Home Lead দেশে মাসে প্রায় ৩০০ খুন, বাড়ছে উদ্বেগ

দেশে মাসে প্রায় ৩০০ খুন, বাড়ছে উদ্বেগ

2

ঢাকা অফিস।।


দেশে প্রতিদিন গড়ে প্রায় ১০টি হত্যাকাণ্ডের ঘটনা ঘটছে। চলতি বছরের জানুয়ারি থেকে অক্টোবর—১০ মাসে সারা দেশে খুনের ঘটনায় মামলা হয়েছে ২ হাজার ৯৩৮টি। সে হিসাবে প্রতি মাসে গড়ে ২৯৪টি হত্যার মামলা হয়েছে। শুধু হত্যাকাণ্ড নয়, চাঁদাবাজি, ডাকাতি, দস্যুতা, অপহরণ ও প্রকাশ্যে আগ্নেয়াস্ত্র ব্যবহারের ঘটনাও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ বাড়াচ্ছে। বিশেষ করে খুলনায় সাম্প্রতিক সময়ে একের পর এক গুলির ঘটনা ও হত্যাকাণ্ড সাধারণ মানুষের নিরাপত্তা নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে।

পুলিশ সদর দপ্তরের পরিসংখ্যান অনুযায়ী, চলতি বছরের প্রথম ১০ মাসে সারা দেশে বিভিন্ন অপরাধে মোট ১ লাখ ৭০ হাজার ১০১টি মামলা হয়েছে। এর মধ্যে হত্যার মামলা ২ হাজার ৯৩৮টি। একই সময়ে ডাকাতির ঘটনায় ৪১৭টি, দস্যুতার ঘটনায় ১ হাজার ৫১৯টি এবং অপহরণের ঘটনায় ৮৬৭টি মামলা হয়েছে। আগের বছর পুরো সময়ে বিভিন্ন অপরাধে মামলা হয়েছিল ১ লাখ ৮১ হাজার ৬৭৩টি। তবে মামলার সংখ্যা দিয়ে অপরাধের প্রকৃত সংখ্যা পুরোপুরি বোঝা যায় না। কারণ, কোনো কোনো ঘটনায় একাধিক ব্যক্তি নিহত হলেও মামলা হয় ১টি।


পুলিশের আটটি মহানগর ও নয়টি রেঞ্জের পরিসংখ্যান বিশ্লেষণে দেখা গেছে, মহানগরগুলোর মধ্যে সবচেয়ে বেশি ২১৮টি হত্যার মামলা হয়েছে ঢাকা মহানগর এলাকায়। আর নয়টি রেঞ্জের মধ্যে ঢাকা রেঞ্জে সর্বোচ্চ ৬৭৩টি এবং চট্টগ্রাম রেঞ্জে ৫৭১টি হত্যার মামলা হয়েছে। রাজধানীতে অক্টোবর মাসে হত্যার ঘটনায় ১৯টি মামলা হয়েছে। এর আগের মাস সেপ্টেম্বরে এ সংখ্যা ছিল ৩১। ঢাকা মহানগর পুলিশের কর্মকর্তাদের ভাষ্য, ৫০টি থানার এলাকায় প্রতি মাসে গড়ে ২০ থেকে ৩০টি হত্যাকাণ্ড ঘটে।

হত্যাকাণ্ডের কারণ বিশ্লেষণে তদন্তসংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, রাজনৈতিক বিরোধ ও সহিংসতা, চাঁদাবাজি, আধিপত্য বিস্তার, মাদক ব্যবসার নিয়ন্ত্রণ এবং কিশোর গ্যাংয়ের দ্বন্দ্ব অনেক হত্যার পেছনে রয়েছে। এর বাইরে পারিবারিক বিরোধ ও সহিংসতার কারণেও প্রাণহানির ঘটনা ঘটছে। অপরাধের ধরন ও কারণ এক রকম না হলেও এসব ঘটনায় অবৈধ অস্ত্রের ব্যবহার জনমনে আতঙ্ক বাড়াচ্ছে।

