ঢাকা অফিস।।
দেশের ব্যাংকিং খাতে খেলাপি ঋণের পরিমাণ ভয়াবহ আকার ধারণ করেছে। সেপ্টেম্বর ২০২৬ পর্যন্ত ত্রৈমাসিক ভিত্তিক তফসিলি ব্যাংকগুলোর খেলাপি ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ৫ লাখ ৯৭ হাজার ১৫৪ কোটি টাকা, যা ওই সময়ে ব্যাংকিং খাতে বিতরণকৃত মোট ঋণের ৩২ দশমিক ১৭ শতাংশ।
গত ৫ বছরের তুলনামূলক চিত্রে দেখা যায়, ব্যাংকিং খাতে খেলাপি ঋণ লাগাতারভাবে বাড়ছে। এটি দেশের অর্থনীতিতে এক বড় উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে।
সোমবার জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের ষষ্ঠ দিনে রফিকুল ইসলাম খানের প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী এ কথা বলেন। অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।
জনতা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালককে (এমডি) রাজনৈতিক বিবেচনায় নিয়োগের অভিযোগ নাকচ অর্থমন্ত্রীর: বেসরকারি সাউথইস্ট ব্যাংকের একজন কর্মকর্তাকে রাষ্ট্রায়ত্ত জনতা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক হিসাবে নিয়োগ দেওয়ার যোগ্যতা ও প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলেছেন সংসদ-সদস্য হাসনাত আবদুল্লাহ।
তিনি জানতে চেয়েছেন, কী যোগ্যতার ভিত্তিতে একটি বেসরকারি ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালককে জনতা ব্যাংকের মতো বড় ও সমস্যাগ্রস্ত প্রতিষ্ঠানের এমডি নিয়োগ দেওয়া হয়েছে।
জবাবে অর্থমন্ত্রী বলেন, রাজনৈতিক বিবেচনায় নয়, যোগ্যতার ভিত্তিতেই ব্যাংকগুলোর শীর্ষ পদে নিয়োগ দেওয়া হচ্ছে।
এক কোম্পানির কাছে আটকে আছে ৩ হাজার কোটি টাকার বিমা দাবি, ব্যবস্থা নেওয়ার আশ্বাস অর্থমন্ত্রীর: দেশের ৮২টি বিমা কোম্পানির মধ্যে একটি কোম্পানি একাই তিন হাজার কোটি টাকার বিমা দাবি পরিশোধে ধারাবাহিকভাবে ব্যর্থ হচ্ছে।
এ অবস্থায় বিমা খাতের প্রতি সাধারণ মানুষের আস্থা ধরে রাখা নিয়ে প্রশ্ন তুলেছেন সংসদ-সদস্য মোসা. নাজমুন নাহার। জবাবে অর্থমন্ত্রী বলেছেন, বিমা দাবি পরিশোধে ব্যর্থ কোম্পানিগুলোর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
সমস্যাগ্রস্ত ৮ কোম্পানির বিমাগ্রাহককে বিমা দাবি পরিশোধ : নাজমুন নাহারের আরেক প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, সমস্যাগ্রস্ত আটটি কোম্পানির ২২ হাজার ৩০ জন বিমাগ্রাহককে ৮৪ কোটি ৬ লাখ ৩৫ হাজার ৯৫৫ টাকার বিমা দাবি পরিশোধ করা হয়েছে।
বিদেশফেরতদের পুনর্বাসনে ৩ হাজার কোটি টাকা দেওয়া হয়েছে : এমরান আহমদ চৌধুরীর এক প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, বিদেশফেরত প্রবাসীদের উৎপাদনশীল খাতে বিনিয়োগের সুযোগ সৃষ্টির লক্ষ্যে বাংলাদেশ ব্যাংক প্রবাসী কল্যাণ ব্যাংকের মাধ্যমে প্রতি পর্যায়ে এক হাজার কোটি করে তিন পর্যায়ে মোট তিন হাজার কোটি টাকা প্রাক্-অর্থায়ন ঋণ প্রদান করেছে।
