Home Uncategorized বিদেশি বিনিয়োগ বাড়তেই সাত মাসের মধ্যে সর্বোচ্চ উচ্চতায় ভারতীয় রুপি

বিদেশি বিনিয়োগ বাড়তেই সাত মাসের মধ্যে সর্বোচ্চ উচ্চতায় ভারতীয় রুপি

0

আন্তর্জাতিক ডেস্ক।।

বিদেশি বিনিয়োগকারীদের বিপুল বিনিয়োগের কারণে সাত মাসের মধ্যে সবচেয়ে শক্তিশালী অবস্থানে পৌঁছেছে ভারতীয় রুপি। একই সঙ্গে রুপির দর কমবে—এমন ধারণা থেকে বিনিয়োগকারীরা তাদের আগের বাজি তুলে নেওয়ায় মুদ্রাটির মান বেড়েছে।

মঙ্গলবার লেনদেনের একপর্যায়ে প্রতি ডলারের বিপরীতে রুপির দাম বেড়ে ৯৩ দশমিক ৪০-এ পৌঁছায়। দিনশেষে তা ৯৩ দশমিক ৪৭-এ দাঁড়ায়, যা আগের দিনের তুলনায় ০ দশমিক ৫ শতাংশ বেশি।এশিয়ার অন্যান্য দেশের তুলনায় ভারতের শেয়ারবাজার ভালো করেছে। মঙ্গলবার ভারতের প্রধান শেয়ারবাজার সূচক ‘নিফটি ৫০’ বেড়েছে ০ দশমিক ৪ শতাংশ।

অন্যদিকে, চীনের কাছে উন্নত প্রযুক্তির এআই চিপ বিক্রি ঠেকাতে যুক্তরাষ্ট্রের কঠোর পদক্ষেপের কারণে প্রযুক্তি কম্পানিগুলোর শেয়ারের দাম কমেছে। এতে এশিয়ার অন্যান্য শেয়ারবাজারে দরপতন হয়েছে। এমএসসিআইয়ের এশীয় শেয়ার সূচক কমেছে ১ দশমিক ৫ শতাংশ। ইউরোপের শেয়ারবাজারেও নিম্নমুখী প্রবণতা দেখা গেছে।

নভেম্বর মাসে বিদেশি বিনিয়োগকারীরা ভারতের শেয়ারবাজারে রেকর্ড ১০ বিলিয়ন ডলার বিনিয়োগ করেছেন। এই বিপুল বিনিয়োগ রুপির দাম বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।

তিনজন মুদ্রা ব্যবসায়ীর তথ্য অনুযায়ী, মঙ্গলবার (১৭ নভেম্বর) ডলার-রুপির নন-ডেলিভারেবল ফরোয়ার্ড (এনডিএফ) বাজারে বড় অঙ্কের লেনদেন হয়েছে। ধারণা করা হচ্ছে, রুপির দর কমবে বলে যারা বাজি ধরেছিলেন, তারা তাদের অবস্থান থেকে সরে এসেছেন। এর ফলে এনডিএফ বাজারে রুপির দাম অভ্যন্তরীণ ফরোয়ার্ড বাজারের তুলনায় কিছুটা বেশি হয়েছে।

সিঙ্গাপুরভিত্তিক একটি হেজ ফান্ডের এক ব্যবসায়ী জানিয়েছেন, রুপি নিয়ে বিনিয়োগকারীদের বর্তমান দৃষ্টিভঙ্গি মোটামুটি নিরপেক্ষ। তবে এআই খাতের শেয়ারে দরপতন অব্যাহত থাকে কি না এবং আন্তর্জাতিক বাজারে তেলের দাম প্রতি ব্যারেল ১০০ ডলারের নিচে থাকে কি না, তার ওপর রুপির ভবিষ্যৎ অবস্থান নির্ভর করবে।

এদিকে আন্তর্জাতিক মুদ্রাবাজারে ডলারের অবস্থান শক্তিশালী রয়েছে। গত সপ্তাহে যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতির উচ্চ হার প্রকাশ এবং দেশটির কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভের কঠোর মুদ্রানীতির ইঙ্গিতের পর ডলার সূচক ১৯ মাসের সর্বোচ্চ অবস্থানের কাছাকাছি রয়েছে। এখন বিনিয়োগকারীদের নজর চিপ নির্মাতা প্রতিষ্ঠান এনভিডিয়ার আয়ের প্রতিবেদনের দিকে। এই প্রতিবেদন এআই খাতে বিনিয়োগের ভবিষ্যৎ গতিপথ নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

আর্থিক প্রতিষ্ঠান আইএনজি এক প্রতিবেদনে জানিয়েছে, প্রযুক্তি ও এআই খাতের শেয়ারে দরপতন অব্যাহত থাকলে ডলারের দাম দীর্ঘ সময় ধরে বাড়তে নাও পারে। কারণ, এতে ফেডারেল রিজার্ভের মুদ্রানীতি শিথিল করার সম্ভাবনা তৈরি হতে পারে।