Home খেলাধুলা রোনালদোবিহীন প্রথম ম্যাচেই লজ্জার হার পর্তুগালের

রোনালদোবিহীন প্রথম ম্যাচেই লজ্জার হার পর্তুগালের

1


স্পোর্টস ডেস্ক।।

ক্রিস্টিয়ানো রোনালদোকে ছাড়া নতুন পথচলা শুরু করেছিল পর্তুগাল। কিন্তু সেই শুরুটা যে এতটা বিবর্ণ হবে, তা হয়তো কল্পনাও করেননি দলটির সমর্থকেরা। আন্তর্জাতিক ফুটবল থেকে রোনালদোর অবসরের পর নিজেদের প্রথম ম্যাচেই বড় ধাক্কা খেল পর্তুগাল। উয়েফা নেশনস লিগের ম্যাচে নিজেদের মাঠে ডেনমার্কের কাছে ৪-১ গোলের বিশাল ব্যবধানে হেরেছে জর্জ জেসুসের দল।

গতকাল শনিবার পর্তুগালের ব্রাগার এস্তাদিও মিউনিসিপাল দে ব্রাগায় অনুষ্ঠিত ম্যাচটি শুধু একটি পরাজয় নয়, দেশটির ফুটবল ইতিহাসেও বিশেষভাবে জায়গা করে নিয়েছে। কারণ, প্রতিযোগিতামূলক আন্তর্জাতিক ফুটবলে নিজেদের মাঠে এর আগে এত বড় ব্যবধানে হারেনি পর্তুগাল। ১০৫ বছরের ফুটবল ইতিহাসে ঘরের মাঠে এটিই তাদের সবচেয়ে বড় প্রতিযোগিতামূলক হার।

ম্যাচ শুরুর আগে ব্রাগার আবহটা ছিল পুরোপুরি আবেগঘন। ৪১ বছর বয়সী কিংবদন্তিকে সম্মান জানাতে পর্তুগালের ফুটবলার এবং মাসকটরা রোনালদোর নাম ও ৭ নম্বর জার্সি পরে মাঠে নামেন। আর ম্যাচের ঘড়ি সপ্তম মিনিটে পৌঁছাতেই পুরো স্টেডিয়াম করতালিতে ফেটে পড়ে।

এমনকি ফিফার নিয়মের কারণে ৭ নম্বর জার্সিটি পুরোপুরি অবসরে পাঠাতে না পারলেও, রোনালদোর সম্মানে এই জার্সির নকশা পরিবর্তনের ঘোষণা দিয়েছে পর্তুগিজ ফুটবল ফেডারেশন (এফপিএফ)। এক আনুষ্ঠানিক বিবৃতিতে এফপিএফ জানায়, ‘ক্রিশ্চিয়ানো রোনালদোর সঙ্গে চিরকাল জড়িয়ে থাকা গল্প, স্মৃতি এবং অর্জনগুলোকে অমর করে রাখতেই আজ থেকে জাতীয় দলের ৭ নম্বর জার্সিতে ভিন্ন গ্রাফিক ডিজাইন ব্যবহার করা হবে।’

তবে মাঠের বাইরের এই শ্রদ্ধার্ঘ্য মাঠের লড়াইয়ে কোনো অনুপ্রেরণা জোগাতে পারেনি পর্তুগিজদের। ম্যাচের শুরু থেকেই আধিপত্য বিস্তার করে খেলতে থাকা ডেনমার্ক প্রথমার্ধের শেষ দিকে এগিয়ে যায়। ৪৩তম মিনিটে বক্সের ভেতর রুবেন দিয়াজেরর হ্যান্ডবলের সুবাদে পাওয়া পেনাল্টি থেকে ডেনিশ অধিনায়ক পিয়েরে-এমিল হয়বিয়ের্গ দলকে ১-০ ব্যবধানে এগিয়ে দেন।

বিরতির পর পর্তুগালের রক্ষণভাগকে রীতিমতো তছনছ করে দেন নাপোলি স্ট্রাইকার রাসমুস হয়লুন্দ। ৫০তম মিনিটে দারুণ এক দলীয় আক্রমণ থেকে দুর্দান্ত ভলিতে ব্যবধান দ্বিগুণ করেন তিনি। এর ঠিক সাত মিনিট পর রুবেন দিয়াসকে ছিটকে দিয়ে বক্সের প্রান্ত থেকে জোরালো শটে দিয়োগো কস্তাকে পরাস্ত করে স্কোরলাইন ৩-০ করেন এই তরুণ ফরোয়ার্ড।