বাঁধ মেরামতে বরাদ্দ ১৪শ কোটি টাকা: এস এম জাহাঙ্গীর হোসেনের প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, চলতি অর্থবছরের পরিচালন বাজেটে বাঁধ মেরামত ও দুর্যোগকালীন কোডে এক হাজার ৪০০ কোটি টাকা বরাদ্দ রয়েছে। বাপাউবোর অনুকূলে এই বরাদ্দ রয়েছে বলেও জানান তিনি।
এলএনজি টার্মিনাল নির্মাণে অতিরিক্ত ব্যয়ের প্রশ্নে জবাব দেননি অর্থমন্ত্রী: চীনের একটি কোম্পানিকে তৃতীয় এলএনজি টার্মিনাল নির্মাণের কাজ দিতে প্রায় ছয় হাজার কোটি টাকা অতিরিক্ত ব্যয়ের অভিযোগ তুলেছেন জাতীয় নাগরিক পার্টির সংসদ-সদস্য আখতার হোসেন। বর্তমান দুটি টার্মিনালের তুলনায় নতুন টার্মিনালের দৈনিক ক্যাপাসিটি চার্জ বেশি এবং ১৫ বছর পরও এর মালিকানা বাংলাদেশের কাছে ফিরবে না বলে দাবি করেন তিনি।
এ সিদ্ধান্ত বাতিল করে দেশের স্বার্থ রক্ষায় ব্যবস্থা নেওয়া হবে কি না, তা জানতে চাইলেও প্রশ্নের সরাসরি জবাব দেননি অর্থমন্ত্রী।
আইসিটি বিভাগের ৬১ কর্মকর্তা-কনসালট্যান্টের বিরুদ্ধে ব্যবস্থা: আবুল হাসনাতের এক প্রশ্নের জবাবে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম বলেন, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিভাগের গত দেড় দশকের প্রকল্প, চুক্তি ও কার্যক্রম পর্যালোচনা করে প্রকাশিত শ্বেতপত্রের সুপারিশের আলোকে ৬১ জন কর্মকর্তা ও কনসালট্যান্টের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে।
এর মধ্যে ১৯ কনসালট্যান্টের চুক্তি বাতিল করা হয়েছে, ১৭ জন স্বেচ্ছায় চাকরি থেকে ইস্তফা দিয়েছেন, দুই কর্মকর্তার বিরুদ্ধে তদন্ত চলছে, দুই কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে, সাত কর্মকর্তার বিরুদ্ধে বিভাগীয় কার্যক্রম চলমান এবং ১৪ কর্মকর্তা-কনসালট্যান্টকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
এমএফএস প্রতারণা ঠেকাতে সিম নিবন্ধন ও গ্রাহক সচেতনতা জোরদার: মুহাম্মাদ আজীজুর রহমানের প্রশ্নের জবাবে ফকির মাহবুব আনাম বলেন, বিকাশ, নগদ ও রকেটসহ বিভিন্ন মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) ব্যবহার করে প্রতারণার মাধ্যমে গ্রাহকের টাকা চুরি প্রতিরোধে সিম নিবন্ধন যাচাই, গ্রাহক সচেতনতা বৃদ্ধি এবং ফিশিং লিংক ও ভুয়া ওয়েবসাইট বন্ধে বিভিন্ন পদক্ষেপ নিয়েছে সরকার।
ভুয়া তথ্য ও আপত্তিকর কনটেন্ট বন্ধে দ্রুত আইন করবে সরকার : কাজী রফিকুল ইসলামের সম্পূরক প্রশ্নের জবাবে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া অপতথ্য, বিভ্রান্তিকর ও আপত্তিকর কনটেন্ট বন্ধে সরকার দ্রুত আইন প্রণয়ন করবে বলে জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিমন্ত্রী।











































