্রমেই দুর্বিষহ হয়ে উঠছে। সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি, নদীর নাব্যতা হ্রাস ও গতিপথ পরিবর্তন, মাটিতে লবণাক্ততা বৃদ্ধি, নদীভাঙন, ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাস এ অঞ্চলের মানুষের অস্তিত্ব ও জীবিকাকে হুমকির মুখে ফেলেছে। খুলনা, সাতক্ষীরা ও বাগেরহাটের বিস্তীর্ণ এলাকার মানুষ সুপেয় পানির তীব্র সংকট, কৃষি উৎপাদন ব্যাহত হওয়া, কর্মসংস্থানের অনিশ্চয়তা এবং পরিবেশগত বিপর্যয়ের সঙ্গে প্রতিনিয়ত লড়াই করছেন।

বক্তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, বৈশ্বিক উষ্ণায়ন ও জলবায়ু পরিবর্তনের জন্য বাংলাদেশের মানুষের দায় নগণ্য; অথচ ক্ষতির বোঝা সবচেয়ে বেশি বহন করতে হচ্ছে তাঁদেরই। যেসব উন্নত দেশ দীর্ঘদিন ধরে বিপুল পরিমাণ কার্বন নিঃসরণ করে বৈশ্বিক জলবায়ু সংকট তৈরি করেছে, তাদেরই এই ক্ষয়ক্ষতির দায় নিতে হবে এবং ক্ষতিগ্রস্ত দেশ ও জনগোষ্ঠীর জন্য পর্যাপ্ত অর্থায়ন নিশ্চিত করতে হবে।

তাঁরা আরও বলেন, জলবায়ু ক্ষতিপূরণ কোনো দান, ঋণ কিংবা অনুদান নয়; এটি ক্ষতিগ্রস্ত মানুষের ন্যায্য অধিকার। ঋণের বোঝা চাপিয়ে কিংবা প্রকল্পনির্ভর সাময়িক সহায়তা দিয়ে উপকূলের মানুষের দীর্ঘমেয়াদি সংকটের সমাধান সম্ভব নয়। ক্ষয়ক্ষতি মোকাবিলায় দায়ী দেশগুলোর কাছ থেকে ন্যায্য অর্থ আদায়, ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর অভিযোজন সহায়তা এবং নিরাপদ পানির নিশ্চয়তা দিতে হবে।

কর্মসূচিতে নৌকার ওপর খালি মাটির কলস সাজিয়ে প্রদর্শন করা হয়। ব্যানার ও প্ল্যাকার্ডে তুলে ধরা হয় উপকূলের সুপেয় পানির সংকট, লবণাক্ততা, নদীভাঙন, নাব্যতা হ্রাস এবং জলবায়ু পরিবর্তনের বহুমাত্রিক বিপর্যয়ের চিত্র। প্রতীকী খালি কলসের মাধ্যমে উপকূলের মানুষের পানির হাহাকার ও বঞ্চনার বাস্তবতা তুলে ধরেন আয়োজকেরা।

ক্লাইমেট অ্যাকশন ফোরামের সভাপতি কৌশিক দের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক উত্তম মন্ডলের সঞ্চালনায় কর্মসূচিতে সংহতি প্রকাশ করেন নারী নেত্রী সিলভি হারুন, জ্যেষ্ঠ সাংবাদিক মো. হেদায়েত হোসেন মোল্লা, সৈয়দ হুমায়ূন কবীর রানা, সাংবাদিক আনিসুর রহমান কবির, তরুণ নেতা তাসমিন জেরিন, লিডার্সের প্রোগ্রাম ম্যানেজার বিপ্লব কুন্ডু, প্রজেক্ট কো-অর্ডিনেটর শারমিন আক্তার লিনা এবং প্রকিউরমেন্ট অ্যান্ড অ্যাডমিন অফিসার মো. শওকত হোসেন প্রমুখ।

কর্মসূচিতে বিভিন্ন শ্রেণি-পেশার অর্ধশতাধিক মানুষ অংশ নেন। বক্তারা বলেন, জলবায়ু সম্মেলনে শুধু প্রতিশ্রুতি নয়, উপকূলের মানুষের জীবন রক্ষায় কার্যকর সিদ্ধান্ত, পর্যাপ্ত অর্থায়ন এবং জবাবদিহি নিশ্চিত করতে হবে। অন্যথায় জলবায়ু সংকটের দায় না নিয়েও সবচেয়ে বড় মূল্য দিতে হবে বাংলাদেশের উপকূলীয় জনগোষ্ঠীকেই।