Home খেলাধুলা শেষ ওভারে নেদারল্যান্ডসের কাছে হারল বাংলাদেশ

শেষ ওভারে নেদারল্যান্ডসের কাছে হারল বাংলাদেশ

0

স্পোর্টস ডেস্ক।।

হার-জয়-হার। আইসিসি নারী ইমার্জিং নেশনস ট্রফির তিন ম্যাচ শেষে বাংলাদেশের ফল।

নেদারল্যান্ডসের কাছে আজ সর্বশেষ পরাজয়টি দেখেছেন নিগার সুলতানা জ্যোতি-সোবহানা মোস্তারিরা। সংযুক্ত আরব আমিরাতের আজমানে ৫ উইকেটের হার দেখেছে বাংলাদেশ। ১৩০ রানের লক্ষ্য ২ বল হাতে রেখে জিতেছে নেদারল্যান্ডসের মেয়েরা। শেষ ওভারে ৭ রান লাগত নেদারল্যান্ডসের।

বোলার জান্নাতুল ফেরদৌস পারেননি বাংলাদেশকে জয় এনে দিতে। ডাচদের জয়ে নেতৃত্ব দিয়েছেন স্টেরি কালিস। চারে নেমে অপরাজিত ৬৮ রান করেছেন তিনি। ৮ চারের ইনিংসটির জন্য পরে ম্যাচসেরার স্বীকৃতিও পেয়েছেন তিনি।

এর আগে টস হেরে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ২০ ওভার শেষে ৮ উইকেটে ১২৯ রান করে বাংলাদেশ। দলের হয়ে ওপেনিংয়ে নেমে সর্বোচ্চ ৫১ রানের ইনিংস খেলেন দিলারা আক্তার। তবে ম্যাচ হারায় ৪ চার ও ২ ছক্কার ইনিংসটি বাংলাদেশের কাজে আসেনি।

এ হারে গ্রুপ ‘বি-তে’ বাংলাদেশের অবস্থান পাঁচ দলের মধ্যে চারে। ৩ ম্যাচ শেষে ২ পয়েন্ট।

সমান ম্যাচে ২ পয়েন্ট হলেও নেট রানরেটে ওপরে জিম্বাবুয়ে। অন্যদিকে সমান ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে শীর্ষে নেদারল্যান্ডস। বিপরীতে ৪ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে দুইয়ে পাকিস্তান। বাংলাদেশের শেষ ম্যাচ তলানিতে থাকা থাইল্যান্ডের বিপক্ষে। আগামী ১৮ নভেম্বর জিতলে সুপার সিক্সে যাওয়ার সুযোগ মিলবে বাংলাদেশের। অবশ্য জিম্বাবুয়ে যদি নেদারল্যান্ডসকে হারিয়ে দেয় তাহলে বাড়ির টিকিট কাটতে হবে বাংলাদেশকে।