Home জাতীয় রাষ্ট্রয়াত্ব ব্যাংকে এমডি নিয়োগ কোন যোগ্যতায়, সংসদে প্রশ্ন হাসনাতের

রাষ্ট্রয়াত্ব ব্যাংকে এমডি নিয়োগ কোন যোগ্যতায়, সংসদে প্রশ্ন হাসনাতের

1

ঢাকা অফিস।।

রাষ্ট্রয়াত্ব ব‌্যাংকের ব‌্যবস্থাপনা পরিচালক (এমডি), পরিচালক কোন যোগ‌্যতায় নিয়োগ করা হচ্ছে- এ প্রশ্ন সংসদে তুলেছেন এনসিপি নেতা হাসনাত আবদুল্লাহ।

রোববার সংসদের বৈঠকে তিনি অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী কাছে জানতে চান, কী যোগ্যতার ভিত্তিতে একটি বেসরকারি ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালককে জনতা ব্যাংকের মতো বড় ও সমস্যাগ্রস্ত প্রতিষ্ঠানের এমডি নিয়োগ দেওয়া হয়েছে।

জবাবে অর্থমন্ত্রী বলেছেন, রাজনৈতিক বিবেচনায় নয়, যোগ্যতার ভিত্তিতে ব্যাংকগুলোর শীর্ষ পদে নিয়োগ দেওয়া হচ্ছে।

হাসনাত আবদুল্লাহ সম্পূরক প্রশ্নে বলেন, আওয়ামী লীগ সরকারের আমলে ব্যাংক খাতে ব্যাপক অনিয়ম হয়েছে। গত বছরের জুনে জনতা ব্যাংকের মোট খেলাপি ঋণের পরিমাণ ছিল ৭৫ হাজার ৩৯৭ কোটি টাকা। এর মধ্যে বেক্সিমকো গ্রুপের ২৩ হাজার কোটি, এস আলমের ১০ হাজার ২০০ কোটি, অ‌্যাননটেক্সের ৭ হাজার ৮০০ কোটি এবং ক্রিসেন্ট গ্রুপের ৩ হাজার ৪০০ কোটি টাকা ঋণ খেলাপি হয়েছে।

হাসনাত আবদুল্লাহ বলেন, আর্থিক প্রতিষ্ঠান বিভাগের নিয়োগ, ব্যাংকের পরিচালনা পর্ষদ ও ব্যবস্থাপনা পরিচালকদের সমন্বয়ে গড়ে ওঠা সিন্ডিকেটের কারণে ব্যাংকগুলো খাদের কিনারায় চলে গেছে বলে অভিযোগ রয়েছে। বিএনপির প্রতিশ্রুতি ছিল ক্ষমতায় এলে আর্থিক প্রতিষ্ঠান বিভাগ বিলুপ্ত করে ব্যাংকিং খাতের নিয়ন্ত্রণ বাংলাদেশ ব্যাংকের কাছে দেওয়া হবে। সরকারের হস্তক্ষেপ থাকবে না। আজকের অর্থমন্ত্রী গত বছরের অক্টোবরে এই প্রতিশ্রুতি দিয়েছিলেন।

সরকারি ব‌্যাংকে নিয়োগের মানদণ্ড কী, তা শুধু সরকার জানবে, নাকি এ বিষয়ে বাংলাদেশ ব্যাংকের প্রজ্ঞাপনের মাধ্যমে স্বচ্ছ প্রক্রিয়া অনুসরণ করা হবে—এ প্রশ্নও তোলেন হাসনাত আবদুল্লাহ।

জবাবে অর্থমন্ত্রী বলেন, বেসরকারি খাত থেকে সরকারি ব্যাংকে নিয়োগে বাধা নেই। নিয়োগ প্যানেল রয়েছে। প্রার্থীদের সাক্ষাৎকার ও জীবনবৃত্তান্ত পর্যালোচনা করে সবচেয়ে যোগ্য ব্যক্তিদের নিয়োগ দেওয়া হচ্ছে। প্রার্থী বেসরকারি খাত থেকে এসেছেন, নাকি সরকারি ব্যাংকে কর্মরত ছিলেন, সেটি বিবেচনায় নেওয়া হয় না। ব্যাংকগুলোকে সংকট থেকে বের করে আনতে যোগ্য ও দক্ষ ব্যক্তিদের দায়িত্ব দেওয়া হচ্ছে। শুধু এমডি নয়, ব্যাংকের পরিচালনা পর্ষদেও প্যানেল থেকে যোগ্য ব্যক্তিদের নির্বাচন করা হচ্ছে। এখন পর্যন্ত কোনো ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানে রাজনৈতিক বিবেচনায় নিয়োগ দেওয়া হয়নি এবং ভবিষ্যতেও হবে না।

অর্থমন্ত্রী আরও বলেন, ব্যাংকিং খাতে গ্রাহকদের আস্থা ফিরছে। অনেকে ব্যাংক থেকে টাকা তুলে নেওয়ার আশঙ্কা করেছিলেন, কিন্তু এখন তার উল্টো চিত্র দেখা যাচ্ছে। ব্যাংকগুলোতে নিট আমানত বাড়ছে এবং ব্যাংকিং খাত ঘুরে দাঁড়াচ্ছে।