যশোর অফিস।।
যশোরের অভয়নগরে ভৈরব নদে লাইটার জাহাজের ধাক্কায় বালুভর্তি একটি বাল্কহেড ডুবে গেছে।
সোমবার (১৬ নভেম্বর) ভোরে উপজেলার নওয়াপাড়া-শংকরপাশা খেয়াঘাটসংলগ্ন বিশ্বাস বাড়ির সামনে এ দুর্ঘটনা ঘটে। এ প্রতিবেদন লেখা পর্যন্ত দুর্ঘটনাস্থল দিয়ে নৌযান চলাচল বন্ধ রয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ভোর ৫টার দিকে খুলনাগামী ‘এমভি মারুফ-১’ লাইটার জাহাজের ধাক্কায় ‘লামিয়া শরীফ’ নামের বালুভর্তি একটি বাল্কহেড ডুবে যায়। এসময় বাল্কহেডে থাকা তিনজন স্টাফকে স্থানীয়রা উদ্ধার করেন। পরে বাল্কহেডে ধাক্কা দেওয়া জাহাজটি দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।
ডুবে যাওয়া বাল্কহেড লামিয়া শরীফের স্টাফ গোলাম রাব্বি জানান, ভোরে ঘনকুয়াশার মধ্যে বিপরীত দিক থেকে আসা এমভি মারুফ-১ নামের একটি লাইটার জাহাজ উল্টোপথে এসে তাদের বালুভর্তি বাল্কহেডের বামপাশে আঘাত করে। এর কয়েক মিনিটের মধ্যে বাল্কহেডটি নদীতে ডুবে যায়। তবে তাদের তিনজন স্টাফের সবাই ভালো আছেন।
তিনি আরও জানান, নড়াইলের কালিয়া উপজেলা থেকে ১১ হাজার বর্গফুট বালুভর্তি করে বাল্কহেডটি নওয়াপাড়া নদীবন্দর এলাকার চেঙ্গুটিয়া গ্রামের একটি ডিপোতে যাওয়ার সময় এ দুর্ঘটনা ঘটে।
অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ নওয়াপাড়া নদীবন্দরের সহকারী পরিচালক মো. ফরিদুল ইসলাম বলেন, ‘ভোর থেকে দুর্ঘটনাস্থল দিয়ে নৌযান চলাচল বন্ধ রয়েছে। ডুবে যাওয়া বালুভর্তি বাল্কহেডটি উদ্ধার ও নৌযান চলাচল স্বাভাবিক করতে কাজ শুরু হয়েছে।’
তিনি আরও বলেন, এ দুর্ঘটনায় হতাহতের কোনো ঘটনা ঘটেনি। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে। তদন্তপূর্বক পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।











































