Home খেলাধুলা রোনালদোর বিদায়ের পর এবার তিন তারকাকে হারাল পর্তুগাল

রোনালদোর বিদায়ের পর এবার তিন তারকাকে হারাল পর্তুগাল

0

স্পোর্টস ডেস্ক।।

ক্রিস্টিয়ানো রোনালদোর বিদায়ের পর প্রথম ম্যাচেই ডেনমার্কের কাছে ৪-১ গোলে হেরেছে পর্তুগাল। সেই ধাক্কা সামলে ওঠার আগেই আরও দুঃসংবাদ পেল দলটি।

উয়েফা নেশন্স লিগে ওয়েলসের বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচের আগে দল থেকে ছিটকে গেছেন তিন গুরুত্বপূর্ণ ফুটবলার। নিষেধাজ্ঞার কারণে খেলতে পারবেন না রুবেন দিয়াস ও জোয়াও পালিনিয়া।

আর শারীরিকভাবে খেলার উপযুক্ত না হওয়ায় দল থেকে ছেড়ে দেওয়া হয়েছে বার্নার্দো সিলভাকে। মঙ্গলবার কার্ডিফে ওয়েলসের মুখোমুখি হবে পর্তুগাল।

তার আগে তিন গুরুত্বপূর্ণ ফুটবলারকে হারানোয় দল নির্বাচন নিয়ে বড় চ্যালেঞ্জের মুখে পড়েছেন কোচ হোর্হে জেসুস। বিশেষ করে বার্নার্দো সিলভার ছিটকে যাওয়া বড় ধাক্কা হয়ে এসেছে পর্তুগিজদের জন্য।
ডেনমার্কের বিপক্ষে ম্যাচে অধিনায়কের দায়িত্ব পালনের পাশাপাশি পর্তুগালের একমাত্র গোলটিও করেছিলেন বার্নার্দো। শুরুতে বেঞ্চে থাকলেও দ্বিতীয়ার্ধে বদলি হিসেবে মাঠে নামেন তিনি। ম্যাচের পর শারীরিক অবস্থা পরীক্ষা করে তাকে খেলার অনুপযুক্ত ঘোষণা করে পর্তুগিজ ফুটবল ফেডারেশনের (এফপিএফ) স্বাস্থ্য ও পারফরম্যান্স বিভাগ। ফলে ওয়েলস সফরে দলের সঙ্গে যাচ্ছেন না ম্যানচেস্টার সিটির এই মিডফিল্ডার।

এদিকে ডেনমার্কের বিপক্ষে ম্যাচে হলুদ কার্ড দেখেছিলেন ম্যানচেস্টার সিটির ডিফেন্ডার রুবেন দিয়াস ও বেনফিকার মিডফিল্ডার জোয়াও পালিনিয়া। নিয়ম অনুযায়ী এক ম্যাচের নিষেধাজ্ঞায় পড়েছেন দুজনই। ফলে ওয়েলসের বিপক্ষে রক্ষণভাগের গুরুত্বপূর্ণ দুই খেলোয়াড়কে পাচ্ছেন না জেসুস।

তবে এত প্রতিকূলতার মধ্যেও গ্রুপে নিজেদের অবস্থান ধরে রাখার সুযোগ রয়েছে পর্তুগালের। গ্রুপ এ-৪-এ ১২ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে তারা। দ্বিতীয় স্থানে থাকা ডেনমার্কের চেয়ে তিন পয়েন্টে এগিয়ে পর্তুগাল। ওয়েলসের বিপক্ষে এক পয়েন্ট পেলেই গ্রুপের শীর্ষস্থান নিশ্চিত হবে তাদের। এতে কোয়ার্টার ফাইনালের ড্রয়ে বাছাই দল হিসেবেও থাকার সুযোগ পাবে পর্তুগাল। ম্যাচটির জন্য সফরকারী দলে থাকছেন ২৪ ফুটবলার।

ডেনমার্কের কাছে বড় ব্যবধানে হারের পর দলের পারফরম্যান্স নিয়ে হতাশা প্রকাশ করেছেন কোচ জেসুস। তবে একটি ম্যাচের ফল দিয়ে দলের সামগ্রিক অগ্রগতি বিচার না করার আহ্বান জানিয়েছেন তিনি। সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে জেসুস লিখেছেন, ‘আমরা সব সময় প্রত্যাশিত ফল পাই না। গতকাল আমরা নিজেদের সেরা খেলাটা খেলতে পারিনি। তবে একটি ম্যাচ আমাদের এত দিনের পরিশ্রম মুছে দিতে পারে না।’

তিনি আরও লিখেছেন, ‘পাঁচ ম্যাচের চারটিতে জিতেছি, এখনো গ্রুপের শীর্ষে আছি। আমরা একসঙ্গে জিতি, একসঙ্গেই হারি। এখন ভুলগুলো বিশ্লেষণ করে তা থেকে শিক্ষা নেওয়ার সময়। লক্ষ্য অর্জনে ঐক্যবদ্ধ ও দৃঢ়প্রতিজ্ঞ থেকে কাজ চালিয়ে যেতে হবে।’

কার্ডিফে যাওয়ার আগে ব্রাগার স্পোর্টিং সিটিতে শেষবারের মতো রুদ্ধদ্বার অনুশীলন করেছে পর্তুগাল। সোমবার ম্যাচের ভেন্যুতে অনুশীলন করার কথা রয়েছে তাদের। ডেনমার্কের বিপক্ষে রক্ষণভাগের দুর্বলতা কাটিয়ে ওয়েলসের বিপক্ষে আরও সংগঠিত পারফরম্যান্স দেখানোই হবে কোচিং স্টাফের প্রধান লক্ষ্য।

অন্যদিকে গ্রুপের তলানিতে থাকা ওয়েলসের সংগ্রহ মাত্র ৩ পয়েন্ট। পর্তুগালের তিন গুরুত্বপূর্ণ খেলোয়াড়ের অনুপস্থিতিকে কাজে লাগিয়ে ঘুরে দাঁড়াতে চাইবে তারাও। তবে পর্তুগালের লক্ষ্য পরিষ্কার, হার এড়িয়ে গ্রুপের শীর্ষস্থান ধরে রাখা।