Home Lead সেই ডিসি প্রত্যাহার • অনুষ্ঠানের ব্যানারে ছিল না শহীদ জিয়ার ছবি, বক্তব্যে...

সেই ডিসি প্রত্যাহার • অনুষ্ঠানের ব্যানারে ছিল না শহীদ জিয়ার ছবি, বক্তব্যে মুজিব প্রসঙ্গ

8

চুয়াডাঙ্গা প্রতিনিধি।।


চুয়াডাঙ্গার জেলা প্রশাসক (ডিসি) ও জেলা ম্যাজিস্ট্রেট লুৎফুন নাহারকে প্রত্যাহার করেছে সরকার। তার স্থলে জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মো. আলমগির কবীরকে নতুন জেলাপ্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। গত ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের সরকারি অনুষ্ঠান ঘিরে বিতর্ক এবং জেলা প্রশাসকের বক্তব্য নিয়ে সমালোচনার আট দিনের মাথায় এ সিদ্ধান্ত এলো। রোববার (১৫ নভেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন-২ শাঁখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ বদলি ও পদায়নের আদেশ দেওয়া হয়। প্রজ্ঞাপন অনুযায়ী, লুৎফুন নাহারকে চুয়াডাঙ্গার জেলা প্রশাসকের দায়িত্ব থেকে প্রত্যাহার করে জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব (সংযুক্ত) করা হয়েছে।


অন্যদিকে, জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মো. আলমগির কবীরকে চুয়াডাঙ্গার জেলাপ্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে পদায়ন করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, চুয়াডাঙ্গায় দায়িত্ব পালনকালে গত ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের অনুষ্ঠান ঘিরে বিতর্কের সূত্রপাত। জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানের ব্যানারে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ছবি না থাকায় ক্ষোভ প্রকাশ করেন বিএনপির নেতাকর্মীরা। একপর্যায়ে তারা অনুষ্ঠান বর্জন করেন।


একই দিন জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে জেলাপ্রশাসক লুৎফুন নাহারের দেওয়া একটি বক্তব্য নিয়েও বিতর্ক তৈরি হয়। চুয়াডাঙ্গা জেলা প্রশাসনের পক্ষ থেকে এক আলোচনা সভার আয়োজন করা হয়। যেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলাপ্রশাসক লুৎফুন নাহার।
অনুষ্ঠান চলাকালীন তার দেওয়া বক্তব্যের মধ্যে ৪৯ সেকেন্ডের একটি ভিডিও ক্লিপ পরে ‘বিএনপি নেটওয়ার্ক-চুয়াডাঙ্গা-২’ নামের একটি ফেসবুক আইডি থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।


ওই ভিডিও ক্লিপটিতে জেলাপ্রশাসক লুৎফুন নাহারকে অত্যন্ত গুরুগম্ভীর ভঙ্গিতে বলতে শোনা যায়, ‘১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সপরিবারে নিহত হওয়ার পরে কয়েকটা মাস আমাদের দেশটা অভিভাবকহীন বিশৃঙ্খল অবস্থায় চলছিল। তারই মধ্যে পঁচাত্তরের ৩ নভেম্বর ব্রিগেডিয়ার খালেদ মোশারফ মেজর জিয়াউর রহমানকে গৃহবন্দি করেন। এই ৩ তারিখ থেকে ৬ তারিখ পর্যন্ত বাংলাদেশ রাষ্ট্রের কোনো অভিভাবক ছিল না। দেশ ছিল পুরো বিশৃঙ্খল। বাংলাদেশের দেশপ্রেমিক মানুষরা ভবিষ্যৎ নিয়ে শঙ্কিত হয়ে পড়ে।’


জেলা প্রশাসকের এই বক্তব্য প্রকাশ্যে আসার সঙ্গে সঙ্গেই চুয়াডাঙ্গার রাজনৈতিক পরিমণ্ডলে বিশেষ করে জেলা বিএনপির বিভিন্ন স্তরের নেতাকর্মীদের মাঝে তীব্র প্রতিক্রিয়া ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। তার এই বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর চুয়াডাঙ্গার রাজনৈতিক অঙ্গনে আলোচনা-সমালোচনা শুরু হয়। বিশেষ করে জেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা এর প্রতিবাদ জানান। তাদের অভিযোগ ছিল, জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের মতো ঐতিহাসিক তাৎপর্যপূর্ণ অনুষ্ঠানে জেলা প্রশাসকের এমন বক্তব্য অনভিপ্রেত।


ব্যানারে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ছবি না থাকা এবং জেলা প্রশাসকের বক্তব্যÑদুটি ঘটনাই তখন চুয়াডাঙ্গার রাজনৈতিক অঙ্গনে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়। এসব ঘটনার আট দিনের মাথায় জেলাপ্রশাসক লুৎফুন নাহারকে প্রত্যাহারের আদেশ এলো।


তবে জনপ্রশাসন মন্ত্রণালয়ের জারি করা প্রজ্ঞাপনে জেলা প্রশাসককে প্রত্যাহারের কারণ হিসেবে ৭ নভেম্বরের অনুষ্ঠান বা বক্তব্য ঘিরে সৃষ্ট বিতর্কের কোনো উল্লেখ নেই। ফলে ওই ঘটনার সঙ্গে তার প্রত্যাহারের সরাসরি কোনো যোগসূত্র রয়েছে কি না, তা প্রজ্ঞাপন থেকে নিশ্চিত হওয়া যায়নি।


একই প্রজ্ঞাপনে আরও দুটি জেলায় জেলাপ্রশাসক পদে পরিবর্তন আনা হয়েছে। হবিগঞ্জের জেলাপ্রশাসক ড. জি এম সরফরাজকে গোপালগঞ্জের জেলাপ্রশাসক হিসেবে পদায়ন করা হয়েছে। অন্যদিকে মন্ত্রিপরিষদ বিভাগের উপসচিব জাকির হোসেনকে হবিগঞ্জের নতুন জেলাপ্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।