স্পোর্টস ডেস্ক।।
বাংলাদেশের বিদায়ের সঙ্গে সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনাল ঘিরে দর্শকদের আগ্রহেও ভাটা পড়েছে। তার প্রভাব পড়েছে টিকিটের দামে। যে গ্যালারি টিকিটের দাম ছিল ১ হাজার টাকা, সেটিই এখন পাওয়া যাচ্ছে মাত্র ২০০ টাকায়।
আগামী ১৭ নভেম্বর ভারত ও পাকিস্তানের মধ্যকার ফাইনাল অনুষ্ঠিত হবে। টিকিট বিক্রির দায়িত্বে থাকা প্রতিষ্ঠান টিকিফাইয়ের ওয়েবসাইটে আজ গ্যালারির টিকিটের দাম ২০০ টাকা দেখা গেছে। অথচ বাংলাদেশ সেমিফাইনালে উঠলে কমানোর পরও এই টিকিটের দাম ছিল ৮০০ টাকা।
পাকিস্তানের কাছে ১-০ গোলে হেরে সেমিফাইনাল থেকে বাংলাদেশের বিদায়ের পর ফাইনালের টিকিটের দাম কমেছে চার গুণ। তবে এত কম দামেও গ্যালারি কতটা পূর্ণ হবে, তা নিয়ে সংশয় রয়েছে।
বাংলাদেশ-পাকিস্তান সেমিফাইনালে জাতীয় স্টেডিয়ামের প্রায় ২২ হাজার আসনের বিপরীতে উপস্থিত ছিলেন ২১ হাজার ৯৮৩ দর্শক। শ্রীলঙ্কাকে ৪-০ গোলে হারিয়ে সেমিফাইনালে ওঠার পর ফাইনালে বাংলাদেশের খেলার স্বপ্ন দেখেছিলেন সমর্থকেরা। কিন্তু সেই স্বপ্ন ভেঙে যাওয়ায় ভারত-পাকিস্তান ফাইনাল নিয়ে দর্শকদের আগ্রহ কতটা থাকে, এখন সেটিই দেখার বিষয়।











































