Home জাতীয় সাত দিনে গ্রামীণ ব্যাংকের ২২ শাখায় হামলার অভিযোগ, বাড়ছে উদ্বেগ

সাত দিনে গ্রামীণ ব্যাংকের ২২ শাখায় হামলার অভিযোগ, বাড়ছে উদ্বেগ

0

ঢাকা অফিস।।

গত এক সপ্তাহে দেশের বিভিন্ন অঞ্চলে গ্রামীণ ব্যাংকের ২২টি শাখায় হামলা ও অগ্নিসংযোগের অভিযোগ পাওয়া গেছে। আজ মঙ্গলবার প্রতিষ্ঠানটির পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ অভিযোগ করা হয়েছে।

শেরপুর, কক্সবাজার, মাদারীপুর, দিনাজপুর, নওগাঁ, পটুয়াখালী, নোয়াখালী, চট্টগ্রাম, পাবনা, নীলফামারী, নেত্রকোনা, কিশোরগঞ্জ, গাজীপুর, সিলেট, গোপালগঞ্জ ও রংপুর-সহ দেশের বিভিন্ন অঞ্চলে এই হামলা ও অগ্নিসংযোগের চেষ্টা করা হয় বলে উল্লেখ করা হয়েছে বিজ্ঞপ্তিতে।

এতে বলা হয়েছে, সর্বশেষ ১৬ নভেম্বর দিবাগত রাতে রাজশাহী জোনের জামনগর বাগাতিপাড়া শাখা ও পটুয়াখালী জোনের টিয়াখালী কলাপাড়া শাখায় অগ্নিসংযোগ করে দুর্বৃত্তরা। এ পর্যন্ত আগুন দেওয়া হলো গ্রামীণ ব্যাংকের ২২টি শাখায়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গ্রামীণ ব্যাংক কোনো ব্যক্তি, পরিবার বা গোষ্ঠীর ব্যক্তিমালিকানাধীন প্রতিষ্ঠান নয়।

১৯৮৩ সালে অধ্যাদেশের মাধ্যমে প্রতিষ্ঠিত ব্যাংকটি বর্তমানে গ্রামীণ ব্যাংক আইন, ২০১৩ অনুযায়ী পরিচালিত একটি সংবিধিবদ্ধ ব্যাংক। প্রতিষ্ঠানটির ৯০ শতাংশ মালিকানা ঋণগ্রহীতা সদস্যদের এবং ১০ শতাংশ সরকারের বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সরদার আখতার হামিদের সঙ্গে কথা বলেছে বিবিসি বাংলা। তার ধারণা, গ্রামীণ ব্যাংকের সঙ্গে ড. মুহাম্মদ ইউনূসের নাম যুক্ত থাকায় একটি বিশেষ রাজনৈতিক দলের সমর্থকরা এসব ঘটনা ঘটাতে পারে।

তিনি বলছেন, ‘গ্রামীণ ব্যাংকের মালিকানা ড. মুহাম্মদ ইউনূসের- গ্রামীণ ব্যাংকে হামলা হলে ড. মুহাম্মদ ইউনূসের ওপর হামলা হয়, এই একটা পারসেপশন আমরা বিভিন্ন জায়গায় দেখতে পাচ্ছে। যা সম্পূর্ণ ভুল।’