Home Lead নাশকতা-নৈরাজ্য রুখতে রাজপথে থাকার ঘোষণা খুলনা মহানগর বিএনপির

নাশকতা-নৈরাজ্য রুখতে রাজপথে থাকার ঘোষণা খুলনা মহানগর বিএনপির

8

আজ নগরীতে বিক্ষোভ সমাবেশ ও মিছিল, ৩১ ওয়ার্ড ও তিন ইউনিয়নে প্রতিবাদ কর্মসূচি; মহল্লায় শৃঙ্খলা টিম, সার্বক্ষণিক নজরদারিতে ৫ সদস্যের মনিটরিং সেল

খবর বিজ্ঞপ্তি।।


খুলনাসহ দেশব্যাপী নাশকতা, অগ্নিসংযোগ ও জনমনে আতঙ্ক সৃষ্টির অপচেষ্টা রুখতে কঠোর অবস্থান নিয়েছে খুলনা মহানগর বিএনপি। সাধারণ মানুষের জানমাল, ব্যবসাপ্রতিষ্ঠান, সরকারি-বেসরকারি স্থাপনা এবং রাষ্ট্রীয় সম্পদের নিরাপত্তা নিশ্চিত করতে নেতাকর্মীদের রাজপথে সতর্ক ও সক্রিয় থাকার নির্দেশ দিয়েছে দলটি। যেকোনো ধরনের সহিংসতা, নাশকতা ও নৈরাজ্যের বিরুদ্ধে আপসহীন অবস্থান নেওয়ার ঘোষণা দিয়েছেন মহানগর বিএনপির নেতারা।


মঙ্গলবার (১৭ নভেম্বর) বিকেল ৪টায় নগরীর ৬ নম্বর কেডি ঘোষ রোডস্থ দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত মহানগর বিএনপির সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন মহানগর বিএনপির সভাপতি ও কেডিএ চেয়ারম্যান অ্যাড. শফিকুল আলম মনা। সভা পরিচালনা করেন মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ও বিসিবি পরিচালক শফিকুল আলম তুহিন। সভায় নেতৃবৃন্দ বলেন, রাজনৈতিক কর্মসূচির নামে কিংবা কোনো গোষ্ঠীর স্বার্থে সাধারণ মানুষের জীবন-জীবিকা বিপন্ন করা, যানবাহনে আগুন দেওয়া, ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা, সরকারি-বেসরকারি স্থাপনায় অগ্নিসংযোগ ও রাষ্ট্রীয় সম্পদ ধ্বংসের অপচেষ্টা কোনোভাবেই মেনে নেওয়া হবে না। যারা পরিকল্পিতভাবে দেশে অস্থিতিশীলতা সৃষ্টি করতে চায়, তাদের অপতৎপরতা প্রতিহত করতে সবাইকে দায়িত্বশীল ও সতর্ক থাকতে হবে।

সভায় আরও বলা হয়, জনগণের নিরাপত্তা ও শান্তিপূর্ণ পরিবেশ রক্ষার্থে কোন রাজনৈতিক দল, ব্যক্তি বা গোষ্ঠী নাশকতার চেষ্টা করলে তা ঐক্যবদ্ধভাবে প্রতিহত করতে হবে এবং দুস্কৃতকারীদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে সোপর্দ করতে হবে। সভায় সর্বসম্মতিক্রমে আজ বুধবার (১৮ নভেম্বর) বিকেল ৩টায় দলীয় কার্যালয়ের সামনে ‘জ্বালাও-পোড়াও ও নৈরাজ্যের’ প্রতিবাদে সমাবেশের সিদ্ধান্ত নেওয়া হয়। সমাবেশ শেষে নগরীতে বিক্ষোভ মিছিল বের করা হবে। এছাড়া সন্ধ্যায় খুলনা মহানগরীর ৩১টি ওয়ার্ড ও তিনটি ইউনিয়নে প্রতিবাদ মিছিল করবেন দলীয় নেতাকর্মীরা।