তিন গোল হজম করার পর ব্রাগার গ্যালারি থেকে নিজ দলের বিপক্ষেই দুয়োধ্বনি শুরু হয়। ৭৫তম মিনিটে ইয়োয়াকিম আন্দারসেন হেডে ডেনমার্কের চতুর্থ গোলটি করলে হতাশ দর্শকরা সমস্বরে রোনালদোর নামে স্লোগান দিতে শুরু করেন এবং অনেকেই স্টেডিয়াম ছেড়ে চলে যান। যোগ করা সময়ে বার্নার্দো সিলভা একটি গোল শোধ করলেও তা কেবল হারের ব্যবধানই কমিয়েছে।

ম্যাচ শেষে দলের এমন ভরাডুবি এবং রোনালদোর অভাব নিয়ে সংবাদ সম্মেলনে প্রশ্নের মুখে পড়েন পর্তুগাল কোচ জর্জ জেসুস। কোচের সঙ্গে মতবিরোধ এবং ৩০ দিনের নিষেধাজ্ঞার জের ধরেই মূলত জাতীয় দল ছেড়েছিলেন রোনালদো।

রোনালদোকে দল মিস করেছে কি না, এমন প্রশ্নের জবাবে সংবাদ সম্মেলনে হোর্হে জেসুস বলেন, ‘মিস করার কী আছে? তিনি যদি আর জাতীয় দলের জন্য অ্যাভেইলেবল না থাকেন, তবে আমরা ঠিক কী মিস করছি? কেবল আমাকে সঙ্গ দেওয়ার জন্য কাউকে হলে আলাদা কথা-তিনি আর খেলেন না, এখানে নেই, নিজের পরিস্থিতি নিয়ে তিনি আগেই সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন।’

তবে দর্শকদের প্রতিক্রিয়া নিয়ে জেসুস যোগ করেন, ‘মানুষ তাকে মিস করবে এবং ২৩ বছরে জাতীয় দলের হয়ে ক্রিস যা অর্জন করেছে তা কেউ ভুলবে না, এটাই স্বাভাবিক। ৪-১ গোলে হারার সময় দর্শকরা মাঠ ছেড়ে চলে যাওয়ায় কেউই খুশি নয়। আমরা এখানে হারার জন্য প্রস্তুত ছিলাম না, ৪-১ গোলে হারা তো দূরের কথা।’

অন্যদিকে এমন তিক্ত হারের রাত থেকে শিক্ষা নেওয়ার কথা জানিয়ে পর্তুগিজ মিডফিল্ডার ব্রুনো ফার্নান্দেজ বলেন, ‘ভুলে যাওয়ার মতো কোনো রাত এটি নয়; বরং এটি শেখার এবং আমরা যে ভুলগুলো করেছি তা দেখার রাত। ডেনমার্ক সুযোগগুলো দারুণভাবে কাজে লাগিয়েছে, আর আমাদের জন্য সবকিছুই আজ ভুল পথে গেছে।’

এদিকে ঐতিহাসিক এই জয়ে উচ্ছ্বসিত ডেনমার্কের মিডফিল্ডার মর্টেন হিউলমান্ড বলেন, ‘অনেক দিন পর ডেনমার্কের প্রতিটি খেলোয়াড়কে তাদের সেরা পারফরম্যান্স দিতে দেখলাম। এমনকি বদলি খেলোয়াড়রাও দারুণ খেলেছে, আমরা জয়ের যোগ্য ছিলাম।’

এই হারের পরও পাঁচ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে গ্রুপ ‘এ-ফোর’-এর শীর্ষে থেকেই কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে পর্তুগাল, আর ৯ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে উঠে এসেছে ডেনমার্ক। আগামী মঙ্গলবার কার্ডিফে গ্রুপ পর্বের শেষ ম্যাচে ওয়েলসের মুখোমুখি হবে পর্তুগাল।