স্টাফ রিপোর্টার।।
খুলনা সিটি করপোরেশনের (কেসিসি) নগর ভবনে পেট্রলবোমা নিক্ষেপের ঘটনায় অজ্ঞাতনামা ১৫ থেকে ২০ জনকে আসামি করে খুলনা সদর থানায় মামলা (এজাহার) দায়ের করা হয়েছে। সোমবার (১৬ নভেম্বর) কেসিসির নিরাপত্তা সুপারভাইজার ও ৪ নম্বর ওয়ার্ডের ক্ষমতাপ্রাপ্ত কর্মকর্তা আলমগীর কবির বিশ্বাস বাদী হয়ে এই এজাহার দায়ের করেন।
এজাহারে উল্লেখ করা হয়, গত ১৫ নভেম্বর রাত ১১টা ৫৫ মিনিট থেকে ১৬ নভেম্বর রাত ১২টা ৫ মিনিটের মধ্যবর্তী যেকোনো সময়ে অজ্ঞাতনামা ১৫-২০ জন দুর্বৃত্ত নগর ভবনের সামনের রাস্তা থেকে ভবনের বড় সিঁড়ির দ্বিতীয় ধাপে একটি পেট্রলবোমা নিক্ষেপ করে। এতে মুহূর্তের মধ্যে সেখানে দাউ দাউ করে আগুন জ্বলে ওঠে এবং আগুনের ফুলকি চারদিকে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে তাৎক্ষণিকভাবে কেসিসির নিরাপত্তা কর্মী ও খুলনা সদর থানা পুলিশের একাধিক টিম ঘটনাস্থলে উপস্থিত হয়।
মামলার বাদী এজাহারে আরও উল্লেখ করেন, প্রত্যক্ষদর্শী নিরাপত্তা প্রহরী ও আশপাশের লোকজনকে জিজ্ঞাসাবাদে জানা গেছে, হামলাকারীরা নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ, যুবলীগ ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নেতাকর্মী।
সরকারকে উৎখাত, নগর ভবনের ক্ষতিসাধন, জনমনে আতঙ্ক সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার উদ্দেশ্যে তারা এই নাশকতা ঘটিয়েছে। হামলা চালিয়ে পালিয়ে যাওয়ার সময় দুর্বৃত্তরা নগর ভবনের সামনে হাদিস পার্কের সীমানা প্রাচীরে লাল কালি দিয়ে ‘যুবলীগ’ লিখে রেখে যায় বলেও এজাহারে অভিযোগ করা হয়েছে।
খুলনা সদর থানার অফিসার ইনচার্জ মো. লোকমান হোসেন জানান, আজ সন্ধ্যার পর মামলাটি করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করা হয়েছে। তাঁদের দ্রুত আইনের আওতায় আনা হবে।











































