Home খেলাধুলা আইপিএলে আর দেখা যাবে না ধোনিকে, শেষ হলো বর্ণাঢ্য অধ্যায়

আইপিএলে আর দেখা যাবে না ধোনিকে, শেষ হলো বর্ণাঢ্য অধ্যায়

0

স্পোর্টস ডেস্ক।।

বয়সকে বুড়ো আঙুল দেখিয়ে প্রতি আসরেই মাঠে নামছিলেন, আর প্রতিবারই উঠত তার বিদায়ের গুঞ্জন। সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে ৪৫ বছর বয়সে এসে ১৯ বছরের বর্ণাঢ্য আইপিএল ক্যারিয়ারের ইতি টানলেন মহেন্দ্র সিং ধোনি।

তবে খেলোয়াড় হিসেবে বিদায় নিলেও চেন্নাই সুপার কিংসের (সিএসকে) ডাগআউট ছাড়ছেন না ভারতের সাবেক এই অধিনায়ক। ২০২৭ আসরে ফ্র্যাঞ্চাইজিটির ‘মেন্টর’ হিসেবে নতুন ভূমিকায় দেখা যাবে তাকে। মঙ্গলবার (১৭ নভেম্বর) এক বিবৃতিতে এই ঘোষণা দেয় চেন্নাই সুপার কিংস।

সিএসকে মালিক এন শ্রীনিবাসন বলেন, ‘ধোনিকে ছাড়া চেন্নাইকে কল্পনা করা যায় না। প্রায় দুই দশক ধরে জয়-পরাজয়ের মধ্য দিয়ে আমরা পাশাপাশি হেঁটেছি। ২০০৮ সালে আমি জোর দিয়ে বলেছিলাম ধোনিকে চেন্নাইয়ের অংশ হতেই হবে। এটিই আমার নেওয়া সেরা সিদ্ধান্ত হিসেবে প্রমাণিত হয়েছে। ধোনি সবসময় আমাদের পরিচয়ের অংশ এবং এটিই তার ঘর হয়ে থাকবে।’

টানা তিন আসরে প্লে-অফে উঠতে ব্যর্থ হওয়ার পর ২০২৭ আইপিএল সামনে রেখে কোচিং স্টাফে বড় পরিবর্তন এনেছে চেন্নাই। নতুন এই প্যানেলে প্রধান কোচ জহির খানের সঙ্গে মেন্টর হিসেবে কাজ করবেন ধোনি। এ ছাড়া সহকারী কোচ হিসেবে অ্যালবি মরকেল, গ্যারেথ ব্যাটি ও শ্রীধরন শ্রীরাম, বোলিং কোচ মোহিত শর্মা এবং ফিল্ডিং কোচ হিসেবে দায়িত্ব পেয়েছেন জেমস ফস্টার।

২০০৮ সালে আইপিএলের উদ্বোধনী আসরে চেন্নাইয়ে যোগ দিয়ে টুর্নামেন্টের ইতিহাসের অন্যতম সফল অধ্যায় রচনা করেন ধোনি। তার নেতৃত্বে ২০১০, ২০১১, ২০১৮, ২০২১ ও ২০২৩ সালে মোট পাঁচবার আইপিএল শিরোপা এবং দুটি চ্যাম্পিয়ন্স লিগ জেতে চেন্নাই। টুর্নামেন্টের প্রথম ১৯ আসরের মধ্যে ১৭টিতেই হলুদ জার্সিতে খেলেছেন তিনি।

চেন্নাই দুই মৌসুম নিষিদ্ধ থাকাকালে ২০১৬ ও ২০১৭ সালে খেলেছিলেন রাইজিং পুনে সুপারজায়ান্টের হয়ে। ৩৮.৩০ গড় এবং ১৩৭.৪৫ স্ট্রাইক রেটে ৫ হাজার ৪৩৯ রান নিয়ে আইপিএলকে বিদায় জানালেন এই কিংবদন্তি উইকেটকিপার-ব্যাটার।