খুলনায় পরিস্থিতি নিয়ে উদ্বেগ আরও বেশি। গত ২২ অক্টোবর থেকে ১২ নভেম্বর পর্যন্ত ২২ দিনে সেখানে অন্তত ১৩টি গুলি ছোড়ার ঘটনা ঘটেছে। এসব ঘটনায় ছয়জন নিহত ও ছয়জন আহত হয়েছেন। একই সময়ে ধারালো অস্ত্রের আঘাত ও পিটুনিতে আরও তিনজনের মৃত্যু হয়েছে। সব মিলিয়ে ২২ দিনে খুলনায় নয়টি হত্যাকাণ্ড ঘটেছে। এর মধ্যে পাঁচটি খুলনা নগরে, তিনটি রূপসায় এবং একটি ডুমুরিয়ায়।

সর্বশেষ রূপসার স্বল্পবাহিরদিয়া গ্রামে দোকানে ঢুকে বিএনপি নেতা ও ব্যবসায়ী মো. জাকির হোসেনকে গুলি করে হত্যা করা হয়। এ ঘটনার আগে থেকেই খুলনায় চাঁদাবাজি, মাদক কারবার ও সন্ত্রাসী গোষ্ঠীর বিরোধ নিয়ে একের পর এক সহিংসতার খবর আসছিল। চলতি বছরের ২৩ অক্টোবর পর্যন্ত খুলনা মহানগর ও জেলায় ৭১ জন হত্যাকাণ্ডের শিকার হয়েছেন। তাদের মধ্যে ২৩ জনকে গুলি করে হত্যা করা হয়। এসব ঘটনার পেছনে মাদক ব্যবসা, চাঁদাবাজির নিয়ন্ত্রণ, ছিনতাই, পূর্বশত্রুতা ও সন্ত্রাসী গোষ্ঠীর বিরোধের কথা উঠে এসেছে।

ঢাকার বাইরে আলোচিত হত্যাকাণ্ডের মধ্যে রয়েছে কুমিল্লায় কিশোর গ্যাংয়ের হাতে ১৩ বছর বয়সী ইশায়াত শাহরিয়ার ওরফে অপ্রতিমের মৃত্যু, নেত্রকোনায় সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ ফকিরকে গুলি করে হত্যা এবং রংপুর, গাজীপুরের কাপাসিয়া ও লক্ষ্মীপুরে একই পরিবারের একাধিক সদস্যকে হত্যার ঘটনা। এসব ঘটনা অপরাধের বহুমাত্রিকতা এবং প্রতিরোধের চ্যালেঞ্জ সামনে এনেছে। বিশেষ করে সাংবাদিক আলিফ ফকির সীমান্তের চোরাচালান, মাদক ও অস্ত্রের কারবার নিয়ে লেখালেখি করতেন। তাকে এসব কারণে লক্ষ্য করে হত্যা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।

পুলিশ সদর দপ্তরের মুখপাত্র সহকারী মহাপরিদর্শক কামারুম মুনিরা গণমাধ্যমকে বলেছেন, হত্যাকাণ্ড প্রতিরোধ ও অপরাধীদের আইনের আওতায় আনতে অপরাধপ্রবণ এলাকা চিহ্নিত করা, গোয়েন্দা নজরদারি, অবৈধ অস্ত্র উদ্ধার, অপরাধীদের গ্রেপ্তার এবং নিয়মিত অভিযান চালানোর ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে। প্রতিটি হত্যাকাণ্ডে দ্রুত মামলা গ্রহণ, বৈজ্ঞানিক আলামত সংগ্রহ ও তদন্তের নির্দেশনাও রয়েছে। খুলনার সাম্প্রতিক ঘটনাগুলো নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমন্বয়ে বিশেষ যৌথ অভিযান চালানোর সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন তিনি। গুরুত্বপূর্ণ সড়কে তল্লাশিচৌকি, টহল ও গোয়েন্দা নজরদারি বাড়ানোর পাশাপাশি নিবন্ধনবিহীন মোটরসাইকেলের বিরুদ্ধেও অভিযান চালানোর উদ্যোগ নেওয়া হয়েছে।