আন্তর্জাতিক ডেস্ক।।
ইসরায়েলে নতুন সরকার গঠন নিয়ে রাজনৈতিক টানাপোড়েনের মধ্যে প্রতিদ্বন্দ্বী গাদি আইজেনকটকে জাতীয় ঐক্যের সরকার গঠনের আহ্বান জানিয়েছেন তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তার দাবি, ইসরায়েলের নিরাপত্তা নিশ্চিত করতে জাতীয় ঐক্যের সরকারের কোনো বিকল্প নেই।
তবে নেতানিয়াহুর এই আহ্বানকে ‘রাজনৈতিক কৌশল’ আখ্যা দিয়ে তাৎক্ষণিকভাবে তা প্রত্যাখ্যান করেছেন সরকার গঠনের দায়িত্ব পাওয়া আইজেনকট। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয় সময় শনিবার এক ভিডিও বার্তায় নেতানিয়াহু বলেন, বৃহস্পতিবার (১২ নভেম্বর) আইজেনকোটের সঙ্গে বৈঠকের পর জাতীয় ঐক্যের সরকার গঠনের প্রয়োজনীয়তা নিয়ে তার বিশ্বাস আরও দৃঢ় হয়েছে।
নেতানিয়াহুর দাবি, এ ধরনের সরকারই কেবল ইসরায়েলের নিরাপত্তা নিশ্চিত করতে পারে। একই সঙ্গে এমন সরকার গঠিত হলে ইরানের হুমকি চিরতরে দূর করা সম্ভব হবে বলেও মন্তব্য করেন তিনি। তার অভিযোগ, তেহরান ইসরায়েলের বিরুদ্ধে পারমাণবিক অস্ত্র ব্যবহার করতে দ্বিধা করবে না।
ভিডিও বার্তায় নেতানিয়াহু আরও বলেন, ‘কোনো পূর্বশর্ত ছাড়াই চলুন, আমরা এক জায়গায় বসি।
তবে নেতানিয়াহুর আহ্বানের কয়েক মিনিটের মধ্যেই তা প্রত্যাখ্যান করেন সাবেক সেনাপ্রধান আইজেনকট। তার দাবি, নেতানিয়াহু জানেন যে তিনি নির্বাচনে হেরে গেছেন।
আইজেনকোটের ভাষায়, ‘আলোচনা যখন ইতোমধ্যে শুরু হয়েছে, তখন নেতানিয়াহুর নতুন করে আলোচনার আহ্বান রাজনৈতিক কৌশল ছাড়া কিছু নয়।’
উল্লেখ্য, গত ২৭ অক্টোবর অনুষ্ঠিত নির্বাচনে কোনো পক্ষই পার্লামেন্টে একক সংখ্যাগরিষ্ঠতা পায়নি। ১২০ আসনের নেসেটে নেতানিয়াহুর ডানপন্থী ও ধর্মীয় জোট পেয়েছে ৫৩টি আসন। আইজেনকোটের চারদলীয় জোট পেয়েছে ৪৮টি আসন। অন্যদিকে আরব নেতৃত্বাধীন দলগুলো পেয়েছে রেকর্ড ১৯টি আসন।
গত সপ্তাহে প্রেসিডেন্ট আইজ্যাক হারজগ সরকার গঠনের দায়িত্ব দিয়েছেন আইজেনকোটকে। ৬৭ জন আইনপ্রণেতা তাকে সমর্থন জানিয়েছেন, যাদের মধ্যে আরব নেতৃত্বাধীন দলগুলোর সদস্যরাও রয়েছেন। অন্যদিকে নেতানিয়াহুর পক্ষে সমর্থন দিয়েছেন ৪৬ জন।
সরকার গঠনের জন্য আইজেনকোট ২৮ দিন সময় পেয়েছেন। প্রয়োজনে আরও ১৪ দিন সময় বাড়ানোর সুযোগ রয়েছে। তবে তিনি তার সরকারে আরব নেতৃত্বাধীন দলগুলোকে অন্তর্ভুক্ত না করার সিদ্ধান্ত জানিয়েছেন।
আইজেনকোটের পরিকল্পনা অনুযায়ী, তার জোটের ৪৮ জন সদস্য নেতানিয়াহুর ৪৬ সমর্থকের বিপক্ষে ভোট দেবেন। অন্যদিকে আরব ও কট্টরপন্থী ধর্মীয় দলগুলোর ২৬ জন সদস্য ভোটদানে বিরত থাকতে পারেন। এতে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা ছাড়াই সরকার গঠনের অনুমোদন পাওয়া সম্ভব। তবে এমন সংখ্যালঘু সরকার গঠিত হলে ইসরায়েলের ‘পতন’ ঘটবে বলে সতর্ক করেছেন নেতানিয়াহু।
নেতানিয়াহুর প্রস্তাবিত জাতীয় ঐক্যের সরকারে মধ্যপন্থী ও ডানপন্থী ইহুদি দলগুলোকে রাখার কথা বলা হয়েছে। তবে আরব দলগুলোকে বাদ দিতে চান তিনি। তার মিত্ররা অভিযোগ করেছেন, আরব নেতৃত্বাধীন দলগুলো নির্বাচনে ‘কারচুপি করে’ জয় পেয়েছে। তবে এ অভিযোগের পক্ষে কোনো প্রমাণ দেওয়া হয়নি।
গত শুক্রবার আইজেনকোট নেতানিয়াহুর এই প্রচারণাকে ‘বর্ণবাদী’ বলে আখ্যা দেন। তিনি জানিয়েছেন, নেতানিয়াহুর লিকুদ পার্টির সদস্য এবং বেজালেল স্মোট্রিচের রিলিজিয়াস জায়নিজম পার্টির সঙ্গে কাজ করতে তার আপত্তি নেই, যদি ঐক্যের বিষয়ে তাদের প্রতিশ্রুতি আন্তরিক হয়। তবে কট্টরপন্থীদের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার শর্ত দিয়েছেন তিনি। বিশেষ করে উগ্র ডানপন্থী মন্ত্রী ইতামার বেন-গভিরের সমর্থকদের সরকারে না রাখার বিষয়ে জোর দিয়েছেন আইজেনকোট।
এদিকে আগামী মঙ্গলবার (১৭ নভেম্বর) নেসেটের স্পিকার নির্বাচন অনুষ্ঠিত হবে। বর্তমানে এ পদে রয়েছেন নেতানিয়াহুর মিত্র আমির ওহানা। তার বিপরীতে সাবেক সামরিক কর্মকর্তা মাতান কাহানাকে প্রার্থী করেছে বিরোধী দল।











































