ঢাকা অফিস।।
জুলাই গণঅভ্যুত্থানের সময় রাজধানীর ধানমন্ডি এলাকায় কিশোর আবদুল মোতালেব হত্যা মামলায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) সাবেক মেয়র সাঈদ খোকনকে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমাণ্ডে পাঠিয়েছেন আদালত। তদন্ত কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে মঙ্গলবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহেদী হাসানের আদালত এ আদেশ দেন।
এর আগে মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের রমনা জোনাল টিমের ইন্সপেক্টর সুজন হক আসামিকে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। শুনানিতে রাষ্ট্রপক্ষে ঢাকা মহানগর পিপি ওমর ফারুক ফারুকী রিমান্ডের পক্ষে যুক্তি তুলে ধরেন। অন্যদিকে, সাঈদ খোকনের পক্ষে জ্যেষ্ঠ আইনজীবী আবু সাঈদ সাগর রিমান্ড বাতিল করে জামিন আবেদন করেন।
রাজধানীর বারিধারার একটি বাসা থেকে মঙ্গলবার সকাল ৭টার দিকে সাঈদ খোকনকে আটক করে ডিবির কাছে সোপর্দ করে এসআরবি।
রিমান্ড আবেদনে দাবি করা হয়, আসামিকে গ্রেপ্তারের পর জিজ্ঞাসাবাদে মামলার ঘটনার সঙ্গে জড়িত থাকার সত্যতা পাওয়া যায়। বৈষম্যবিরোধী আন্দোলনে সাধারণ ছাত্র-জনতার দাবির বিরুদ্ধে তিনি কঠোর পদক্ষেপ গ্রহণ করেছেন বলে তদন্তকালে প্রকাশ পায়। তার হুকুমে ও পূর্বপরিকল্পনা অনুযায়ী ছাত্রলীগ, যুবলীগসহ আওয়ামী লীগের অন্যান্য সংগঠনের নেতাকর্মীরা বৈষম্যবিরোধী আন্দোলনকে বানচাল করার জন্য নির্বিচারে সাধারণ ছাত্র-জনতার উপর হামলা চালায়। সাঈদ খোকন আন্দোলন দমনের জন্য অর্থ এবং অস্ত্রের জোগানদাতা হিসেবে ভূমিকা পালন করেছেন।
তার হুকুমেই ধানমন্ডিসহ আশেপাশের এলাকায় ছাত্রলীগ, যুবলীগসহ আওয়ামী লীগ ব্যাপক হামলা এবং ধ্বংসযজ্ঞ চালায়। ধানমন্ডিসহ আশেপাশের এলাকাকে রণক্ষেত্রে পরিণত করেছিল। সরকারের পতনের পরেও সাঈদ খোকন ঢাকা শহরের বিভিন্ন জায়গায় আত্মগোপনে থেকে ঢাকা শহরের বিভিন্ন জায়গায় আওয়ামী লীগের ঝটিকা মিছিল পরিচালনা করেছেন। তার সঙ্গে এখনো আওয়ামী লীগের পলাতক শীর্ষ নেতাকর্মীদের যোগাযোগ থাকার সত্যতা পাওয়া যাচ্ছে। এ আসামি দেশে অস্থিতিশীল পরিবেশ তৈরির জন্য ব্যাপক পরিকল্পনা করছে বলে তথ্য পাওয়া যায়।
মামলার বিবরণে বলা হয়, জুলাই আন্দোলনের সময় ২০২৪ সালের ৪ আগস্ট জিগাতলা বাস স্ট্যান্ড এলাকায় মিছিলে থাকা মোতালেব গুলিবিদ্ধ হয়ে মারা যায়। আওয়ামী লীগ সরকারের পতনের পর ২০২৪ সালের ২৬ আগস্ট মোতালেবের বাবা আব্দুল মতিন ধানমন্ডি থানায় ওই হত্যা মামলা করেন।
মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরসহ ১৭৬ জনকে আসামি করা হয়। আসামিদের মধ্যে সাঈদ খোকনেরও নাম রয়েছে।











































