Home আঞ্চলিক বিয়ের দাওয়াত দিতে গিয়ে জামাইয়ের হাতে প্রাণ গেল শ্বশুরের

বিয়ের দাওয়াত দিতে গিয়ে জামাইয়ের হাতে প্রাণ গেল শ্বশুরের

0

যশোর অফিস।।

ছোট মেয়ের বিয়ের জন্য বাড়িতে সাজসাজ রব। হাতে মেহেদি রং আর হলদে শাড়িতে সেজে আছে কন্যা। আজ (১৭ নভেম্বর) বিকেল বা সন্ধ্যায় বিয়ে হওয়ার কথা ছিল। তাই ছোট মেয়ের বিয়ের দাওয়াত দেওয়ার জন্য এ দিন সকালে বড় জামাইয়ের বাড়িতে যান মতলেব হোসেন। কিন্তু দাওয়াত নিয়ে জামাইয়ের সঙ্গে কথা-কাটাকাটি হয়। এতেই ক্ষিপ্ত হয়ে জামাইয়ের লাঠির আঘাতে শ্বশুর মতলেব হোসেন (৬৫) নিহত হয়েছেন।

মঙ্গলবার (১৭ নভেম্বার) সকালে যশোরের চৌগাছার নারায়ণপুর গ্রামে এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে সন্ধ্যায় মারা যান তিনি।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার নারায়ণপুর গ্রামের মৃত আনছার আলীর ছেলে আনার উদ্দীন পার্শ্ববর্তী ইলেশমারি গ্রামে মতলেব হোসেনের মেয়েকে বিয়ে করেন। আজ সকালে ছোট মেয়ের বিয়ের দাওয়াত দেওয়ার জন্য শ্বশুর মতলেব হোসেন নারায়ণপুর গ্রামে জামাইয়ের বাড়িতে যান।

কিন্তু বিয়ের দিনই ছোট শালির দাওয়াত দিতে আসার কারণে ঝগড়া হয়। কথা-কাটাকাটির একপর্যায়ে জামাই আনার উদ্দীন পেয়ারা গাছের ডাল দিয়ে শ্বশুরকে বেধড়ক মারধর করেন। একপর্যায়ে মাথায় আঘাত লাগলে শ্বশুর মাটিয়ে লুটিয়ে পড়েন। এ অবস্থায় পরিবারের লোকজন দ্রুত তাকে চৌগাছা হাসপাতালে নিয়ে যান। কিন্তু অবস্থার অবনতি হওয়ায় চিকিৎসক তাকে যশোর জেনারেল হাসপাতালে রেফার করেন।

কিন্তু সেখানেও অবস্থার উন্নতি না হওয়ায় ঢাকায় রেফার করা হয়। ঢাকায় আনার পথে সন্ধ্যায় মতলেব হোসেন মৃত্যুর কোলে ঢলে পড়েন।
নারায়ণপুর গ্রামের মেম্বার ওহিদুল ইসলাম ভোদড় বলেন, আমি শুনলাম ছোট মেয়ের বিয়ের দাওয়াত দেওয়ার জন্য মতলেব হোসেন আনার উদ্দীনের বাড়িতে এসেছিল। দাওয়াত দেওয়া নিয়ে শ্বশুরের সঙ্গে ঝগড়া হয়। রাগান্বিত হয়ে পেয়ারা গাছের ডাল দিয়ে শ্বশুরকে মারধর করেন জামাই। আর এতে মতলেব হোসেনের মৃত্যু হয়েছে।

চৌগাছা থানার ওসি (তদন্ত) মো. নূরুল আমিন শিকদার বলেন, জামাইয়ের মারধরে শ্বশুর আহত হন। পরবর্তীতে তিনি মৃত্যুবরণ করেন। মামলার প্রস্তুতি চলছে। ঘটনার সঙ্গে জড়িত জামাইকে গ্রেপ্তারের চেষ্টা অব্যহত আছে।