স্টাফ রিপোর্টার।।
খুলনা জেলার কয়রা উপজেলায় আজ সুন্দরবনে হরিণের মাংস, মাথা ও চামড়া জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।
আজ রোববার সকালে কোস্ট গার্ড পশ্চিম জোনের কয়রা স্টেশন পরিচালিত অভিযানকালে হরিণের এসব মাংস, চামড়া ও মাথা জব্দ করা হয়।
কোস্ট গার্ড সূত্রে জানা যায়, গোপন তথ্যের ভিত্তিতে খুলনার কয়রা থানাধীন বজবজা ও ঝাপঝপি খাল সংলগ্ন এলাকায় রোববার সকাল ৬ টায় কোস্ট গার্ড স্টেশন কয়রা কর্তৃক একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে ওই এলাকা থেকে ২৮ কেজি হরিণের মাংসসহ ৮ টি পা, ২ টি মাথা এবং ২ টি হরিণের চামড়া জব্দ করা হয়।
বিষয়টি নিশ্চিত করে বাংলাদেশ কোস্ট গার্ড -এর মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন জানান, পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য জব্দকৃত আলামত বজবজা ফরেস্ট স্টেশনের নিকট হস্তান্তর করা হয়েছে।











