এ ছাড়া বৃহস্পতিবার (১৯ নভেম্বর) নগরীর প্রতিটি ওয়ার্ড, ইউনিয়ন ও গুরুত্বপূর্ণ মোড়ে অবস্থান কর্মসূচি পালন করবে বিএনপি নেতাকর্মীরা। নগরীর পাড়া-মহল্লায় শৃঙ্খলা টিম গঠনেরও সিদ্ধান্ত হয়েছে। এসব টিমের কাজ হবে এলাকায় শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে সতর্ক থাকা, কোনো অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টি হলে দ্রুত দলীয় নেতৃত্ব ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করা এবং জননিরাপত্তা বিঘ্নিত হয় এমন কর্মকাণ্ড প্রতিরোধে সচেতন ভূমিকা রাখা। পরিস্থিতি পর্যবেক্ষণে মহানগর বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিনকে আহ্বায়ক করে পাঁচ সদস্যের একটি মনিটরিং সেল গঠন করা হয়েছে। সিদ্ধান্ত অনুযায়ী, প্রতিদিন সকাল ১০টা থেকে এই সেল মহানগরীর সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করবে এবং প্রয়োজনীয় সাংগঠনিক নির্দেশনা দেবে।
সভায় নেতৃবৃন্দের পক্ষ থেকে কঠোর বার্তা দিয়ে বলা হয়, জনগণের জানমাল নিয়ে কাউকে ছিনিমিনি খেলতে দেওয়া হবে না। আগুন, বোমা, হামলা কিংবা ভয়ভীতি দেখিয়ে খুলনার মানুষকে জিম্মি করার চেষ্টা করলে তা প্রতিহত করা হবে।

তবে আমাদের নেতাকর্মীদেরও মনে রাখতে হবে-শান্তি রক্ষার নামে কোনো ধরনের আইন নিজের হাতে তুলে নেওয়া যাবে না। জনগণের পাশে থেকে, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহযোগিতা করে এবং সম্পূর্ণ শান্তিপূর্ণ ও শৃঙ্খলাপূর্ণ কর্মসূচির মধ্য দিয়েই নাশকতা ও নৈরাজ্যের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে। নেতৃবৃন্দ আরও বলেন, খুলনার মানুষ শান্তি চায়, নিরাপত্তা চায়, স্বাভাবিক জীবনযাপন করতে চায়। রাজনৈতিক প্রতিহিংসা কিংবা ক্ষমতার দ্বন্দ্বে সাধারণ মানুষের জীবন-জীবিকা ক্ষতিগ্রস্ত হতে দেওয়া যাবে না। নগরীর প্রতিটি এলাকায় নেতাকর্মীদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

কোনো উসকানিতে পা না দিয়ে ঐক্যবদ্ধভাবে পরিস্থিতি মোকাবিলা করতে হবে। সভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক শেখ সাদী, মো. মাসুদ পারভেজ বাবু, চৌধুরী হাসানুর রশিদ মিরাজ, হাফিজুর রহমান মনি, কাজী মিজানুর রহমান, মোল্লা ফরিদ আহমেদ, আসাদুজ্জামান আসাদ, হাবিবুর রহমান বিশ্বাস, শেখ ইমাম হোসেন, আবু সাঈদ হাওলাদার আব্বাস, সৈয়দা নার্গিস আলী, জামাল হোসেন তালুকদার, কাজী মাহমুদ আলী, বীর মুক্তিযোদ্ধা আলমগীর হোসেন, মিজানুর রহমান মিলটন, মোঃ তাজিম বিশ্বাস, কে এম এ জলিল, মো. শফিকুল ইসলাম শফি, সৈয়দ আনোয়ার হোসেন, খান হাবিবুর রহমান বিপ্লব, মো. আলমগীর হোসেন তালুকদার, শেখ আবু সাইদ, জাকির ইকবাল বাপ্প , মতলেবুর রহমান মিতুল, মো. নাসির উদ্দিন প্রমূখ।