ঢাকা অফিস।।
ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন সামনে রেখে নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে বসার পরিকল্পনা করছে নির্বাচন কমিশন (ইসি)। আগামী ১০ ডিসেম্বরের আগেই তিন দিনব্যাপী এ সংলাপ আয়োজন করতে চায় কমিশন।
সোমবার (১৬ নভেম্বর) আগারগাঁওয়ের নির্বাচন ভবনে কমিশনের সভা শেষে নির্বাচন কমিশনার অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মো. সানাউল্লাহ সাংবাদিকদের এ তথ্য জানান।
নির্বাচন কমিশনার বলেন, “স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে সব রাজনৈতিক দলের সঙ্গে জাতীয় নির্বাচনের মতো সংলাপ করা হবে। নভেম্বরের শেষ দিকে অথবা ডিসেম্বরের শুরুতে তিন দিন ধরে এ আলোচনা হতে পারে। স্থানীয় সরকার নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করার বিষয়ে দলগুলোর মতামত ও পরামর্শ নেওয়া হবে।”
সভায় ইউপি নির্বাচনের ধাপ ও সম্ভাব্য সংখ্যা নিয়েও আলোচনা হয়েছে। কমিশনের পরিকল্পনা অনুযায়ী, পাঁচ ধাপে সারা দেশের ইউনিয়ন পরিষদ নির্বাচন আয়োজন করা হবে।
প্রথম ধাপে ১৩১টি উপজেলার ১ হাজার ২৬টি ইউনিয়নে নির্বাচন হতে পারে। দ্বিতীয় ধাপে ১২৯টি উপজেলার ১ হাজার ১১৩টি, তৃতীয় ধাপে ১১৮টি উপজেলার ১ হাজার ২টি, চতুর্থ ধাপে ৯৩টি উপজেলার ৭৯৩টি এবং পঞ্চম ধাপে ৩৭টি উপজেলার ৩৫৬টি ইউনিয়নে ভোট গ্রহণের পরিকল্পনা করা হয়েছে।











































