Home জাতীয় শহীদদের সব স্মৃতিচিহ্ন এখনো প্রদর্শিত হচ্ছে না জুলাই জাদুঘরে: সংসদ সদস্য সানজিদা

শহীদদের সব স্মৃতিচিহ্ন এখনো প্রদর্শিত হচ্ছে না জুলাই জাদুঘরে: সংসদ সদস্য সানজিদা

0

ঢাকা অফিস।।

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ, গুমের শিকার এবং বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের শিকার ব্যক্তিদের ব্যবহৃত সব স্মৃতিচিহ্ন জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরে যথাযথভাবে সংরক্ষণ ও প্রদর্শন করা হচ্ছে না বলে অভিযোগ করেছেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য সানজিদা ইসলাম তুলি। শহীদদের রক্তমাখা শার্ট, শেষ চিঠি, বই ও স্কুলব্যাগসহ বিভিন্ন স্মৃতিচিহ্ন এখনও প্রদর্শনে না আসায় এগুলোর সংরক্ষণ ও প্রদর্শনের ব্যবস্থা সম্পর্কে জানতে চেয়েছেন তিনি।

মঙ্গলবার (১৭ নভেম্বর) জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের সপ্তম দিনে সম্পূরক প্রশ্নে বিষয়টি তুলে ধরেন সানজিদা ইসলাম। তিনি বলেন, জুলাই গণঅভ্যুত্থানে শহীদ, গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে গুমের শিকার এবং বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের শিকার ব্যক্তিদের ব্যবহৃত বিভিন্ন জিনিসপত্র ও শেষ স্মৃতিচিহ্ন দেশের বিভিন্ন স্থান থেকে সংগ্রহ করে জাদুঘরে সংরক্ষণের জন্য নেওয়া হয়েছিল। এসব স্মৃতিচিহ্নের মধ্যে রয়েছে রক্তমাখা শার্ট, শেষ চিঠি, বই ও স্কুলব্যাগ। তবে সব স্মৃতিচিহ্ন এখনও যথাযথভাবে প্রদর্শন করা হয়নি।

সংসদ সদস্য জানতে চান, যেসব স্মৃতিচিহ্ন এখনও প্রদর্শনে আনা হয়নি, সেগুলো যথাযথভাবে সংরক্ষণ করা হচ্ছে কি না। তিনি বলেন, এসব স্মৃতিচিহ্ন শুধু শহীদ পরিবারের স্মৃতি নয়, বাংলাদেশের জন্যও অত্যন্ত মূল্যবান সম্পদ। তাই এগুলোর যথাযথ সংরক্ষণ ও প্রদর্শনের ব্যবস্থা নেওয়া জরুরি।

জবাবে সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী বলেন, সংসদ সদস্যের প্রশ্নটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। জাদুঘরটির উদ্বোধন হলেও এর কার্যক্রম এখনও চলমান রয়েছে। পর্যায়ক্রমে সব স্মৃতিচিহ্ন প্রদর্শনের ব্যবস্থা করা হবে।

মন্ত্রী বলেন, জুলাই গণঅভ্যুত্থানকে সরকার অন্যতম ঐতিহাসিক গণঅভ্যুত্থান হিসেবে বিবেচনা করে। তাই যথাযথ গুরুত্ব দিয়ে সংশ্লিষ্ট স্মৃতিচিহ্নগুলো জাদুঘরে প্রদর্শন করা হবে। এ সময় প্রদর্শনের বাইরে থাকা স্মৃতিচিহ্নগুলোর একটি লিখিত তালিকা দেওয়ার জন্য সংসদ সদস্যকে অনুরোধ জানান তিনি। তালিকা পেলে সেগুলোও বিবেচনায় নেওয়া হবে বলে জানান সংস্কৃতিমন্ত্রী।