Home আন্তর্জাতিক রাশিয়ার গুরুত্বপূর্ণ ক্রিমিয়া সেতুতে ইউক্রেনের হামলা

রাশিয়ার গুরুত্বপূর্ণ ক্রিমিয়া সেতুতে ইউক্রেনের হামলা

0

আন্তর্জাতিক ডেস্ক।।

চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠকে বসার ঠিক দুই দিন আগে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে বড় ধরনের সামরিক ও প্রতীকী ধাক্কা দিয়েছে ইউক্রেন। মঙ্গলবার (১৭ নভেম্বর) ইউক্রেনীয় ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় রাশিয়া ও দখলকৃত ক্রিমিয়ার সংযোগকারী কের্চ সেতুর মূল সড়ক অংশটি পুরোপুরি ধ্বংস হয়ে গেছে।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির এক্স হ্যান্ডেলে পোস্ট করা ভিডিও এবং রয়টার্সের যাচাই করা ছবিতে দেখা গেছে, সেতুর প্রধান সড়ক খিলানটি ভেঙে সাগরে পড়ে যাওয়ায় সেখানে বিশাল এক ফাঁকা জায়গার সৃষ্টি হয়েছে। এই হামলার পর জেলেনস্কি জানান, রাশিয়া প্রতিনিয়ত ইউক্রেনের বিভিন্ন সেতু ও অবকাঠামোতে হামলা চালিয়ে যাচ্ছে, তাই কিয়েভ তাদের স্মরণ করিয়ে দিচ্ছে যে যুদ্ধ যেখান থেকে শুরু হয়েছিল, তা সেখানেই ফিরে আসবে। রাশিয়ার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এবং রাডারগুলো পরিকল্পিতভাবে ধ্বংস করার পরই এই বড় অভিযান চালানো হয়।

২০১৪ সালে ইউক্রেনের কাছ থেকে ক্রিমিয়া দখল করার পর ২০১৮ সালে পুতিন জাঁকজমকপূর্ণভাবে ১৯ কিলোমিটার দীর্ঘ এই সেতুটি চালু করেছিলেন, যা রুশ কর্তৃত্বের একটি বড় প্রতীক। আগামী বৃহস্পতিবার চীনের শেনজেনে ট্রাম্প ও শি জিনপিংয়ের সঙ্গে পুতিনের আসন্ন বৈঠকের ঠিক আগে এই হামলা ক্রেমলিনের জন্য বেশ অস্বস্তিকর পরিস্থিতির তৈরি করেছে।

ক্রিমিয়ার রুশ-নিযুক্ত গভর্নর জানিয়েছেন, এই হামলায় দুজন মারা গেছেন এবং সেতুর সড়ক যোগাযোগ পুরোপুরি বন্ধ রয়েছে। তবে কিছুক্ষণ বন্ধ থাকার পর রেল চলাচল আবার চালু করা হয়েছে। ক্রেমলিনের পক্ষ থেকে বলা হয়েছে, সেতুটি মেরামত করে আগের চেয়েও ভালো করা হবে। তবে সামরিক বিশ্লেষকদের মতে, ইউক্রেনের ক্রমাগত হামলার মুখে এই মুহূর্তে সেতুটি মেরামত করা খুবই কঠিন হবে। এছাড়া ভেঙে যাওয়া সেতুর অংশবিশেষ পড়ে থাকায় আজভ সাগর দিয়ে জাহাজ চলাচল এবং শস্য রপ্তানি দীর্ঘ সময়ের জন্য আটকে যেতে পারে।

সোমবার (১৬ নভেম্বর) রাত থেকে শুরু হওয়া এই হামলাটি ছিল ইউক্রেনের ইতিহাসের অন্যতম বড় ড্রোন অভিযান। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, তারা বিভিন্ন অঞ্চলে রেকর্ডসংখ্যক ১ হাজার ৪৪১টি ইউক্রেনীয় ড্রোন ভূপাতিত করেছে। এর পাশাপাশি, ইউক্রেন রাশিয়ার সালাভাত শহরের একটি তেল শোধনাগারেও সফল হামলা চালিয়েছে।

এই হামলার জবাবে রাশিয়াও রাতে ইউক্রেনের রাজধানী কিয়েভসহ বিভিন্ন শহরে তীব্র আক্রমণ চালিয়েছে। কিয়েভের মেয়রের তথ্য অনুযায়ী, রুশ হামলায় শহরের উত্তর ও দক্ষিণ সেতু ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি মেট্রো চলাচলেও বাধা সৃষ্টি হয়েছে। এছাড়া জ্বালানি খাতে হামলা হওয়ায় ইউক্রেনের আটটি অঞ্চলে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে। গত সপ্তাহে আবুধাবিতে শান্তি আলোচনা শুরু হলেও এবং উভয়পক্ষ বন্দী বিনিময়ে সম্মত হলেও যুদ্ধক্ষেত্রের এই ভয়াবহতা বিন্দুমাত্র কমেনি।

————————————————————————————————————————————–

সূত্র: রয়টার্স