ঢাকা অফিস।।
জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) তথ্য সংশোধন করে দেওয়ার নামে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতারণার বিষয়ে সতর্ক করেছে বাংলাদেশ নির্বাচন কমিশন (ইসি)। হোয়াটসঅ্যাপ ও ফেসবুক মেসেঞ্জারে নির্বাচন কমিশনের কর্মকর্তা পরিচয়ে সাধারণ মানুষের কাছ থেকে অর্থ হাতিয়ে নিচ্ছে একটি প্রতারক চক্র।
রবিবার (১৫ নভেম্বর) নির্বাচন কমিশনের পরিচালক (জনসংযোগ) মো. আব্দুল মমিন সরকারের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ বিষয়ে সতর্কবার্তা দেওয়া হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রতারক চক্রের সদস্যরা নিজেদের নির্বাচন কমিশনের কর্মকর্তা পরিচয় দিয়ে এনআইডির তথ্য সংশোধন করে দেওয়ার প্রলোভন দেখাচ্ছে। এ ক্ষেত্রে তারা কখনো কখনো নির্বাচন কমিশন সচিবালয়ের কর্মকর্তাদের ব্যক্তিগত ছবিও ব্যবহার করছে। এরপর হোয়াটসঅ্যাপ ও ফেসবুক মেসেঞ্জারের মাধ্যমে সাধারণ মানুষের কাছ থেকে অর্থ আদায় করছে।
এ ধরনের প্রতারণা থেকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে ইসি জানিয়েছে, এনআইডি সংশোধনসহ পরিচয়পত্র-সংক্রান্ত কোনো সেবা দিতে বাংলাদেশ নির্বাচন কমিশন হোয়াটসঅ্যাপ, ফেসবুকসহ কোনো সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করে না।
বিজ্ঞপ্তিতে এনআইডি-সংক্রান্ত যে কোনো সেবা পেতে সংশ্লিষ্ট উপজেলা বা থানা নির্বাচন অফিসে যোগাযোগ করার পরামর্শ দেওয়া হয়েছে। এ ছাড়া এ বিষয়ে তথ্য ও সেবা পেতে নির্বাচন কমিশনের ১০৫ নম্বর হটলাইনে কল করতে বলা হয়েছে।











































