Home জাতীয় চলতি মাসেই জাতীয় গ্রিডে যুক্ত হতে পারে রূপপুরের বিদ্যুৎ

চলতি মাসেই জাতীয় গ্রিডে যুক্ত হতে পারে রূপপুরের বিদ্যুৎ

1

খুলনাঞ্চল রিপোর্ট।।

অবশেষে জাতীয় গ্রিডে যুক্ত হতে যাচ্ছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের বিদ্যুৎ। সবকিছু ঠিক থাকলে চলতি নভেম্বর মাসেই কেন্দ্রটির প্রথম ইউনিট থেকে পরীক্ষামূলকভাবে প্রায় ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ শুরু হতে পারে। তবে এ জন্য বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (বায়েরা) অনুমোদন প্রয়োজন।

প্রকল্পসংশ্লিষ্ট একাধিক সূত্র জানিয়েছে, কোনো কারিগরি জটিলতা বা অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি তৈরি না হলে নভেম্বরের মধ্যেই প্রথম ইউনিটের বিদ্যুৎ গ্রিডে যুক্ত করার প্রস্তুতি চলছে। ইতোমধ্যে পরীক্ষামূলক উৎপাদনের প্রাথমিক কার্যক্রম এগিয়ে নেওয়া হয়েছে। বিভিন্ন কারিগরি ব্যবস্থার মধ্যে সমন্বয়ের কাজও চলছে।


বায়েরা চেয়ারম্যান ড. মাহমুদুল হাসান জানান, জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ শুরুর নির্দিষ্ট সময় এখনই নিশ্চিত করে বলা যাচ্ছে না। তবে যত দ্রুত সম্ভব কার্যক্রম শুরু করার চেষ্টা চলছে। পরীক্ষামূলক সরবরাহের পর উৎপাদন ও সরবরাহের প্রতিটি ধাপ নিবিড়ভাবে পরীক্ষা করা হবে। সবকিছু সন্তোষজনক হলে প্রয়োজনীয় অনুমোদন দিয়ে আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে।

তিনি জানান, প্রথম ইউনিট থেকে প্রাথমিকভাবে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহের পরিকল্পনা রয়েছে। এরপর পর্যায়ক্রমে উৎপাদন বাড়ানো হবে। তবে পূর্ণ সক্ষমতায় উৎপাদন ও জাতীয় গ্রিডে সরবরাহ করতে আরও পাঁচ থেকে ছয় মাস সময় লাগতে পারে। সে হিসাবে আগামী বছরের এপ্রিল থেকে জুনের মধ্যে প্রথম ইউনিটের পূর্ণ সক্ষমতার বিদ্যুৎ গ্রিডে যুক্ত হওয়ার সম্ভাবনা রয়েছে।

বায়েরা চেয়ারম্যানের আশা, উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকতে পারেন। এ ছাড়া রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হতে পারেন। সংশ্লিষ্ট সূত্র বলছে, দুই দেশের শীর্ষ পর্যায়ের অংশগ্রহণ বিবেচনায় নিয়ে আগামী ডিসেম্বরে আনুষ্ঠানিক উদ্বোধনের পরিকল্পনা করা হচ্ছে। তবে তারিখ এখনো চূড়ান্ত হয়নি। প্রধানমন্ত্রীর সময় পাওয়ার ওপরও উদ্বোধনের সময়সূচি নির্ভর করছে।

প্রকল্পসংশ্লিষ্ট সূত্রের তথ্য অনুযায়ী, প্রথম ইউনিটের রিঅ্যাক্টরের তাপীয় সক্ষমতা ৪০ শতাংশে উন্নীত হলে পূর্ণ সক্ষমতার তুলনায় প্রায় ৩০ থেকে ৩৫ শতাংশ বিদ্যুৎ উৎপাদন সম্ভব হবে। প্রাথমিকভাবে উৎপাদিত বিদ্যুৎ গ্রিডে যুক্ত করার পর কয়েক দিন উৎপাদন ও সরবরাহ কার্যক্রম পর্যবেক্ষণ করা হবে। এ সময় কোনো কারিগরি ত্রুটি রয়েছে কি না, তা যাচাই করা হবে। সবকিছু সন্তোষজনক হলে প্রয়োজনীয় অনুমোদন নিয়ে নিয়মিত বিদ্যুৎ সরবরাহ শুরু হবে।

উল্লেখ্য, রাশিয়ার প্রযুক্তি, অর্থায়ন ও কারিগরি সহায়তায় পাবনার ঈশ্বরদীতে নির্মিত হচ্ছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র। প্রকল্পটি বাস্তবায়ন করছে রাশিয়ার রাষ্ট্রীয় পারমাণবিক শক্তি করপোরেশন রোসাটমের প্রকৌশল বিভাগ অ্যাটমস্ট্রয়এক্সপোর্ট।

কেন্দ্রটিতে ১ হাজার ২০০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন দুটি ইউনিট রয়েছে। উভয় ইউনিট পূর্ণ সক্ষমতায় চালু হলে জাতীয় গ্রিডে মোট ২ হাজার ৪০০ মেগাওয়াট বিদ্যুৎ যুক্ত হবে।