স্পোর্টস ডেস্ক
পাকিস্তানের বিপক্ষে সাফ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে হারের ধাক্কা এখনো কাটিয়ে উঠতে পারেনি বাংলাদেশ। ২৩ বছরের অপেক্ষা পেরিয়ে ফাইনালে ওঠার স্বপ্ন দেখেছিল দল। কিন্তু শেষ মুহূর্তের এক গোলে হেরে বিদায় নিতে হয়েছে স্বাগতিকদের। সেই হারের পর ক্ষমা চেয়েছেন গোলরক্ষক মেহেদী হাসান শ্রাবণ। অন্যদিকে ক্ষোভ ও হতাশা প্রকাশ করেছেন জামাল ভূঁইয়া।
ম্যাচের শেষ দিকে আব্দুল সামাদ আরশাদের শট ঠেকাতে না পারায় সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনার মুখে পড়েছেন শ্রাবণ। নিজের ভুলের জন্য আজ ফেসবুকে সমর্থকদের কাছে ক্ষমা চেয়েছেন তিনি। লিখেছেন, ফাইনালে ওঠার আনন্দ ভাগাভাগি করার স্বপ্ন দেখেছিলেন, কিন্তু একটি অনাকাঙ্ক্ষিত ভুল সবকিছু বদলে দিয়েছে। সতীর্থ, কোচ ও দেশের সমর্থকদের কাছে দুঃখ প্রকাশ করে তিনি বলেন, এই ঘটনা তার জন্য বেদনাদায়ক শিক্ষা হয়ে থাকবে।
এদিকে পাকিস্তানের বিপক্ষে ম্যাচে দেরিতে মাঠে নামানোয় অসন্তুষ্ট জামাল ভূঁইয়া। টিম হোটেল ছাড়ার সময় সাংবাদিকদের তিনি জানান, ম্যাচের হতাশায় সারা রাত ঘুমাতে পারেননি। ভোর ছয়টা পর্যন্ত হামজা চৌধুরীর কক্ষে ছিলেন। তার প্রত্যাশা ছিল, আরও আগেই তাকে মাঠে নামানো হবে। কিন্তু যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে, অর্থাৎ ৯০ মিনিটের পর মাঠে নামতে হয়েছে তাকে।
শুধু বদলি হিসেবে মাঠে নামার সময় নিয়েই নয়, দলের কৌশল নিয়েও প্রশ্ন তুলেছেন জামাল। তার মতে, পাকিস্তান পাঁচ ডিফেন্ডার নিয়ে খেলবে, সেটি বাংলাদেশের জানা ছিল। এমন প্রতিপক্ষের বিপক্ষে খেলার কৌশল থাকার কথা থাকলেও বাংলাদেশ কোনো কার্যকর সমাধান খুঁজে পায়নি। আগের ম্যাচের মতো খেলতে না পারার পেছনে কৌশলগত ঘাটতিকে সম্ভাব্য কারণ হিসেবে দেখছেন তিনি।
দলের ব্যবস্থাপনা নিয়েও অসন্তোষ প্রকাশ করেছেন জামাল। তার মতে, ভুল থেকে শিক্ষা নিতে হবে শুধু খেলোয়াড়দের নয়, ম্যানেজমেন্টকেও। শ্রীলঙ্কার বিপক্ষে আগের ম্যাচে ২-০ গোলে এগিয়ে থাকার সময় গুরুত্বপূর্ণ খেলোয়াড়দের বিশ্রাম দেওয়ার বিষয়টি বিবেচনা করা উচিত ছিল। বিশেষ করে ৪৮ ঘণ্টা পর আরেকটি ম্যাচ থাকায় হামজা চৌধুরীর মতো খেলোয়াড়ের বিশ্রাম প্রয়োজন ছিল বলে মনে করেন তিনি। তবে শেষ পর্যন্ত একাদশ ও খেলোয়াড় পরিবর্তনের সিদ্ধান্ত কোচের বলেও স্বীকার করেছেন জামাল।











































