স্টাফ রিপোর্টার।।
খুলনা নগর ভবনের সিড়িতে পেট্রোল বোমা হামলার ঘটনা ঘটেছে। সোমবার দিবাগত রাত আনুমানিক সাড়ে ১২টার দিকে দুর্বৃত্তরা এ হামলা চালায়। একই সঙ্গে খুলনা সিটি করপোরেশনের (কেসিসি) ভবনের বাইরের দেয়ালে লাল রং দিয়ে ‘যুবলীগ’ লিখে যাওয়ার ঘটনাও ঘটেছে।
ঘটনার খবর পেয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিদর্শন করেন এবং বিভিন্ন আলামত সংগ্রহ করেন। তবে কারা এ ঘটনার সঙ্গে জড়িত, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

প্রাথমিকভাবে প্রশাসনের ধারণা, সাম্প্রতিক সময়ে খুলনার বিভিন্ন স্থানে ঘটে যাওয়া নাশকতামূলক ঘটনার ধারাবাহিকতায় নগর ভবনের সামনে এ হামলার ঘটনা ঘটতে পারে। তবে ঘটনার প্রকৃত কারণ ও জড়িত ব্যক্তিদের শনাক্তে তদন্ত চলছে।

নগর ভবনের মতো গুরুত্বপূর্ণ সরকারি স্থাপনার সামনে এ ধরনের হামলা এবং দেয়ালে রাজনৈতিক সংগঠনের নাম লিখে যাওয়ার ঘটনায় নগরজুড়ে উদ্বেগ তৈরি হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ঘটনাটি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখছে।











































