Home আঞ্চলিক স্ত্রীকে কুপিয়ে জখম করায় যুবককে গণপিটুনি

স্ত্রীকে কুপিয়ে জখম করায় যুবককে গণপিটুনি

0


চুয়াডাঙ্গা প্রতিনিধি।।

চুয়াডাঙ্গার দৌলতদিয়াড় কুরিয়াপাড়া গ্রামে পারিবারিক কলহের জেরে স্ত্রীকে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত তাহমিম হাসান রাকিবকে (৩৪) গণপিটুনি দিয়েছেন স্থানীয়রা।

সোমবার (১৬ নভেম্বর) দুপুর দেড়টার দিকে কুরিয়াপাড়া এলাকার মৃত আজিজুর রহমান টিটোর বাড়িতে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, পারিবারিক বিষয় নিয়ে রাকিব ও তার স্ত্রী সাবিনা ইয়াসমিন বর্ষার (৩০) মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে উত্তেজিত হয়ে দা দিয়ে স্ত্রীর শরীরের বিভিন্ন স্থানে কোপ দেন রাকিব। এতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা ছুটে এসে রাকিবকে আটক করে গণপিটুনি দেন।

আহত বর্ষাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর শারীরিক অবস্থার অবনতি হলে ঢাকার পঙ্গু হাসপাতালে রেফার করা হয়।

চুয়াডাঙ্গা সদর হাসপাতালের সার্জারি কনসালট্যান্ট ডা. এহসানুল হক তন্ময় জানান, বর্ষার শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখমের চিহ্ন রয়েছে। উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকার পঙ্গু হাসপাতালে পাঠানো হয়েছে।

এ বিষয়ে চুয়াডাঙ্গা সদর থানার ওসি মনিরুজ্জামান বলেন, বিষয়টি তিনি অবগত হয়েছেন। অভিযোগ সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।